রামপুর আর বোয়ালিয়া নামের দুটি গ্রাম নিয়ে একালের শহর রাজশাহী গড়ে উঠেছে। রামপুর-বোয়ালিয়া গ্রামের পরিচয় প্রথম পাওয়া যায় বাগদাদ থেকে ইসলাম প্রচারে আসা প্রখ্যাত সুফি সাধক হজরত শাহ মখদুম আবদুল কুদ্দুস রুপোসের আগমনের সময় থেকে। ঐতিহাসিক সৈয়দ গোলাম হুসায়েন খান তাবতাবাঈ সিয়র আল মুতাক্ষরিণ গ্রন্থে লিখেছেন, আঠারো শতকের মাঝামাঝি সময়ে মারাঠা আক্রমণে ভীত-সন্ত্রস্ত হয়ে মুর্শিদাবাদের অনেক বাসিন্দা প্রাণ বাঁচাতে গঙ্গা (পদ্মা) নদী পার হয়ে এই রামপুর-বোয়ালিয়ায় এসে আশ্রয় নিয়ে ঘরবাড়ি বানিয়ে বসবাস শুরু করেন। এই জায়গাটি প্রথমে থানা, পরে জেলা শহর রাজশাহী হিসেবে পরিচিতি পায়। রাজশাহী শহর হওয়ার আগে অর্ধ-বঙ্গেশ্বরী রানি ভবানীর স্মৃতিবিজড়িত নাটোরই ছিল এই অঞ্চলের প্রধান প্রশাসনিক কেন্দ্র। ডব্লিউ ডব্লিউ হান্টারের ১৮৭৬ খ্রিষ্টাব্দে প্রকাশিত বিবরণী থেকে জানা যায়, খ্রিষ্টীয় উনিশ শতকের প্রথম দিকে নাটোরের আশপাশের নদীনালাগুলো ভরাট হয়ে গিয়েছিল। এ সময় শহরের পানিনিষ্কাশনে অসুবিধা দেখা দেয়। জলাবদ্ধতার কারণে জলাশয়গুলো মশার জন্মস্থানে পরিণত হলে শহরে ম্যালেরিয়া রোগের প্রকোপ বাড়ে। শহরের চারদিকে নদীগুলোর নাব্যতা কমে যাওয়ায় বাইরে থেকে আসা ব্যবসায়ীরা ব্যবসায়িক সংযোগ রক্ষায় অসমর্থ হন। ফলে, এই অঞ্চলের প্রধান ব্যবসাকেন্দ্র নাটোর তার গুরুত্ব হারিয়ে ফেলে। এই পরিবেশগত অসুবিধার কারণে ১৮২৫ খ্রিষ্টাব্দে নাটোর থেকে প্রশাসনিক কেন্দ্র পদ্মাতীরবর্তী স্বাস্থ্যকর স্থান রামপুর-বোয়ালিয়ায় স্থানান্তরিত হয়। ভৌগোলিক পট পরিবর্তনের ফলে অতি দ্রুতই রামপুর-বোয়ালিয়ায় পূর্ণাঙ্গ শহর গড়ে ওঠে। নাটোর, দিঘাপতিয়া, পুঠিয়া, দুবলহাটি, বলিহারের রাজা-জমিদার এবং স্থানীয় ভূ-স্বামী, ব্যবহারজীবী, শিক্ষক প্রমুখ বিদ্যোৎসাহী ও সমাজহিতৈষী ব্যক্তির ঐকান্তিক প্রচেষ্টা ও মুক্তহস্ত দানে নতুন শহরে শিক্ষাপ্রতিষ্ঠান, সংস্কৃতিমূলক সংগঠনসহ অসংখ্য প্রতিষ্ঠান প্রতিষ্ঠা লাভ করে। রাজা-জমিদারেরা শহরে সাময়িক আবাস ভবন নির্মাণ করায় বস্তুত অর্থে পূর্ববঙ্গের আধুনিক শিক্ষার সূত্রপাত হয়। অধিকন্তু সাধারণ শিক্ষার পাশাপাশি শহরে কারিগরি, বৃত্তিমূলক প্রভৃতি শিক্ষার এত প্রতিষ্ঠান স্থাপিত হয় যে, কালে কালে এর পরিচয়ই হয়ে ওঠে শিক্ষানগর হিসেবে।সত্যি বলতে কি, ঔপনিবেশিক শাসনের অবসান ও সাতচল্লিশে দেশভাগের পর শহর রাজশাহীও তার শ্রী হারিয়ে ফেলতে শুরু করে। জমিদারি প্রথার বিলোপ, রাজা-জমিদারেরা শহর ত্যাগ করায় শিক্ষা-দীক্ষা, অর্থ-বাণিজ্য সব দিক থেকে ক্রমান্বয়ে পিছিয়ে পড়া একটি শহরে পরিণত হয় রাজশাহী।একালে শহর-নগরের উন্নতির-অবনতির দায় এসে পড়েছে নগর বা পৌর কর্তৃপক্ষের কাঁধে। তাঁরাই দেখভাল করেন সবকিছু। ১৮৭৬ খ্রিষ্টাব্দে রাজশাহী শহরে প্রতিষ্ঠিত মিউনিসিপ্যালিটি আড়াই দশক আগে করপোরেশনের রূপ পেলেও স্থানীয় কর্তৃপক্ষ দায়িত্ব পালন করতে পেরেছে কমই। ভৌত ও পূর্ত কাজকর্ম ছাড়া অন্যত্র নজর দেওয়ার অবসর ও সামর্থ্য কমই তাদের। অধিকন্তু এদের আওতাভুক্ত হওয়া সত্ত্বেও শহরের বেশ কিছু ঐতিহাসিক স্মৃতিজড়িত ইমারত ভেঙে ফেলা হয়েছে, যা কেবল শহর রাজশাহীরই নয়, দেশের ঐতিহ্যের বড় ধরনের ক্ষতির কারণ হয়েছে। অষ্টাদশ শতকের প্রথম দিকে ডাচদের নির্মিত এই অঞ্চলের সর্বপ্রাচীন ইমারত বড় কুঠিটি সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে পড়েছে, তা রক্ষা করা অত্যন্ত জরুরি। শিক্ষানগর হওয়ায় শিক্ষিত বেকারের সংখ্যাও আনুপাতিক হারে অনেক বেশি কিন্তু সেভাবে এখানে তাদের পুনর্বাসনের উদ্যোগ নেই। একটি কৃষি ‘ইপিজেড’ স্থাপন করলে, বন্ধ সরকারি কলকারখানা চালু করলে এবং সিলিকন ভ্যালির মতো ডিজিটাল সেন্টার প্রতিষ্ঠা করলে ওই বেকার সমস্যার অনেকটাই সমাধান হয়তো হতো। বহু বছর হলো শহরে বন্ধ হয়ে পড়ে রয়েছে সরকারি মালিকানাধীন বস্ত্রকল আর ঐতিহ্যবাহী রেশমবস্ত্র উৎপাদন কারখানা। পৌর বিধিমালায় শিক্ষার দিকে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলা আছে। ক্রমবর্ধমান শিক্ষার্থীর হার বিবেচনা করে শহরে শিক্ষাপ্রতিষ্ঠান বাড়ানোর প্রয়োজন রয়েছে। চট্টগ্রাম ও খুলনা পৌর কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে, এখানেও সেই উদ্যোগ নেওয়া প্রয়োজন।নদীমাতৃক দেশ আমাদের। অথচ বিরল নদীর দেশে দেখেছি ছোট ছোট নদী নিয়ে বাহারি পর্যটনকেন্দ্র গড়ে উঠেছে। আমেরিকার দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য টেক্সাসের ছোট্ট শহর স্যান অ্যানটোনিওতে শহরের নামে নামমাত্র ২০ হাত চওড়া স্যান অ্যানটোনিও নদীতে কী ভিড় থাকে পর্যটকদের মধ্যরাত অবধি! দুই পাড় বাঁধানো ওই নদীতে ভাসে যান্ত্রিক জলযান আর সেখানে বসে জ্যাজ সংগীতের আসর। এমন পর্যটক-আকর্ষণ কেন্দ্র তো রাজশাহী শহরের দক্ষিণ প্রান্তে পদ্মার পাড়েও গড়ে উঠতে পারে। গোদাগাড়ী থেকে চারঘাট পর্যন্ত ২৫ কিলোমিটার পদ্মা নদী ড্রেজিং করে নাব্যতা বাড়িয়ে ভাসমান রেস্তোরাঁ ও হালকা জলযান চলাচলের ব্যবস্থা করে শহরের পর্যটন-আকর্ষণ তো বাড়ানো সম্ভব।তবে পত্রিকান্তরে প্রকাশিত সংবাদ এবং পৌর কর্তৃপক্ষের প্রকাশনা পড়ে আমার ধারণা হয়েছে, সদ্য বিদায়ী ‘পৌরপ্রধান’ এসব বিষয়ে তাঁর কর্ম তালিকাভুক্ত করেছিলেন এবং এর কোনো কোনোটি নিয়ে কাজও শুরু করেছিলেন। নিঃসন্দেহে এ সংবাদ আশাব্যঞ্জক। তিনি থাকুন কিংবা ভবিষ্যতে যিনি পৌরপ্রধান হবেন, রাজশাহীবাসীর দাবি, এই বিষয়গুলো যেন তিনি অবশ্যই বিবেচনায় রাখবেন এবং তা দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।ড. সাইফুদ্দীন চৌধুরী: গবেষক, অধ্যাপক, ফোকলোর বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।[email protected]