রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার মংলা বন্দর থেকে আট কিলোমিটার এবং সুন্দরবন বাফার জোনের চার কিলোমিটার দূরে রামপালে ভারতের সহযোগিতায় এক হাজার ৩২০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিষয়টি চূড়ান্ত করেছে। সুন্দরবনের কাছাকাছি এলাকায় এই তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনার বিরোধিতা করে এসেছেন পরিবেশবাদীরা। তাঁরা এর সম্ভাব্য ঝুঁকি ও সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশের ওপর অভিঘাতের দিকগুলো তুলে ধরেছেন। সরকারের কাছে সেসব তেমন গুরুত্ব পায়নি, বরং এবার ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ন্যাশনাল থার্মাল পাওয়ার করপোরেশনকে (এনটিপিসি) ১০ বছরের জন্য কর মওকুফ-সুবিধা দেওয়া হয়েছে। এর ফলে এই বিদ্যুৎকেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ বিক্রির মুনাফা থেকে ভারতীয় প্রতিষ্ঠান কোনো কর বাংলাদেশকে দেবে না। বিদ্যুৎ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ড এ ধরনের বিশাল কর ছাড়ের পক্ষে ছিল না। তবে প্রথম আলোসহ একাধিক গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, সরকারের উচ্চপর্যায়ের চাপে শেষ পর্যন্ত কর মওকুফ-সুবিধা চূড়ান্ত হয়েছে। এটি নজিরবিহীন ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত।মূলত এনটিপিসি ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) যৌথভাবে এই তাপবিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি গঠন করা হয়। অর্থাৎ এটি একটি যৌথ বিনিয়োগ প্রকল্প, যেখানে ভারতীয় প্রতিষ্ঠান বিদেশি বিনিয়োগকারী। ইতিমধ্যে তাদেরকে প্রাতিষ্ঠানিক আয়কর মওকুফ করে দেওয়া হয়েছে। তাহলে মুনাফার ওপর কর মওকুফের যৌক্তিকতা কোথায়? এটা আর যা-ই হোক, অর্থনৈতিক সুবিবেচনা কিংবা বিদেশি বিনিয়োগ উৎসাহিত করার নীতি নয়, বরং ভবিষ্যতে যৌথ বা একক বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর দিক থেকেও এ রকম ছাড়ের দাবি উঠতে পারে। আবার এই দৃষ্টান্ত দেখিয়ে বিশেষ তদবিরের মাধ্যমে কোনো কোনো প্রতিষ্ঠান এ ধরনের সুবিধা আদায় করে নিতে পারে। তাতে বিদেশি বিনিয়োগ নীতিতে বৈষম্য দেখা দেবে, ভারসাম্যহীনতা তৈরি হবে। সরকারও বড় ধরনের রাজস্ব থেকে বঞ্চিত হবে। বিশেষ কোনো প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা বা ছাড় দেওয়া এবং তা নিশ্চিত করতে সরকারের ওপরের মহলের তৎপরতা নেতিবাচক দৃষ্টান্ত হয়েই থাকবে, যার জের বহন করতে হবে অনেক দিন।