এটা কি ঐতিহাসিকভাবে প্রগতিশীল যোগাযোগের ধারাবাহিকতা, নাকি ইতিহাসের ধারা থেকে শোচনীয় প্রস্থান? ১৫ জানুয়ারি বাংলাদেশের প্রধানমন্ত্রী মস্কোতে রাশিয়া থেকে অস্ত্র ক্রয়ের চুক্তি করেছেন। এই চুক্তির অধীনে বাংলাদেশ রাশিয়া থেকে সাত ধরনের অস্ত্র কিনবে বলে বলা হয়েছে। এর মধ্যে রয়েছে সেনাবাহিনীর জন্য ট্যাংকবিধ্বংসী মিসাইল এবং বিমানবাহিনীর জন্য পরিবহন হেলিকপ্টারসহ চার ধরনের যুদ্ধবিমান। এক বিলিয়ন ডলারের চুক্তি। এ ধরনের বড় চুক্তি বাংলাদেশের এটাই প্রথম। চুক্তির বিরাট মাত্রা এবং আর্থিক চরিত্র বিষয়ে দেশটির গণমাধ্যমে বিতর্ক উত্থাপিত হয়েছে। রাশিয়া থেকে এভাবে অস্ত্র কেনা বাংলাদেশের জন্য এটাই প্রথম নয়। স্বাধীনতার পরপরই রাশিয়ার পূর্বসূরি সেভিয়েত ইউনিয়ন দেশটির নবীন বিমানবাহিনীকে এমজি-১৯ যুদ্ধবিমান সরবরাহ করেছিল। এর পরে আবার নব্বইয়ের দশকে রাশিয়া থেকে বাংলাদেশ আটটি অগ্রসর প্রযুক্তির মিগ-২৯ বিমান পায়। সাম্প্রতিক চুক্তিকে জায়েজ করার জন্য বাংলাদেশ সরকার বারবারই জোর দিয়ে বলছে যে ১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়ন ছিল বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধাদের বিশ্বস্ত মিত্র। তার পরও, বর্তমান চুক্তিকে বাংলাদেশের ইতিহাসের সেই বীরত্বব্যঞ্জক অধ্যায়ের সঙ্গে একাকার করে দেখা কতটা ঠিক?শুরুতে এটুকু স্পষ্টভাবে বলা দরকার যে ১৫ জানুয়ারির প্রতিরক্ষা চুক্তিটি একক ব্যাপার নয়, বরং এটা একটা যমজ চুক্তির অংশ। একটা হলো অস্ত্র ক্রয়ের, অপরটা রাশিয়ার পরমাণু প্রযুক্তি সরবরাহের লক্ষ্যে। কার্যত এ বিষয়ে লুকোছাপার কোনো ব্যাপারও নেই। শেখ হাসিনার ওই মস্কো সফরের সময়ই পাবনার রূপপুরে দুটি পরমাণু রিঅ্যাক্টর স্থাপনের চুক্তি হয়। এ বিষয়ে ঢাকার বিশ্লেষকেরা যতটা করেছেন, তার থেকেও গভীরভাবে চুক্তি দুটির আন্তর্জাতিক মাত্রা খতিয়ে দেখা উচিত। এখানে মূল ব্যাপার হলো, শীতল যুদ্ধের সময় রাশিয়া এ ধরনের দ্বিমুখী চুক্তি করত না। বরং ২০০৮ সালে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পাদিত পরমাণু চুক্তির সময় এ ধরনের চুক্তিকাঠামোর দেখা মেলে প্রথম। ভারতীয় গণমাধ্যমের সতর্ক নজরদারির জন্য তখন ভারত-মার্কিন চুক্তির আসল উদ্দেশ্যটি উন্মোচন করা সম্ভব হয়েছিল। ২০০৮ সালের সেপ্টেম্বর মাসে দিল্লির সংবাদপত্রগুলো দেখিয়ে দেয়, এই চুক্তির ফলাফল কেবল ভারতীয় ও বিদেশি কোম্পানিগুলোর মধ্যে ৪০ বিলিয়ন ডলারের কেনাবেচা নয়; বরং এর মাধ্যমে মার্কিন অস্ত্র উৎপাদকেরা ভারতে প্রবেশের সুযোগ পায়। চুক্তির সময় থেকে ২০১০ সালের নভেম্বরে ওবামার ভারত সফরে আসার মধ্যবর্তী সময়ে মার্কিন কোম্পানিগুলোর সঙ্গে সমগ্র সামরিক-বাণিজ্যের ৪০ শতাংশই সম্পাদিত হয়ে যায়।এরপর ভারত-মার্কিন সামরিক চুক্তির মডেল সবাই অনুসরণ করতে থাকে। বিশেষত ফ্রান্স ও রাশিয়াও মার্কিন আদলে ভারতের সঙ্গে একই রকম চুক্তি করে। এই মার্কিন মডেলকেই জায়েজ করতে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয় রাশিয়ার পূর্বসূরিরা একাত্তরের পরীক্ষিত বন্ধু। ঢাকা সরকার এ-ও বলতে পারে, রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা ক্রয় চুক্তির মধ্য দিয়ে বাংলাদেশ আন্তর্জাতিক মান রক্ষা করল। এ কারণেই এই চুক্তির সত্যিকার তাৎপর্য চিহ্নিত করার আগে এর আরও গভীর দিকগুলো খতিয়ে দেখা জরুরি। অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার শাহেদুল আনাম আর্থিক দিক বিবেচনা করে একটি প্রশ্ন তুলেছেন। এক বিলিয়ন ডলারের চুক্তি বাস্তবায়নে ঋণের অর্থের উৎসের দিকে তিনি মনোযোগ নিবদ্ধ করেছেন। দৃশ্যত, এই ঋণের সুদ দেখানো হয়েছে ৪ দশমিক ৫ শতাংশ। অবশ্যই এই ঋণের ফলে যে বোঝা বাংলাদেশের ঘাড়ে চাপবে, তা স্বাস্থ্যসেবার মতো সামাজিক কর্মসূচি এবং দারিদ্র্য দূরীকরণে বাংলাদেশের সামর্থ্যের ওপর চাপ ফেলবে। এভাবে সামরিক বাহিনীর স্বার্থকে অগ্রাধিকার দিতে গিয়ে অবহেলা করা হচ্ছে অধিকাংশ জনগণের স্বার্থকে। আর এটা ঘটছে তখন, যখন বাংলাদেশ সত্যিকার কোনো যুদ্ধ হুমকির মধ্যে নেই।সবচেয়ে প্রশ্নবোধক ব্যাপার হলো এই চুক্তির অর্থ জোগানের উৎস। মস্কোতে যখন এই চুক্তি স্বাক্ষরিত হচ্ছে, তখন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন সরাসরি এই চুক্তির সঙ্গে রুশ অতিকায় জ্বালানি সংস্থা গ্যাজপ্রমের সঙ্গে বাংলাদেশের পেট্রোবাংলার ১০টি গ্যাসকূপ খনন চুক্তির জড়াজড়ি সম্পর্কের কথা উচ্চারণ করেছেন। বাংলাদেশি গণমাধ্যমে পুতিনকে উদ্ধৃত করে বলা হয়েছে যে বাংলাদেশের বর্ধিত গ্যাস উৎপাদনে—প্রতিদিন প্রায় ৫৬ মিলিয়ন ঘনফুট—রাশিয়ার অবদানের কথা গর্বের সঙ্গে বলেছেন পুতিন। গ্যাজপ্রমের সঙ্গে পেট্রোবাংলার এই চুক্তিও হয়েছে অতি সম্প্রতি, গত বছরের এপ্রিল মাসে। দৃশ্যত মনে হচ্ছে, বাংলাদেশের গ্যাস উৎপাদন সরাসরি রুশ বৈশ্বিক কোম্পানি গ্যাজপ্রমের দ্বারা কারিগরিভাবে উপকৃত হচ্ছে। তা হলেও রাশিয়ার তরফে অস্ত্র বিক্রি ও বাংলাদেশের গ্যাস খাতে তাদের ক্রমবর্ধমান অংশগ্রহণকে ভিন্নভাবে ব্যাখ্যা করছে আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো। রাশিয়ার কর্মকর্তারাও বাংলাদেশের বিপুল সামুদ্রিক গ্যাস ভান্ডারের কথা মনে রেখে খুবই আত্মবিশ্বাসী যে, ওই এক বিলিয়ন ডলার শুধতে বাংলাদেশের বেগ পেতে হবে না। এর মানে আবার এই নয় যে মস্কো বাংলাদেশের গ্যাস রপ্তানিতে আগ্রহী। আবার এও সত্য যে রাশিয়ার ঋণ বাংলাদেশকে আন্তর্জাতিক মুদ্রাতেই শোধ করতে হবে। সুতরাং, শেষ বিচারে প্রতিরক্ষা চুক্তি আসলে ‘বেপরোয়া বিনিময়ের’ ঘটনা বলেই মনে হচ্ছে। এর অর্থ হলো, উত্তর গোলার্ধের সামরিক সরঞ্জামের বিনিময়ে দক্ষিণ গোলার্ধের উন্নয়নশীল দেশগুলো থেকে খনিজ কাঁচামাল আহরণ করা। আমার এই পরের ব্যাখ্যাটি অনুমাননির্ভর। এ কারণে যে, রুশ-বাংলা চুক্তির মধ্যে এই বিনিময়ের ব্যাপারটি অতটা প্রামাণিকভাবে দৃশ্যমান নয় আমার কাছে বা মানুষের কাছে। তাহলেও বলা যায়, চুক্তির প্রাক্কালে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে রাশিয়ার প্রগতিশীল ভূমিকার কথা তোলা একেবারেই কথার কথা, তা-ও নয়। নিশ্চিতভাবেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর মুখ থেকে অতীতের প্রসঙ্গ উত্থাপিত হওয়ায় পুতিন খুশি হয়েছেন। তা হলেও পদ্মা দিয়ে ইতিমধ্যে যখন অনেক পানিই প্রবাহিত হয়ে গেছে, তখন ১৯৭১ সালে সোভিয়েত ইউনিয়নের ভূমিকার প্রসঙ্গ তোলার বাস্তবতা আর নেই। কারণ, পরমাণু ও প্রতিরক্ষা বিনিময় ২০০৮ সালের মার্কিন মডেলে হয়েছে, সাবেক সোভিয়েত মডেলে নয়। সত্তর দশক থেকে বিশ্বব্যবস্থার আধিপত্যবাদী শক্তির তরফে জ্বালানিসমৃদ্ধ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে অনুসরিত নীতিই এখানে সক্রিয় ছিল। এই নীতি ওই অঞ্চলে জন্ম দিয়েছে রক্তক্ষয়ী যুদ্ধ ও সংঘাত। আমার অনুমান, মস্কো-ঢাকা প্রতিরক্ষা চুক্তির খেসারত বাংলাদেশকে দিতে হবে প্রাকৃতিক গ্যাস ও তেল থেকে আহরিত রাজস্ব থেকে। কিন্তু আমি কি ভুল বলছি?ইংরেজি থেকে অনূদিতড. পিটার কাস্টার্স: গবেষক, সমরবাণিজ্য বিষয়ক বিশ্লেষক।