রাজীব: আলোর পথযাত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজীব হায়দারের চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসতে থাকে। আলোর রেখা ক্রমেই দূরে, আরও দূরে চলে যাচ্ছে। শাহবাগের প্রজন্ম চত্বরে মিশে যাচ্ছে আলোর রেখা। রাজীব জানে, আলোর মশাল একা বহন করা যায় না। কিছুদূর একজন, আরও এগিয়ে আরেকজন। তারপর আরও আরও আরও। মিরপুরের পলাশনগরের সরু গলিতে নিজেদের বাড়ির দেয়াল ঘেঁষে নিশ্চুপ পড়ে থাকে রাজীবের শরীরটা। শত মানুষের কণ্ঠে ধ্বনিত হচ্ছে ‘জয় বাংলা’। শাহবাগ এখন সারা বাংলায়। রাজীবের বাবা এবং আরও শত কণ্ঠ জয় বাংলার ধ্বনি কাপাসিয়ায়। জয় বাংলা বাতাসে ভেসে আসে, এ যেন রাজীবের শরীরে বাবার শেষ স্পর্শ।১৬ ফেব্রুয়ারি শনিবার সকালে কাপাসিয়ার পথে রওনা হয়েছি। সকাল থেকে সন্ধ্যা—শত শত শিশুর সঙ্গে কাটবে দিন। ছুটতে হবে এক স্কুল থেকে অন্য স্কুলে, মাদ্রাসায়—কোথাও ক্রীড়ানৈপুণ্য, কোথাও গান অথবা গল্প বলা, যেমন খুশি তেমন সাজো। আরও কত কী! সব শিশুর মুখ এক একটি ফুল হয়ে ভাসতে থাকে সামনে।খবরের কাগজে নজর পড়ে। চমকে উঠি। গাড়ির পথ ঘুরে যায় ঢাকার মিরপুরের পলাশনগরের দিকে। সরু গলি। সকালবেলায় তখনো গলির ডানে-বাঁয়ে রাখা কিছু রিকশা এবং তিন চাকার সাইকেল ভ্যানের তালা খোলা হয়নি। ঠিকানা খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম বাড়ি। সামনে উৎসুক মানুষের আনাগোনা। ছোট্ট লোহার গেট। ভেতরে পা বাড়ানোর আগেই দেয়াল ঘেঁষে ৮ থেকে ১০ হাত বাঁ পাশে পাটের রশি আর ইট দিয়ে ঘিরে রাখা জমাটবাঁধা রক্ত। খানিকটা রক্ত তখনো একটু যেন ভেজা ভেজা।মনটাকে শক্ত করে টেনে ধরি। আমার সান্ত্বনার ভাষা শাহবাগের প্রজন্ম চত্বরের হাজার কণ্ঠ। বাবা-মায়ের ভেতরে ভয়ংকর যন্ত্রণা। কেমন যেন একটা ঘোর। বিশ্বাস করবে কী করে যে, ছেলে নেই?কম্পিউটারের পাশে দু-চারটি কাগজ ছড়ানো। একটি কাগজে রাজীবের হাতের লেখা। একনিঃশ্বাসে পড়ে ফেলি, জোরে জোরে। লিখে নিতে চাই। একটি মেয়ে লিখে দেয়।আহমেদ রাজীব হায়দার লিখে রেখেছে—শাহবাগে রাত ভোর/ স্মৃতিতে একাত্তরনব ইতিহাসে সাথী রইল/ প্রজন্ম চত্বরস্লোগানে স্লোগানে কাঁপে/ লাখো নবীনের বুকছেলেমেয়েদের মুখই আমার/ বাংলাদেশের মুখ।হাত ধরে ছেলে মেয়ে/ মুক্তির গান গেয়েজেগে আজ প্রহরীর মতন/ আসল বিচার চেয়ে।শহীদজননী দেখছেন/ জাগরণের প্রস্তুতি।সুফিয়া কামাল কাছেই আছেন, বিদ্রোহী নাতি-পুতি।স্বজনের কান্নায় ঘরের ভেতরের বাতাস ভারী হয়ে ওঠে। রাজীবের শরীর তখন ময়নাতদন্তের অপেক্ষায়। শাহবাগ উত্তাল। প্রাণহীন রাজীব প্রেরণার উচ্চারণ। পলাশনগরের এই গলি ১৫ তারিখ শুক্রবার রাতে বেশ নিরিবিলি। অন্যদিনের মতো লোকসমাগম নেই। মিরপুর স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের সেমিফাইনাল খেলা চলছে। শেষ মুহূর্তের খেলা। সাড়ে আটটা থেকে নয়টা।রাজীবের খালার বাসা ওদের বাসা থেকে দুই মিনিটের হাঁটাপথ। মামার বাসা তিন কি চার মিনিট লাগে যেতে। কেউ একজন রাজীবের খালাকে জানায়, রাজীবদের বাসার সামনে একটি লাশ পড়ে আছে। মামা খবর পেয়ে ছুটে আসেন। চেনা যায় না। চিনতে পারেন না তিনি। রক্তে ভেজা মুখ। আঘাতে ক্ষতবিক্ষত। পাশেই পড়ে আছে রক্তমাখা চাপাতি। ল্যাপটপে কাজ করতে করতে মামাকে রাজীব দুপুরে বলেছিল, বিকেলের দিকে সে শাহবাগে যাবে।মামা মুঠোফোনে রাজীবের নম্বরটি চাপেন। মাটিতে পড়ে থাকা মৃত মানুষটির প্যান্টের পকেটে ফোন বেজে ওঠে। মামা মাটিতে নুয়ে পড়েন। দেখেন, রাজীবের ল্যাপটপটি তার পাশেই পড়ে আছে। মামা থামলেন।রাজীবের মামা এবং আমি ১৬ ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছে দেখি, ময়নাতদন্ত করা সম্ভব হয়নি পুলিশের দেওয়া অসম্পূর্ণ কাগজের কারণে। তাই তদন্তকারী অফিসারের জন্য অপেক্ষা করতে হচ্ছে। আমরাও অপেক্ষা করতে থাকি।মর্গের বাইরে না থেকে ফরেনসিক বিভাগের ডাক্তার সাহেবের রুমে বসি। তরুণ ডাক্তার নিবিষ্ট মনে তাঁর ফাইলপত্রে কাজ করে চলেছেন। ফাঁকে ফাঁকে কথা বলছি আমরা। এরই মাঝে অফিস সহকারী এসে ডাক্তার সাহেবের সামনে একটি কাগজ রাখলেন। ডাক্তার সাহেব কাগজটি পড়ে বললেন, শুধু পরীক্ষা লিখলে হবে না, ডাক্তারি পরীক্ষা লিখতে হবে। আমি জানতে চাইলাম, কী হয়েছে? ডাক্তার সাহেব বললেন, ধর্ষণ। এর পরের কথা শুনে আমার পৃথিবীটা অন্ধকার হয়ে যায়। অপমানে, ক্রোধে, তীব্র যন্ত্রণায় নিজেকে মানুষ ভাবতে পারি না। যে শিশু এখনো ছাড়েনি মায়ের কোলের আশ্রয়, প্রজাপতির মতো উড়ে বেড়ানোতে যার আনন্দ, সবেমাত্র দুই পেরিয়ে তিন বছরে পা দিল যে শিশু, সে মানুষরূপী হায়েনার হিংস্র থাবার শিকার। মায়ের কোলে শিশুটির দিকে তাকাতে খুব কষ্ট হয়। মনে মনে ক্ষমা চাই। সবার পক্ষ থেকে।বেলা দুইটা বাজে মর্গের ভেতরে ঢুকব রাজীবকে দেখতে। ভেতরে পা দিতেই ফরমালিনের উৎকট তীব্র গন্ধ স্মরণ করিয়ে দেয় সন্ত্রাসীদের হামলায় নিহত কাপাসিয়ার জালালের মৃতদেহ আনতে গিয়েছিলাম আমি। ডাক্তার সাহেব হাতে গ্লাভস পরে নিলেন। আমরা রাজীবকে দেখলাম। কী ভয়ংকর দৃশ্য! নৃশংসভাবে হত্যা! মানুষই বোধ হয় পারে! যার ভেতরে মনুষ্যত্ব নেই।এবার আর আমি নিজেকে মানুষ ভাবতে পারি না। নিজেকে মনে হয় ‘পোকা-মাকড়’। প্রায় এক যুগ আগে দেখা ফ্রানৎস কাফকার রচনা থেকে তৈরি নাটক মেটামরফসিস-এর কথা মনে হতে থাকে।এই সময় পুলিশের তদন্তকারী অফিসার আসেন। অসম্পূর্ণ কাগজ ঠিক করে শুরু হয় ময়নাতদন্ত।আমি বেরিয়ে আসি পথে, শাহবাগের দিকে খণ্ড খণ্ড মিছিল। আমার ভেতরে আমার সঙ্গে যুদ্ধ তখন। পোকা-মাকড় ছাড়া কিছুই ভাবা যাচ্ছে না নিজেকে। অদ্ভুত এক রূপান্তরিত পোকা। সিস্টার মেরি ইমেল্ডার কথা মনে পড়ে।স্কুলের শিশুদের উদ্দেশে তাঁর প্রতিদিনের বলা বাণী—জগতে ভালো এবং মন্দ, দুই-ই আছে। কিন্তু তোমাকে বেছে নিতে হবে ভালোকেই।সিমিন হোসেন রিমি: সাংসদ, সমাজকর্মী।