রাষ্ট্র কি ফারজানার দায়িত্ব নেবে না?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুরের পল্লবীর কুর্মিটোলা বিহারি ক্যাম্পের বাসিন্দা ইয়াছিন মিয়ার মৃত্যুর কারণ নিয়ে বিতর্ক থাকলেও তাঁর পরিবারের নয়জন সদস্যকে যে আগুনে পুড়িয়ে মারা হয়েছে, সে বিষয়ে কোনো বিতর্ক নেই। গত শবে বরাতে আতশবাজির ঘটনাকে কেন্দ্র করে দুর্বৃত্তরা ইয়াছিন মিয়ার পরিবারের নয়জন সদস্যকে ঘরে তালাবদ্ধ অবস্থায় পুড়িয়ে হত্যা করে, যাঁদের মধ্যে ছিলেন তাঁর স্ত্রী, তিন ছেলে, তিন মেয়ে, পুত্রবধূ ও নাতি। এ হত্যাকাণ্ডের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ-যুবলীগের নেতা-কর্মী ও স্থানীয় সাংসদের অনুসারীরা জড়িত বলে অভিযোগ রয়েছে। আতশবাজি নিয়ে সৃষ্ট বিরোধের মূলে ছিল বিহারি ক্যাম্পের জমি দখল।
বিহারি ক্যাম্পের লোমহর্ষক সেই নয় হত্যার ঘটনা নিয়ে তোলপাড় হলেও তিন মাস পরও কোনো আসামি গ্রেপ্তার না হওয়া রহস্যজনক। কথিত বাস দুর্ঘটনায় ইয়াছিন মিয়ার মৃত্যুর ঘটনা নানা প্রশ্নের জন্ম দিয়েছে। ইয়াছিনের স্বজনদের অভিযোগ, এটি দুর্ঘটনা নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড। ইয়াছিন মিয়ার মৃত্যুর প্রকৃত কারণ উন্মোচনের দায়িত্ব পুলিশের।
কিন্তু যেখানে পুলিশ প্রকাশ্যে আগুন দিয়ে মানুষ হত্যার হোতাদের খুঁজে বের করতে পারেনি, সেখানে বাস দুর্ঘটনার রহস্য উদ্ঘাটনে তারা সফল হবে, সেই ভরসা কম। ইয়াছিন মিয়া তাঁর স্বজনদের হত্যার বিচার দাবি করে আসছিলেন। এখন ফারজানা নামের অনাথ ও অসহায় এক কিশোরী মেয়েকে রেখে নিজেই সব বিচারের ঊর্ধ্বে চলে গেলেন। শবে বরাতের রাতে মেয়েটি অগ্নিদগ্ধ হলেও প্রাণে বেঁচে গেছে। সে স্থানীয় ইউনিসেফ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।
যে মেয়েটি দুর্বৃত্তের রোষের আগুনে মা, ভাইবোনসহ নয় প্রিয়জনকে হারিয়েছে, তার প্রতি রাষ্ট্রের কি কোনোই দায়িত্ব নেই? অবশ্যই আছে। এই মেয়েটির ভরণপোষণ ও লেখাপড়ার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে। অবিলম্বে নয় হত্যার হোতাদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হোক।