গত চার দশকে কয়েক ডজন ছাত্র হত্যার বিচার না হওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মঙ্গলবার ছাত্রলীগ ও শিবিরের সংঘর্ষে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। শিক্ষামন্ত্রী যদিও ক্ষুব্ধ হয়ে এর সঙ্গে জড়িতদের ‘গুন্ডা-বদমাশ’ বলেছেন, দুঃখ প্রকাশ করে প্রশ্ন রেখেছেন, ‘দরিদ্র মানুষের টাকায় চলা পাবলিক বিশ্ববিদ্যালয় কি অমানুষ তৈরির জন্য?’ কিন্তু শিক্ষাঙ্গনে যারা সন্ত্রাস করে, আদর্শের বাণী তাদের সুপথে আনতে পারবে না। এটি একান্ত ফৌজদারি ঘটনা, যা স্বাভাবিক নিয়মে দণ্ডনীয়। মন্ত্রীর এই ক্ষুব্ধ প্রতিক্রিয়ার পরও আইন যে নিজের গতিতে চলবে, তার নিশ্চয়তা নেই। রাজনৈতিক দলগুলোও শিক্ষামন্ত্রীর ভাষায় ‘গুন্ডা-বদমাশ’ তৈরির পথ থেকে সরে আসবে না।দেশের অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে থেমে থেমে বন্দুকযুদ্ধ ও রক্তপাতের ঘটনা ঘটছে। অনেক ক্ষেত্রে অস্ত্রধারী ছাত্রলীগের কর্মীদের আলোকচিত্র পত্রপত্রিকায় ফলাও করে ছাপা হয়েছে। ক্ষেত্রবিশেষে অভিযুক্ত নেতা-কর্মীদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। কিন্তু দণ্ডবিধি অনুযায়ী দেশের প্রচলিত আইনে কারও বিচার হয়নি। রাজশাহী বিশ্ববিদ্যালয় তেমনি একটি দুর্ভাগ্যজনক প্রতিষ্ঠান। এই ক্যাম্পাসে বহু মেধাবী ছাত্রের প্রাণ ঝরে গেছে। কিন্তু একটি ক্ষেত্রেও ঘাতকদের শাস্তি পেতে হয়নি। ক্যাম্পাস হত্যাকাণ্ড বা সহিংসতার বিচার না হওয়া নিয়ম হয়ে দাঁড়িয়েছে। এই অনাকাঙ্ক্ষিত দায়মুক্তি রাজশাহী বিশ্ববিদ্যালয়কে স্থায়ী যুদ্ধক্ষেত্রে পরিণত করেছে।গত মঙ্গলবারের হিংসাত্মক ঘটনার মূল কারণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আধিপত্য বিস্তার। এর শিকড় প্রোথিত আছে রাজনৈতিক নেতৃত্বের মনস্তত্ত্বে। ছাত্রদের রাজনৈতিক স্বার্থে ব্যবহারের জন্য প্রতিটি দল কমবেশি এককাট্টা। অন্যান্য অপরাধের কথা বাদ দিলেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে খোদ ছাত্রলীগের কর্মী হত্যার বিচারও রহস্যজনক কারণে ঝুলে আছে। গত মঙ্গলবারের বন্দুকযুদ্ধে অংশ নেওয়া তিনজন চিহ্নিত পিস্তলধারী ছাত্রের মধ্যে দুজনই গত জুলাইয়ে সংঘটিত ছাত্রলীগের কর্মী হত্যাকাণ্ডের আসামি। এরা জামিনে থেকে পিস্তল চালিয়েছে। এখন তাদেরই একজন বাদী হয়ে শিবিরের বিরুদ্ধে মামলা করেছে। এই যখন বাস্তবতা, তখন পুলিশ মঙ্গলবারের ঘটনায় জড়িত থাকার দায়ে ভর্তি-ইচ্ছুক দুই শিক্ষার্থীসহ ১২ জনকে আটক করেছে, যারা সবাই শিবিরের কর্মী। কোনো অভিযোগ বা অন্যায়-অপরাধ করে থাকলে শিবিরের কর্মীদের আটক বা আইনের হাতে সোপর্দ করতে নিশ্চয়ই কারও আপত্তি নেই। কিন্তু এই অপরাধে অভিযুক্ত ছাত্রলীগের কর্মীরা কেন রেহাই পাবেন? ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে দলমত-নির্বিশেষে ‘গুন্ডা-বদমাশ’দের শাস্তি নিশ্চিত করতে হবে। বিশ্ববিদ্যালয়ের দুটি বাস ও উপাচার্যের বাসভবন ভাঙচুর এবং প্রক্টরকে লাঞ্ছিত করার ঘটনা নির্দেশ করে যে, সেখানকার ছাত্রলীগের ওপর প্রশাসনের কোনো নিয়ন্ত্রণ নেই। ছাত্রলীগের কর্মী হত্যার আসামিকে গত মঙ্গলবার পুলিশের সামনেই পিস্তলে গুলি ভরতে দেখা গেছে। এর ফলে সংশ্লিষ্ট এলাকার আইন প্রয়োগকারী সংস্থার নৈতিকতা অবশিষ্ট থাকে কি না, সেটা বিরাট প্রশ্ন। এই পুলিশ বাহিনী কী করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতিকে তাদের কথায় ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণে’ রাখার দাবি করতে পারে?