রাষ্ট্র ও সমাজকে বদলাতে হবে

সম্পাদকীয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্বীকার করার উপায় নেই যে আমরা এক অদ্ভুত সমাজে বাস করছি। এখনে নীতিনৈতিকতা ও মূল্যবোধের কোনো গুরুত্ব নেই, গুরুত্ব আছে জবরদস্তির। একদিকে নারী নির্যাতনের ঘটনা বেড়েছে, অন্যদিকে তাঁদেরই আসামির কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে। সম্প্রতি মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) ও ডি-নেট পরিচালিত ‘বাংলাদেশে ইন্টারনেটে পর্নোগ্রাফির সহজ বিস্তার ও নারীর প্রতি সহিংসতা’ শীর্ষক গবেষণা প্রতিবেদনে যেসব তথ্য উঠে এসেছে, তা আমাদের উদ্বিগ্ন না করে পারে না। গত বছরের অক্টোবর থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত ৮টি বিভাগের ১৬টি জেলায় ৫১৮ জন ব্যক্তির (পুরুষ ৫৩ শতাংশ) কাছ থেকে তথ্য সংগ্রহ করে এ গবেষণা করা হয়।

জরিপের ফলাফল অনুযায়ী, শতকরা ৭৪ জন উত্তরদাতা মনে করেন, ‘মন্দ’ মেয়ে, ‘মন্দ’ ছেলের চেয়ে বেশি বিপজ্জনক। শতকরা ৭৯ জন মন্দ মেয়ের আচরণ অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে ভালো ছেলেমেয়েদের নষ্ট করে বলেও মত দেন। শতকরা ৫২ জন উত্তরদাতা মনে করেন মেয়েদের গণমাধ্যম, চলচ্চিত্রে কাজ করা, পুরুষের সঙ্গে রাতের শিফটে কাজ করা বা পুরুষের সঙ্গে দূরে কোথাও ভ্রমণ বা কাজে যাওয়া ঠিক নয়। পর্নোগ্রাফি দেখার কারণে সমাজে মেয়েদের প্রতি সহিংসতা বেড়েছে বলে মনে করেন শতকরা ৮২ জন। শতকরা ৮০ জনের উত্তর মেয়েদের ভালো হতে উৎসাহী করা ও মন্দ বিষয়ে বাধা দেওয়া ও তাদের নিরাপদে রাখা পুরুষের দায়িত্ব।

যদি সমাজে পর্নোগ্রাফির কারণে নারী নির্যাতন বেড়ে থাকে, সে জন্য তো তাঁরা দায়ী হতে পারেন না। এসব পর্নোগ্রাফির নির্মাতা ও দর্শকও প্রধানত পুরুষ। অন্যদিকে নারীকে ভালো করার দায়িত্ব পুরুষকে নিতে হবে কেন? যে দেশের প্রধানমন্ত্রী নারী, জাতীয় সংসদে বিরোধী দলের নেত্রী ও স্পিকার নারী, সে দেশে নারী কি নিজের নিরাপত্তা নিজে দেখতে পারেন না? নিজের ভালো–মন্দ তাঁরা বুঝতে অক্ষম?

আসলে অর্থনৈতিকভাবে আমাদের অনেক অগ্রগতি হলেও সামাজিক চিন্তাচেতনায় পড়ে আছি সেই অন্ধকার যুগে। নারীর পক্ষে অনেক আইন থাকলেও তার প্রয়োগ নেই। প্রথম আলোর অনুসন্ধানেই বেরিয়ে এসেছে নারীর প্রতি সহিংসতার মামলায় মাত্র ৩ শতাংশ অভিযুক্ত শাস্তি পায়।

এ অবস্থার অবসান ঘটাতে হলে প্রথমত আইনের প্রয়োগ নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত পুরুষের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। দৃষ্টিভঙ্গির কারণেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও নারীর পোশাক নিয়ে অপমানজনক মন্তব্য করেন, টিপ পরা নিয়ে নাজেহাল করতেও তাদের বাধে না। নারী কী পোশাক পরবেন, কী কাজ করবেন রাষ্ট্র বা পুরুষ তা নির্ধারণ করে দিতে পারে না। ‘আমাদের সংবিধানের ১৯ অনুচ্ছেদ(১) এ বলা আছে, ‘সকল নাগরিকের জন্য সুযোগের সমতা নিশ্চিত করিতে রাষ্ট্র সচেষ্ট হইবেন।’

মন্দ মেয়ে মন্দ ছেলের চেয়েও মন্দ—এই ধারণা আর যা-ই হোক সমাজ ও সভ্যতাকে এগিয়ে নেয় না। রবীন্দ্রনাথ বলেছেন, ‘নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার?’ যে পারিবারিক, পুরুষতান্ত্রিক, সামাজিক ও ধর্মীয় সংস্কার নারীর অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করে, তাকে রুখতেই হবে।