রানা প্লাজার ট্র্যাজেডি সর্বমহলে যেভাবে নাড়া দিয়েছিল, সেভাবে তৈরি পোশাকের ক্রেতাপ্রতিষ্ঠানগুলোর কাছ থেকে সাড়া না পাওয়া দুর্ভাগ্যজনক। মূলত এ কারণেই নিহত শ্রমিকদের পরিবার ও আহত শ্রমিকদের ক্ষতিপূরণের প্রথম কিস্তি পেতে প্রায় দেড় বছর সময় লেগেছে। তবে বিলম্বে হলেও ঈদের আগে এই প্রাপ্তি অসহায় পরিবারগুলো কিছুটা স্বস্তি পেতে পারে।
রানা প্লাজা ট্র্যাজেডির ঘটনায় ক্ষতিপূরণের জন্য ৩২০ কোটি টাকা প্রয়োজন। কিন্তু পাওয়া গেছে মাত্র ১৫৫ কোটি টাকা। কেন প্রতিশ্রুতি অনুযায়ী টাকা পাওয়া যায়নি, এ ক্ষেত্রে আমাদের কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা এবং দ্রুত প্রতিকারে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। ক্ষতিপূরণের প্রথম কিস্তির অর্থ ও প্রধানমন্ত্রীর তহবিল থেকে দেওয়া অর্থ এবং আগাম দেওয়া অর্থ কেটে রাখা হয়েছে, যা শেষ কিস্তিতেও সমন্বয় করা যেত। এ পর্যন্ত এক হাজার ৫৫২ জন শ্রমিক পরিবার ও ৩৫ জন আহত শ্রমিককে টাকা দেওয়া হয়েছে। এখনো ১১৭ জন অর্থ পাওয়ার প্রক্রিয়ায় আছেন। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দুই হাজার ৮৩২ জন শ্রমিক পরিবারে পাঁচ হাজার ২২ জন সদস্য দাবিনামা পেশ করেছেন। এঁদের মধ্যে নিখোঁজ শ্রমিকের সংখ্যা ১৪১।
আমরা আশা করব, ক্ষতিপূরণের বাকি অর্থ যত দ্রুত সম্ভব ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের দেওয়া হবে। এ ব্যাপারে আইনগত সমস্যার পাশাপাশি নিখোঁজ ব্যক্তিদের শনাক্ত করার কাজটিও দ্রুত শেষ করতে হবে। যে পরিবারগুলো স্বজন হারিয়েছে, তাদের কান্না কখনো ফুরাবে না। কিন্তু যাঁরা বেঁচে আছেন, তাঁরা তো জীবনধারণের ন্যূনতম অবলম্বন আশা করতে পারেন।
রানা প্লাজা ধসের পর আমাদের দ্বিমুখী প্রস্তুতি রাখা প্রয়োজন। প্রথমত, ভবিষ্যতে যাতে এ ধরনের বিপর্যয় না ঘটে, সে বিষয়ে সর্বোচ্চ সজাগ থাকা। দ্বিতীয়ত, পরিস্থিতি মোকাবিলায় কেবল বিদেশি প্রতিষ্ঠানের মুখাপেক্ষী না হয়ে নিজেদের উদ্যোগে একটি বড় আকারের দুর্যোগ তহবিল গড়ে তোলা।