রামুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামুর বৌদ্ধমন্দিরে সন্ত্রাসী হামলার সাত মাস পর বিচার বিভাগীয় তদন্ত কমিটি যে প্রতিবেদন দিয়েছে, তার সঙ্গে এর আগে সরকারি কমিটির প্রতিবেদনের খুব বেশি ফারাক নেই। সরকারি তদন্ত কমিটি যেখানে ২০৫ জনকে দায়ী করেছিল, সেখানে বিচার বিভাগীয় কমিটি করেছে ২৯৮ জনকে। অর্থাৎ সরকারি কমিটি ঘটনার জন্য দায়ী অনেক ব্যক্তিকে ছাড় দিয়েছিল। এ ছাড়া বিচার বিভাগীয় কমিটি স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে গোয়েন্দা বিভাগের ব্যর্থতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে।বিচার বিভাগীয় কমিটি এ ধরনের সাম্প্রদায়িক সহিংসতা রোধে ২০টি সুপারিশ পেশ করেছে। এর মধ্যে রয়েছে ফেসবুক, টুইটারসহ সামাজিক যোগাযোগমাধ্যম কঠোরভাবে নিয়ন্ত্রণ, দেশপ্রেমে উদ্বুদ্ধকরণ এবং স্থানীয় প্রশাসনকে শক্তিশালী করা। সুপারিশের দ্বিতীয় অংশের সঙ্গে সহমত প্রকাশ করলেও প্রথমটিকে কোনোভাবেই সমর্থন করা যায় না। সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানি ছড়ানোর ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে সন্দেহ নেই। তাই বলে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা যাবে না। সেটি হবে মানুষের মত প্রকাশের অধিকারের পরিপন্থী। মাথাব্যথার জন্য মাথা কেটে ফেলা সমাধান নয়।এখন সরকারের দায়িত্ব হলো, সরকারি তদন্ত কমিটির বাইরে যাঁদের শনাক্ত করা হয়েছে, তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া। সরকারি তদন্ত কমিটি যাঁদের অভিযুক্ত করেছে, তাঁদের বিরুদ্ধে আইনগত কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানার অধিকার নিশ্চয়ই দেশবাসী তথা আক্রান্ত মানুষের আছে। বিচার বিভাগীয় কমিটি বিবেক জাগ্রত করার কথা বলেছে। কিন্তু আমাদের প্রশাসন থেকে শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যখন বিবেকের বিরুদ্ধে কাজ করেন, তখন সাধারণ মানুষের মধ্যে বিবেক জাগ্রত হবে কীভাবে? আমরা ভুলে যাইনি যে রামুর বেদনাদায়ক ঘটনার পরও বিভিন্ন স্থানে ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িঘরে ও মন্দিরে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।মনে রাখতে হবে, বিচারহীনতাই সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য বড় হুমকি। তাদের জানমালের অভয় দিতে হলে অবশ্যই অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে।