এক রাষ্ট্রে অপর রাষ্ট্রের দূতকে রাষ্ট্রদূত বলা হয়। কমনওয়েলথ দেশগুলোতে বলা হয় হাইকমিশনার। এই রাষ্ট্রদূত বা হাইকমিশনাররা একটি সার্বভৌম রাষ্ট্র কর্তৃক অপর সার্বভৌম রাষ্ট্রের প্রেরিত দূত। স্বাগতিক দেশে তাঁরা প্রতিনিধিত্ব করেন প্রেরণকারী রাষ্ট্রকে। প্রেরণকারী রাষ্ট্র স্বাগতিক দেশের নানাবিধ গুরুত্ব বিবেচনায় নিয়ে বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গকে রাষ্ট্রদূত বা হাইকমিশনার নিয়োগ দেয়। অবশ্য নিয়োগের আগে স্বাগতিক দেশের সম্মতি নিতে হয়। বর্তমানে আমাদের রাষ্ট্রদূতদের মাঝে প্রতিমন্ত্রী, সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিবসহ সব পর্যায়ের কর্মকর্তারা রয়েছেন। তাঁদের কেউ কেউ রাজনৈতিক বিবেচনায় নিয়োগপ্রাপ্ত। কেউ বা সামরিক বা বেসামরিক চাকরি থেকে প্রেষণে আর সিংহভাগই পেশাদার কূটনীতিক বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের সদস্য। যে স্তরের কর্মকর্তাই হোন আর তাঁর নিয়োগের উৎস যেটাই হোক, তিনি রাষ্ট্রদূত বা হাইকমিশনার। স্বাগতিক দেশটিতে তাঁরা একই মর্যাদার স্তরে থাকেন। আর অতি উঁচু সেই মর্যাদা। তাই এটা আশা করা যৌক্তিক, এত উঁচু মর্যাদায় যাঁরা এক রাষ্ট্রে নিজ রাষ্ট্রের প্রতিনিধিত্ব করছেন, তখন তাঁরা নিজের রাষ্ট্রটির মর্যাদা ও স্বার্থ সদা ভাবনায় রাখবেন। হয়তো বা কেউ কেউ তা করছেনও। কিন্তু সাম্প্রতিক কালে কেউ কেউ অবস্থান নিয়েছেন এর বিপরীতে। যেমন—আমাদের কয়েকজন রাষ্ট্রদূত তাঁদের কর্মস্থলে যে আচরণ করেছেন, তাতে মনে হয়, তাঁরা তাঁদের উঁচু মর্যাদার পাশাপাশি নিজ দেশটির মর্যাদার কথা বিস্মৃত হয়েছেন। নিশ্চিতভাবেই তাঁরা আমাদের দেশ ও জনগণের মর্যাদাকে খাটো করেছেন ভিন দেশের মাটিতে। এমনিতেই আমাদের একটি নেতিবাচক ভাবমূর্তি সারা বিশ্বেই বিরাজমান। এ দেশে ভালো কিছু ঘটলেও তার তেমন কোনো প্রচারণা নেই বাইরে। আবার অনেক ক্ষেত্রে আমরা নিজেরাই মন্দ কিছু ঘটিয়ে এর নেতিবাচক ভাবমূর্তিকে জোরদার করি। সাম্প্রতিক কালে চারটি দেশে আমাদের রাষ্ট্রদূতদের সম্পর্কে অত্যন্ত নেতিবাচক খবর এসেছে। একটি ঘটনা স্বাগতিক দেশের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে বাংলাদেশের রাষ্ট্রদূত কর্তৃক শিষ্টাচার লঙ্ঘনজনিত। জানা যায়, সে ঘটনার পর ওই দেশটির সরকার আমাদের সঙ্গে অতি শীতল আচরণ করছে। অথচ শ্রমশক্তি প্রেরণের বিবেচনায় সে দেশটি অতি গুরুত্বপূর্ণ। সেই রাষ্ট্রদূত এখনো বহাল তবিয়তে আছেন। দ্বিতীয় ক্ষেত্রটি একটি প্রতিবেশী দেশে আমাদের রাষ্ট্রদূতের বিনোদনমূলক কার্যক্রম শালীনতা ও রাষ্ট্রাচারবিরোধী বলে বারবার খবর আসছিল। তৃতীয় একটি দেশের একজন নারী কূটনীতিকের সঙ্গে তাঁর অতিরিক্ত মাখামাখিতে সে দেশটিও বিব্রত হয়ে আমাদের সরকারের কাছে অভিযোগ করেছিল। অনেক পানি ঘোলা করার পর সম্প্রতি তিনি ফেরত এসেছেন। তৃতীয় ক্ষেত্রটিতে রাষ্ট্রদূত অর্থ আত্মসাৎ ও ক্ষমতার অপব্যবহার করে স্বামী, বোন ও কন্যাকে নিজ দূতাবাসে চাকরি দিয়েছিলেন বলে অভিযোগ। তাঁকে ওএসডি করে প্রত্যাহার করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের দায়েরকৃত দুটো ফৌজদারি মামলার এজাহারভুক্ত আসামি তিনি। আর চতুর্থ ক্ষেত্রটিতে সেই রাষ্ট্রদূতের বিরুদ্ধে তাঁর আগের কর্মস্থলে থাকাকালীন অর্থ আত্মসাৎ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে। এবং তা নিয়ে দুর্নীতি দমন কমিশনের ১১ মাস আগে দায়ের করা দুটো মামলায় তিনি বর্তমানে এজাহারভুক্ত আসামি। মামলা দুটোতে অচিরেই চার্জশিট হবে বলে দুদককে উদ্ধৃত করে পত্রিকায় খবর এসেছে। অথচ তিনি বহাল তবিয়তে এখনো রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তাঁর খুঁটির জোর কোথায়, এটা ভেবে হিমশিম খেতে হয়। এজাহার দায়েরের ১১ মাস পর চার্জশিট যখন মুখোমুখি, তখনো তাঁর নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ চোখ বন্ধ আর কানে তুলো দিয়ে এ অনাচারকে প্রশ্রয় দিচ্ছে বললে কি ভুল হবে? এ চারজনের প্রথম দুজন রাজনৈতিক বিবেচনায় নিয়োগপ্রাপ্ত। ভেবে ব্যথিত হই আর প্রশ্ন জাগে, ক্ষমতাসীন দলটিতে অনেক দক্ষ, যোগ্য ও সৎ লোক থাকা সত্ত্বেও এঁদের মতো লোককেই রাজনৈতিক বিবেচনায় রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া কি খুব প্রয়োজনীয় ছিল? যাঁদের জ্ঞান ও নৈতিকতা এ স্তরের, তাঁদের এ ধরনের পদে নিয়োগ দিলে এসব জাতীয় আচরণকেই স্বাভাবিক বলতে হবে। আর শেষোক্ত দুজন তো বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের কর্মকর্তা। সরকার অনেক টাকা খরচ করে তাঁদের দেশে-বিদেশে অনেক প্রশিক্ষণ দিয়েছে। সরকারি নিয়মকানুন সবই তাঁদের জানা থাকার কথা। অবশ্য আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত না হলে হয়তো বা তাঁদের চূড়ান্তভাবে দোষী বলা যাবে না। কিন্তু এটা তো সবার জানার কথা, প্রথমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত আর দুদকের প্রাথমিক তদন্ত উভয়টিতে শেষোক্ত দুজনের বিরুদ্ধে অভিযোগ প্রতিষ্ঠিত। এঁদের একজনের বিভিন্ন কর্মক্ষেত্রে দুর্নীতির জন্য কুখ্যাতি বহুল আলোচিত। শেষোক্ত জনের বিরুদ্ধে তো চূড়ান্ত তদন্তের অপরাধ প্রমাণিত হয়েছে বলে জানা যায়। ফলে যে দেশগুলোতে তাঁরা আমাদের প্রতিনিধিত্ব করছেন বা করেছেন, সেখানে এসব বিষয় রটে যাওয়ারই কথা। জেনে গেছেন সে দেশে কর্মরত কূটনৈতিক কোরে তাঁদের সাথিরা। সুতরাং তাঁরা তাঁদের ক্ষতি কতটা হয়েছে বলে মনে করেন, সেটা না জানলেও আমাদের দেশের ভাবমূর্তির যে বড় ক্ষতি হয়ে গেছে, এটা বলার অপেক্ষা রাখে না। এখানে উল্লেখ করা যেতে পারে, দূতাবাসগুলোতে রাষ্ট্রদূত বা হাইকমিশনার ছাড়াও আরও কিছু কর্মকর্তা কর্মরত থাকেন। মূলত তাঁরা বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের। তবে বেশ কিছু মন্ত্রণালয়/বিভাগ যেমন প্রতিরক্ষা, বাণিজ্য, ধর্ম, বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগ নিজেদের বিশেষ দায়িত্ব পালনের জন্য দূতাবাসগুলোতে প্রেষণে কর্মকর্তা পদায়ন করে। তাঁরা রাষ্ট্রদূত বা হাইকমিশনারের অধীনেই সে দায়িত্ব পালন করেন। ক্ষেত্রবিশেষে সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ তাঁদের ওপর রাষ্ট্রদূতের নিয়ন্ত্রণ হালকা করতে উৎসাহ জোগান বলে অভিযোগ রয়েছে। এটা অনভিপ্রেত এবং রাষ্ট্রদূত কর্তৃক দূতাবাস যথাযথভাবে পরিচালনায় বিঘ্ন সৃষ্টি করে। এসব কর্মকর্তার একটি অংশও দুর্নীতিমূলক কাজের সঙ্গে সংশ্লিষ্ট হয়ে পড়ছে বলে জানা যায়। এ ক্ষেত্রে রাষ্ট্রদূত সৎ ও দক্ষ হলে ওই প্রবণতা বন্ধ না হলেও ন্যূনতম পর্যায়ে নেমে আসার কথা। আর বিপরীতধর্মী হলে কী ঘটতে পারে, তা আলোচনার অপেক্ষা রাখে না। রাষ্ট্রদূতদের নিয়োগের উৎস যেটাই হোক, তাঁরা আমাদের সমাজের অংশ। সুতরাং সর্বক্ষেত্রে অবক্ষয়ের ছাপ তাঁদের ওপরও পড়বে, এটা বিস্ময়ের কথা না হলেও কিছু কথা থেকে যায়। প্রথমেই আলোচনা করা হয়েছে তাঁদের অতি উঁচু মর্যাদার বিষয়টি। পাশাপাশি বিদেশে কর্মরত থাকাকালে বেতনের বাইরে তাঁদের যে আর্থিক প্রণোদনা দেওয়া হয়, তা ধনী রাষ্ট্রগুলোর অনুরূপ না হলেও আমাদের আর্থিক সামর্থ্যের বিবেচনায় প্রভূত। আর তাঁদেরই যে সহকর্মী অন্য মন্ত্রণালয়ে কেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত আছেন, তাঁর সঙ্গে বিবেচনা করলেও ঈর্ষণীয়। বেতনের বাইরে শুধু বিদেশ ভাতা নয়, আকর্ষণীয় হারে ভ্রমণভাতা, মোটা অঙ্কের টাকা ভাড়ায় সজ্জিত বাসভবন, আপ্যায়ন ভাতা, পরিবারের চিকিৎসার সব ব্যয়, চালক ও জ্বালানিসহ গাড়ি, সন্তানের পড়াশোনার খরচের একটি বড় অংশ ছাড়াও দুজন গৃহকর্মীর জন্য আন্তর্জাতিক (দেশে দেশে বেশ-কম হয়) হারে মজুরি। দূতাবাসের অন্য কর্মকর্তারাও (প্রেষণে নিয়োজিতরাসহ) আনুপাতিক হারে সন্তোষজনক আর্থিক প্রণোদনা পেয়ে থাকে। এককথায় বলা চলে, নিছক অমিতব্যয়ী না হলে এ আর্থিক প্রণোদনা সচ্ছল জীবনযাপন ও কিছু সাশ্রয়ের জন্য যথেষ্ট। সুতরাং ভাবতে বেদনা হয়, দরিদ্র এ দেশটি এত কিছু যাঁদের জন্য করছে, তাঁরা কেন দেশের সুনাম এভাবে নষ্ট করছে। তাহলে যথেষ্ট আর্থিক প্রণোদনা নেই বলে দুর্নীতি হয়—এ তত্ত্ব কি ভ্রান্ত প্রমাণিত হবে? আগেই উল্লেখ করা হয়েছে, সমাজের মূল্যবোধের যে সর্বগ্রাসী অবক্ষয়, তার ছাপ প্রতিটি প্রতিষ্ঠানে। অবশ্য এ সমাজেই ব্যতিক্রম আছেন অনেকেই সব ক্ষেত্রে।এখানে উল্লেখ করা যথার্থ হবে যে শুধু রাষ্ট্রদূতের মর্যাদা নয়, স্বাগতিক দেশে স্থাপিত আমাদের দূতাবাস ভবন ও আঙিনাও একটি খুদে বাংলাদেশ। শুধু আমাদের নয়, যেকোনো দেশের দূতাবাস যেখানে আছে, সে স্থানটিও একই মর্যাদা পায়। যে দেশে দূতাবাস রয়েছে সে দেশের আইন এর সীমানার মধ্যে কার্যকর নয়। কিন্তু এর নিরাপত্তার দায়িত্ব তাদের। আমরা দেখতেই পাচ্ছি, উইকিলিকস খ্যাত জুলিয়ান অ্যাসাঞ্জ লন্ডনে অবস্থানকালে সুইডেনে চলমান একটি মামলায় হাজির হতে ব্রিটিশ আদালত তাঁকে নির্দেশ দেন। সেটা এড়াতে তিনি আশ্রয় নিয়ে অবস্থান করছেন ইকুয়েডর দূতাবাসে, বেশ কয়েক মাস ধরে। ব্রিটিশ পুলিশ দূতাবাসের নিরাপত্তা দিচ্ছে কিন্তু জুলিয়ান অ্যাসাঞ্জকে দূতাবাসে প্রবেশ করে গ্রেপ্তারে অসমর্থ ও অসহায়। দূর থেকে শুধু নজর রাখছে। এর আঙিনায় প্রবেশের অধিকারও তাদের নেই। আধুনিক বিশ্ব দূতাবাস ও রাষ্ট্রদূতদের এ মর্যাদা স্বীকার করে চলছে। অবশ্য সাম্প্রতিক বিশ্বে গুটিকয় ক্ষেত্রে এ মর্যাদাটি লঙ্ঘিত হয়েছে। এর মাঝে ১৯৭৯-৮০ সালে তেহরানে মার্কিন দূতাবাসে অর্ধশতাধিক কূটনীতিককে প্রায় ১৪ মাস জিম্মি করে রাখা অন্যতম। অবশ্য এটা নিয়ম নয়, ব্যতিক্রম, অসমর্থনযোগ্য ও বর্জনীয়; যেকোনো অবস্থায়। উল্লেখ্য, কয়েক শতাব্দী আগে যুদ্ধে পরাজিত শাসকসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যাই ছিল প্রতিষ্ঠিত রেওয়াজ। তখনো প্রাচীন ভারতে একটি কথা প্রচলিত ছিল, ‘দূত অবধ্য’। যে পর্যায়েরই হোক, বিদেশে আমাদের রাষ্ট্রদূতেরা তাঁদের বাড়ি ও গাড়িতে ওড়ান জাতীয় পতাকা। আর দূতাবাসে তো আছেই। তাহলে তাঁরা এ ধরনের অনিয়ম করতে কি একবারও ভেবে দেখবেন না? উঁচু পদ ও অতি উঁচু মর্যাদার পাশাপাশি পর্যাপ্ত সুবিধাদি একজন ব্যক্তির মধ্যে সন্তুষ্টি আনার কথা। অবশ্য আমাদের দেশে উঁচু পদে, উঁচু মর্যাদায় আর ব্যাপক সুযোগ-সুবিধার অধিকারী হয়েও অনেক হর্তাকর্তার মধ্যে সে সন্তুষ্টি আসছে না অনেক ক্ষেত্রেই। অনেক অনেক অভিযোগ প্রতি সরকারের সময়ে আছে এ ধরনের পদাধিকারীদের বিরুদ্ধে। তেমন কোনো বিহিত হয় না পদ হারানোর পর সাময়িক কিছু বিড়ম্বনা ছাড়া। তবে আমাদের কূটনৈতিক সার্ভিসটি তো ঐতিহ্যগতভাবে এরূপ ছিল না। দু-একটি বিরল ব্যতিক্রম ছাড়া রাষ্ট্রদূত বা তাঁর সহকর্মীরা দূতাবাসে কর্মরত থাকাকালে তাঁদের দ্বারা দেশের সম্মান সাধারণত বিপন্ন হয়নি এভাবে। ইদানীং তো মনে হচ্ছে, এখানেও পচন ধরেছে। অবশ্যই সম্মানজনক জীবনযাপনকারী অনেকে রয়েছেন। এখানে উল্লেখ করতে হয়, রাষ্ট্রদূতদের স্বাগতিক দেশের অতি উঁচু পদাধিকারীরাও এক্সেলেন্সি (Excellency) অর্থাৎ মান্যবর বলে সম্বোধন করে থাকেন। প্রসঙ্গটির আলোচনার ইতিতে স্মরণে আসছে ভারতের খ্যাতনামা সাংবাদিক কুলদীপ নায়ার ঢাকার কোনো একটি ইংরেজি দৈনিকে অনেক আগে সম্পূর্ণ ভিন্ন প্রসঙ্গে একটি কলাম লিখেছিলেন। নিবন্ধকারের স্মৃতিতে অম্লান সেই কলামটির শিরোনাম ছিল ‘Excellencies are not always Excellent’। আলী ইমাম মজুমদার: সাবেক মন্ত্রিপরিষদ সচিব।