ফ্রানৎস কাফকার একটি উপন্যাস আছে, দ্য ট্রায়াল, যা প্রথম মহাযুদ্ধের শুরুতে তিনি লিখেছিলেন, যদিও সেটি প্রকাশিত হয় ১৯২৫ সালে। উপন্যাসটির মূল চরিত্রের নাম মি. কে, পেশায় ব্যাংকার। এক সকালে তাকে সাদা পোশাকের দুই লোক এসে ধরে নিয়ে গেল। তার বিরুদ্ধে একটা অভিযোগ তোলা হলো, তাকে আদালতে দোষী সাব্যস্ত করা হলো এবং উপন্যাসের শেষে তাকে গুলি করে এবং চাকু মেরে মারা হলো। কিন্তু তাকে ধরা থেকে মেরে ফেলা পর্যন্ত সময়ে কে একবারও জানতে পারল না কেন তাকে ধরা হয়েছে, কী তার অপরাধ, কোন অভিযোগে তাকে কাঠগড়ায় তোলা হলো এবং কেনই বা সে মারা গেল। বেচারা কে! কিছুই বুঝতে না পেরে, সম্পূর্ণ অনিশ্চিত একটা সময়কাল পার হয়ে যখন সে দেখল, তার জন্য মৃত্যুই একমাত্র নিশ্চিত, কে মনের দুঃখে তার শেষ কথাগুলো বলল, ‘লাইক এ ডগ।’ এর বাংলা যদি করা হয় ‘সারমেয়র মতো’, তা হলে তা জুতসই হবে না, বরং করতে হবে এ রকম: ‘কুত্তার মতো’ অথবা ‘কুত্তার লাহান মরতাছি।’ কে-র শেষ কথাগুলোতে দুঃখ ছিল, ঘৃণা ছিল, ক্রোধ ছিল এবং সমাজের প্রতি বিশাল এক অনাস্থা ছিল। এই সমাজ কোনো অপরাধ ছাড়াই একজন মানুষকে কুকুরের অবস্থানে নামিয়ে আনে। এই সমাজের মুখে থুথু ছিটানো ছাড়া কে-র আর কী করার থাকে।পত্রপত্রিকায় গত বছরের ২৩ মার্চের পর থেকে যখনই ঝালকাঠির রাজাপুরের সাতুরিয়া গ্রামের লিমন হোসেনের খবর পড়ি, কেন জানি ততবারই কে-র কথা মনে পড়ে। লিমন ছেলেটা এক বিকেলে গরু নিয়ে বাড়ি ফিরছিল। এলাকায় তখন র্যাব ছিল, র্যাবের সঙ্গে র্যাবের সোর্স ছিল। লিমনকে সেই সোর্স দেখিয়ে দিয়ে জানাল ছেলেটি অস্ত্রবাজ। ভালো কথা, একজন আরেকজনকে অস্ত্রবাজ বলে একটা অভিযোগ খাড়া করতেই পারে। কিন্তু এ রকম অভিযোগের পরিপ্রেক্ষিতে র্যাবের উচিত ছিল লিমনকে পুলিশের হাওলা করে দেওয়া এবং উচিত ছিল একটি সত্যসন্ধ তদন্ত করা। এ রকম তদন্তে যদি প্রমাণিত হতো লিমন আসলেই অস্ত্রবাজ, র্যাবের সোর্সের অভিযোগ সঠিক, তবে তাকে নেওয়া যেত আদালতে। আদালতে একটা স্বচ্ছ বিচারকার্যের মধ্য দিয়ে যদি প্রমাণিত হতো লিমন দোষী, তা হলে তার সাজা হতো। তারপর লিমন হয়তো উচ্চ আদালতে আপিল করত, তা হলে বিচারকাজও সেখানে যেত। সেখানেও সে দোষী হলে সে নিশ্চয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের শরণাপন্ন হতো। আপিল বিভাগ যদি তাকে অভিযোগ থেকে রেহাই না দিতেন, তা হলে লিমন তার ওপর অর্পিত সাজা ভোগ করত। সব সভ্য দেশে এমনটিই রেওয়াজ, বাংলাদেশের সংবিধানও তার নাগরিকদের জন্য এমন একটি প্রক্রিয়ার নিশ্চয়তা দিচ্ছে। নয় মাস ধরে মুক্তিযুদ্ধ করে, পৃথিবীর মুক্তিকামী মানুষের সামনে একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে যে দেশ আত্মপ্রকাশ করল আজ থেকে ৪১ বছর আগে, সে দেশ সভ্য নয়, এমন কথা বলা যেমন অনাকাঙ্ক্ষিত, এ রকম চিন্তা করাটাও তেমনি। অথচ লিমন হোসেনের ক্ষেত্রে সভ্য সমাজের আইনি ব্যবস্থাটা একটা প্রহসনের মতোই রয়ে গেল। যেসব র্যাব সদস্য তাকে পাকড়াও করেছিলেন, তাঁরা একই সঙ্গে অভিযোগকারী, জুরি ও বিচারের ভূমিকায় অবতীর্ণ হলেন। লিমনের পায়ে গুলি করলেন। লিমন ওই পা-টা হারাল। মেধাবী ছাত্র লিমন, দরিদ্র পরিবারের মেধাবী তরুণেরা একটা ভালো কিছু করার চেষ্টা করে, ভালো পাস করে একটা ভালো চাকরি পেতে চেষ্টা করে, যাতে পরিবারটা একটু সুখের মুখ দেখে। লিমন সেই লক্ষ্যেই এগোচ্ছিল। এবং অবাক, একটা পা হারিয়েও সে তার গন্তব্য হারাল না।যদি ব্যাপারটা এখানে নিষ্পত্তি হতো, র্যাব তার ভুল স্বীকার করত (র্যাবের ডিজি অবশ্য জানিয়েছিলেন, লিমন নির্দোষ। কিন্তু ওই পর্যন্তই) এবং লিমনকে ‘উপযুক্ত ক্ষতিপূরণ’ দিত, তা হলে লিমন হয়তো এটি তার ভবিতব্য হিসেবে মেনে কিছুটা শান্তি পাওয়ার চেষ্টা করত, যদিও বাংলাদেশ রাষ্ট্রের নামের পাশে ইতিমধ্যে যে এক ছোপ কালো পড়ে গেল, তা সাদা হতো না। তার পরও। কিন্তু না, কাফকার কে-র মতো এক সকালে লিমন দেখল, তার নামে বিরাট দুটি মামলা করেছে র্যাব। মামলা দুটি গুরুতর—একটি অস্ত্র আইনের, অন্যটি সরকারি কাজে বাধা দেওয়ার। এরপর দেখা গেল, লিমনের বিরুদ্ধে পুলিশও নেমে পড়ল। তারা মাত্র এক মাসের মাথায় অস্ত্র আইনে করা মামলায় চার্জশিট দিয়ে ফেলল। সরকারি কাজে বাধা দেওয়ার মামলার চার্জশিট দিতেও দেরি হলো না, ওটা ঘটে গেল ১ জুলাই। এদিকে লিমনের মা যখন র্যাবের ছয় সদস্যের বিরুদ্ধে একটা মামলা করতে যান, থানা সে মামলা নিতে অস্বীকার করে। পরে আদালতের নির্দেশে মামলা নিলেও ঈদের আগে ১৪ আগস্ট র্যাব সদস্যদের অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন দিল পুলিশ। পুলিশের আচরণ দেখে ছেলেবেলার একটি গল্প মনে পড়ে গেল। স্কুলে পড়ার সময় পাশের স্কুলের এক বখাটে ছেলে আমার এক বন্ধু সাইফুলকে পেটাল। সাইফুল ছিল ছোটখাটো, শক্তিহীন। পরে যখন আমাদের সবল ও দীর্ঘদেহী বন্ধু বোগদাদী মুখোমুখি হলো সেই বখাটের, সে বোগদাদীর পা জড়িয়ে ধরল। এই হঠাৎ নরম হয়ে যাওয়া বখাটেকে দেখে আরেক বন্ধু মন্তব্য করেছিল, ‘শক্তের ভক্ত, নরমের যম’।কিন্তু আমাদের পুলিশ কেন শক্তের ভক্ত হবে, নরমের যম হবে? স্বাধীন বাংলাদেশে কি আমরা আশা করতে পারি না, প্রতিটি প্রতিষ্ঠানই চলবে ন্যায়বিচারের আদর্শে এবং তারা দুর্বলকে রক্ষা করবে, অন্যায়কারী সবলকে প্রতিহত করবে?লিমনের গল্পটি কিন্তু শেষ হয়নি, যেমন মি. কে-র গল্পটিও কাফকা অসমাপ্ত রেখেছিলেন, যদিও শেষ পর্যন্ত একটা ইতি তিনি টেনেছেন। ঈদের দিন র্যাবের কথিত সোর্স ইব্রাহিম হাওলাদার দলবল নিয়ে হামলা করল লিমন ও তার এক ভাই ও মায়ের ওপর। এরপর লিমন নিজের নিরাপত্তা চেয়ে থানায় লিখিত আবেদন করে। এদিকে ইব্রাহিম যখন লিমন ও তার পরিবারকে পেটাচ্ছে, তার শ্যালক ফোরকান হাওলাদার খবর পেয়ে ঘটনাস্থলের দিকে রওনা হলেন। পথে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁকে পাশের এক আত্মীয়ের বাড়ি নিয়ে গেলে তিনি মারা যান। দুই দিন পর ইব্রাহিম হাওলাদার ফোরকান হাওলাদারকে খুন করার অভিযোগ এনে লিমন, তার মা-বাবা ও ভাইয়ের বিরুদ্ধে ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে একটি নালিশি মামলা দায়ের করেন। বিচারক অভিযোগটি এজাহার হিসেবে নেওয়ার জন্য রাজাপুর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।অথচ লিমনের বাবা তোফাজ্জল হোসেন প্রথম আলোকে মুঠোফোনে জানান, ‘আমি দেড় বছর যাবৎ ঢাকায় ব্যবসা করি। ঈদের দিনও বাড়িতে যাই নাই।’ এবং ফোরকান যেখানে অসুস্থ হয়ে পড়েন, সে জায়গাটা লিমনের পরিবারকে যেখানে আক্রমণ করেছিল ইব্রাহিম, তা থেকে আধা কিলোমিটার দূরে। হত্যাই বটে! একজন আধা কিলোমিটার দূর থেকে আঘাত করেছে, আরেকজন করেছেন ঢাকা থেকে! কাফকা নিজেও এতটা উদ্ভটের সংযোগ ঘটাননি তাঁর উপন্যাসে। সমকাল জানাচ্ছে, মারামারির একপর্যায়ে ইব্রাহিম রেগে গিয়ে বলে, ‘আমি র্যাবের লোক। তোদের পা কেটে ফেলব।’ ইত্যাদি। এদিকে র্যাব জানাচ্ছে, ইব্রাহিম র্যাবের সোর্স নয়। তা হলে তো র্যাবেরই উচিত, মিথ্যা পরিচয় দিয়ে র্যাবের ভাবমূর্তি ক্ষুণ্নের জন্য ইব্রাহিমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। প্রথম আলো লিখেছে, লিমনের মা হেনোয়ারা বেগম অভিযোগ করেন, ‘৩০ আগস্ট ওই মামলার [অর্থাৎ র্যাবের বিরুদ্ধে তাঁর দায়ের করা মামলা] ধার্য তারিখে যাতে আমি নারাজি আবেদন করতে না পারি, সে জন্য র্যাবের সোর্স...এ কাল্পনিক হত্যা মামলা দায়ের করেছে।’ এ বিষয়টাও তো তদন্ত করে দেখা উচিত। প্রথম আলো ২৬ আগস্ট লিখেছে, সাতুরিয়ার গ্রামবাসী ও ঘটনার প্রত্যক্ষদর্শী জানাচ্ছেন, হত্যা মামলাটি কাল্পনিক।লিমনকে নিয়ে যেসব ঘটনা ১৬ মাস ধরে ঘটছে, তাতে একটি বিষয় পরিষ্কার, এ দেশে গরিব ও অসহায় মানুষের পাশে রাষ্ট্র দাঁড়ায় না, দাঁড়ায় শক্তিশালীদের পাশে। বঙ্গবন্ধু শেখ মুজিব তাঁর অসমাপ্ত আত্মজীবনীতে গরিবের পক্ষে ন্যায়বিচার পাওয়ার অসম্ভবতার জন্য আক্ষেপ করেছেন। সেই আক্ষেপ স্বাধীন বাংলাদেশে আমাদেরও করতে হচ্ছে।লিমনের ওপর সর্বশেষ হামলা এবং হত্যা মামলা নিয়ে সারা দেশে উদ্বেগ শুরু হয়েছে। স্বরাষ্ট্রসচিব অবশ্য বলেছেন, লিমনের ওপর হামলার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চিন্তিত। ‘চিন্তিত’ কথাটি ব্যবহার করার জন্য তাঁকে সাধুবাদ। এখন এই চিন্তা থেকে যদি সত্য উদ্ঘাটনের একটা উদ্যোগ নেওয়া হয়, তা হলে আমরা খুশি হব। লিমনের ওপর হামলার পর রাজাপুর থানায় যে দুটি জিডি দেওয়া হয়েছিল, তা নিয়ে তার পরের তিন দিনেও তদন্ত শুরু হয়নি। তবে আমরা দাবি জানাব, যেমন জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, আইন ও সালিশ কেন্দ্র এবং সুশীল সমাজ। এ ব্যাপারে বিচার বিভাগীয় তদন্তের ব্যবস্থা করা হোক। ডেইলি স্টার ২৪ আগস্ট এক সম্পাদকীয়তে লিখেছে, ‘যদি আইন প্রয়োগকারী সংস্থার কিছু সদস্য সুরক্ষা দেওয়ার পরিবর্তে প্রতিশোধপরায়ণ হয়ে পড়েন, তা হলে মানুষ যাবে কার কাছে?’ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেছেন, ‘লিমন একটি পঙ্গু ছেলে। তার এমন কোনো শক্তি ও বাহিনী নেই যে সে কাউকে হত্যার হুমকি কিংবা হত্যা করতে পারে। এসব বিষয়কে সত্য বানানোর চেষ্টা করা হলে রাষ্ট্রের ওপর কালিমা লেপন করা হবে।’কালিমা লেপনে আমরা সিদ্ধহস্ত। একসময় দুনিয়াতে আমরা দুর্নীতিতে ফার্স্টক্লাস ফার্স্ট ছিলাম। এখনো ফার্স্টক্লাসেই আছি। ঝগড়া-বিবাদেও আমরা ফার্স্টক্লাস। বহুদিন থেকে বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়েও বিশ্বে কঠোর সমালোচনা হচ্ছে। কালিমা সেখানেও লেপন হয়েছে। কিন্তু বাংলাদেশের তরুণেরা, যারা এই দেশটাকে সামনে নিয়ে যেতে চায়; বাংলাদেশের কৃষক, যাঁরা এই দেশটার মুখে দুবেলা আহার জোটাচ্ছেন অথবা বাংলাদেশের খেটে খাওয়া মানুষ, যাদের শ্রমে, ঘামে দেশটা এখনো মাথা উঁচু করে আছে—এসব অপবাদ মানতে রাজি নয়। কিছু মানুষের ঔদ্ধত্য, দুর্নীতি, বিবেকহীনতা এবং অর্থ ও ক্ষমতার লোভের কাছে সারা দেশের ভাবমূর্তি জিম্মি হতে পারে না।আমি আশা করব, লিমনের গল্পটি কাফফার উপন্যাসের শেষ পৃষ্ঠা পর্যন্ত গড়াবে না। এই গরিব, অসহায় ছেলেটি ইতিমধ্যে অনেক চড়া মূল্য দিয়েছে শুধু একটা ভুল জায়গায় ভুল সময়ে থাকার জন্য। তার পা হারানোর দায় রাষ্ট্রের। রাষ্ট্র তার পা ফিরিয়ে দিতে পারবে না, কিন্তু তার শিক্ষাজীবন যাতে নির্বিঘ্ন হয়, তার জীবনের নিরাপত্তা যেন থাকে, সে ব্যবস্থা রাষ্ট্রকেই করতে হবে। পা হারানোর কোনো ক্ষতিপূরণ হয় না—এর পরও একটা বড় অঙ্কের অর্থ রাষ্ট্র থেকে লিমনের প্রাপ্য, যাতে তার বাবাকে ঢাকায় থেকে জীবনযুদ্ধ চালাতে না হয়। লিমনের প্রতি যে অন্যায় হয়েছে, রাষ্ট্রকেই তার প্রতিকার করতে হবে। আর যদি রাষ্ট্র তা না করে, এবং লিমনকে একটা প্রতিপক্ষ হিসেবেই বিবেচনা করতে থাকে, তা হলে অসমাপ্ত আত্মজীবনীতে যে হতাশা বঙ্গবন্ধু ব্যক্ত করেছিলেন, সে হতাশা সর্বগ্রাসী হয়ে দাঁড়াবে যে, এ দেশে গরিবের জন্য কোনো বিচার নেই।সৈয়দ মনজুরুল ইসলাম: কথাসাহিত্যিক। অধ্যাপক, ইংরেজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।