জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির অযৌক্তিক রাজনৈতিক কর্মসূচির নামে বিভিন্ন স্থানে নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। এই প্রেক্ষাপটে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল ও সুপ্রিম কোর্টের আইনজীবী শাহ্দীন মালিক-এর মতামত ছাপা হলো।আইনশাস্ত্র বা বিদ্যার অনুরাগী পাকিস্তানি কিশোরী মালালার হত্যাচেষ্টার সঙ্গে গত কয়েক দিনেই জামায়াত-শিবিরের সন্ত্রাসী তৎপরতার কোনো সংগতি নেই। মালালার হত্যাচেষ্টার অপরাধ আর জামায়াত-শিবিরের তাণ্ডবও ঠিক একই ধরনের অপরাধ নয় অথবা এক ঘটনার সাক্ষী বা আইনি বিশ্লেষণ অন্য ঘটনার বিচারে ব্যবহার করা যাবে না।কিন্তু যেই উগ্র তথাকথিত আদর্শিক অবস্থান থেকে মালালাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে, সেই একই উগ্রতা, জঙ্গিবাদ ও তথাকথিত আদর্শ জামায়াত-শিবিরের কর্মীদের এই তাণ্ডবের পেছনে স্পষ্টতই কাজ করেছে। প্রতিটি সচেতন মানুষই কোনো না কোনো আদর্শে বিশ্বাস করে এবং অনেক কাজই সেই আদর্শের বিশ্বাস থেকেই আমরা প্রতিপালন করি। কিন্তু একজন ১৪ বছরের কিশোরীকে স্কুলে যেতে বা তার পড়াশোনা করতে দেওয়া যাবে না—এটা যখন আদর্শ হয়ে যায় এবং সেই আদর্শ বাস্তবায়নের জন্য ওই কিশোরীর মাথায় গুলি করা হয়, তখন সেটি জঘন্যতম জঙ্গিবাদ। এ ধরনের জঙ্গি তৎপরতা তখনই আসে, যখন এসব তথাকথিত আদর্শে বিশ্বাসীরা জনসমর্থন হারিয়ে ফেলে।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে আমাদের অভিযোগের অন্ত নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অযোগ্যতা আছে, অদক্ষতা আছে; আছে বিস্তর, এমনকি অনেকের মতে সর্বগ্রাসী দুর্নীতিও। এসব সত্ত্বেও সমাজ ও রাষ্ট্রের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অপরিহার্যতা অস্বীকার করা যায় না। এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর জামায়াত-শিবিরের গত কয়েক দিনের পরিকল্পিত ও নৃশংস হামলা বেশ কয়েকটি বিষয়ের স্পষ্ট ইঙ্গিত দেয়।প্রথমত, এটি তাদের তথাকথিত আদর্শের বীভৎসতার বহিঃপ্রকাশ। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে এ সপ্তাহ পর্যন্ত আমরা বহুবার এই বীভৎসতা দেখেছি এবং নিরীহ জনগণ লাখ লাখবার এ ধরনের বীভৎসতার শিকার হয়েছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, এই তথাকথিত আদর্শের প্রতি ছিটেফোঁটা যে সমর্থন ছিল, নিঃসন্দেহে তা এখন আরও হ্রাস পাচ্ছে। জনসমর্থন থাকলে কোনো দল বা সংগঠনকে উগ্র জঙ্গিবাদী তৎপরতার আশ্রয় নিতে হয় না।জনসমর্থন কমলে বা শূন্যে নেমে গেলেই তথাকথিত আদর্শে অন্ধ বিশ্বাসীরা জ্ঞানশূন্য হয়ে মানুষকে আর মানুষ হিসেবে গণ্য করে না। আর এই গণ্য না করা থেকেই তারা অন্য মানুষের প্রতি নৃশংস ও নিষ্ঠুর আচরণ করতে দ্বিধা করে না। এই তথাকথিত আদর্শে বিশ্বাসীদের যারা নেতা, তাদের ১৯৭১ সালে যেই ভূমিকা, তা মানবতাবিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারে প্রতিনিয়ত জনসমক্ষে উঠে আসছে।তাদের এই ভূমিকা আমরা আগেও কম-বেশি জানতাম। এই বিচার-প্রক্রিয়া তাদের অপরাধের বিষয়টি সবাইকে স্মরণ করিয়ে দিচ্ছে, ফলে তাদের জনসমর্থন যেটুকু ছিল, সেটুকুও দ্রুত হ্রাস পাচ্ছে।আমরা মনে করি, সেই তথাকথিত আদর্শবাদে বিশ্বাসী জামায়াত-শিবিরের এ ধরনের উগ্র জঙ্গিবাদী ও নৃশংস আচরণ মোটেই অপরিকল্পিত নয়। আশঙ্কা হচ্ছে, তাদের এ ধরনের আচরণ আগামী কয়েক সপ্তাহে আরও প্রকট হবে।অন্ধ বিশ্বাসীরা যেকোনো কিছুই করতে পারে। তাই আমাদের সবাইকে সাবধান হতে হবে। রাষ্ট্রকে হতে হবে সতর্ক এবং আরও বেশি কর্মতৎপর। কেননা, জামায়াত-শিবিরের এই উগ্র জঙ্গি কর্মসূচি এখনই বন্ধ করতে না পারলে শুধু যে আমাদের গণতান্ত্রিক চর্চা ও মূল্যবোধ হুমকির মুখে পড়বে, তা-ই নয়; আমাদের অবস্থাও হয়ে পড়তে পারে মধ্যপ্রাচ্যের বিভিন্ন ক্ষতবিক্ষত রাষ্ট্রের মতো।এ ধরনের জামায়াতি-শিবির চক্র তথা জঙ্গিবাদকে রাজনৈতিক সমর্থন দেওয়া আমাদের গণতান্ত্রিক চেতনা ও সমাজব্যবস্থাকে সমূহ বিপদের মুখে ঠেলে দেবে, যা থেকে পরিত্রাণ পেতে হয়তো আমাদের অনেক রক্ত দিতে হতে পারে; যেটি কোনো সুস্থ ও গণতন্ত্রমনা ব্যক্তি-গোষ্ঠী বা দলের কাম্য হতে পারে না।ধর্ম রাজনীতি নয়।