সাভারের রানা প্লাজা ধসের দুই বছর পূর্ণ হলো, অথচ এই নজিরবিহীন ট্র্যাজেডির জন্য যারা দায়ী, তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র এখনো দাখিল করা হয়নি। যে সহস্রাধিক লোক সেদিন প্রাণ হারিয়েছেন, অঙ্গপ্রত্যঙ্গ হারিয়ে যাঁরা চিরতরে পঙ্গু হয়ে গেছেন, তাঁদের সবার প্রতি এটা বিরাট অবিচার। এমনিতেই বিলম্বিত বিচার ন্যায়বিচার নয়, তদুপরি দীর্ঘ দুই বছরে বিচারকার্য শুরু হতে না পারা মোটেই সহনীয় নয়।
সেদিন যেসব শ্রমিক প্রাণ ও অঙ্গপ্রত্যঙ্গ হারিয়েছেন, তাঁদের প্রতি সহমর্মিতা প্রকাশের সঙ্গে সঙ্গে আমরা বলতে চাই, প্রায় গণহত্যার শামিল এই অপরাধের বিচার আর বিলম্বিত হওয়া উচিত নয়।
ছয় সরকারি কর্মকর্তার জন্য আটকে আছে অভিযোগপত্রসংবাদমাধ্যমে প্রকাশিত খবর, রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা দুটি মামলায় ছয়জন সরকারি কর্মকর্তাকে আসামি করার অনুমতি পাওয়া যায়নি বলেই মামলার অভিযোগপত্র এখনো দাখিল করা হয়নি। সিআইডির ভাষ্য অনুযায়ী দুটি মামলারই তদন্তকাজ প্রায় শেষ হয়েছে। কিন্তু অভিযোগপত্র জমা দেওয়ার ব্যাপারে সিআইডির অতিরিক্ত মহাপরিদর্শক ও জনপ্রশাসন সচিবের পরস্পরবিরোধী বক্তব্য হতাশাব্যঞ্জক।
সিআইডির অতিরিক্ত মহাপরিদর্শকের দাবি, সরকারির ছয় কর্মকর্তাকে আসামি করার অনুমতি পাওয়া না গেলেও সিআইডি অভিযোগপত্র পেশ করতে পারবে। আর জনপ্রশাসন সচিব বলছেন, ‘আমরা যেহেতু অনুমতি দিইনি, সেহেতু আমাদের কর্মকর্তাদের বিরুদ্ধে সিআইডি অভিযোগপত্র দিতে পারবে না।’ এখানে মনে রাখা দরকার, ন্যায়বিচার প্রতিষ্ঠা করা সর্বোচ্চ অগ্রাধিকার, সে জন্য যা কিছু করা দরকার, তা-ই করতে হবে। আইন প্রয়োগ ও বিচার-প্রক্রিয়া থেকে ‘আমাদের কর্মকর্তাদের’ দায়মুক্ত রাখার চেষ্টা করা কোনোভাবেই উচিত নয়। যে ঘটনায় সহস্রাধিক মানুষের মৃত্যু ঘটেছে, তার জন্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দায়ী সবার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যেন ভবিষ্যতে এ ধরনের ট্র্যাজেডির ব্যাপারে সবাই সতর্ক হয়।
রানা প্লাজা ধসের ক্ষতি প্রকৃতপক্ষে অপূরণীয়, এই অপরাধের আইনানুগ প্রতিকারের মাধ্যমে জনমনে এই আস্থা সৃষ্টি করা জরুরি যে কেউই আইনের ঊর্ধ্বে নয়।