রাষ্ট্রপতি নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন রাষ্ট্রপতি নিয়োগকে কেন্দ্র করে বিরোধী দলের সঙ্গে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক আলোচনার সুযোগ সৃষ্টি হয়েছে। প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের প্রতি রাষ্ট্রীয় শোক পালনে বিএনপির সক্রিয় অংশগ্রহণ সাধারণ মানুষ অত্যন্ত ইতিবাচক হিসেবেই দেখছে বলে প্রতীয়মান হচ্ছে। বিভেদের রাজনীতিতে কিছুটা হলেও সহনশীলতার একটা বাতাবরণ সৃষ্টি হয়েছে। বিরোধীদলীয় নেতারা বলছেন, আগামী সাধারণ নির্বাচন অনুষ্ঠানে রাষ্ট্রপতির ভূমিকা গুরুত্বপূর্ণ। সুতরাং একান্ত দলীয় বিবেচনায় নিয়োগ না দিয়ে গ্রহণযোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি নিয়োগ দেওয়াই সমীচীন হবে।১৯৯০ সালের ডিসেম্বরে স্বৈরাচারের পতনের পর দেশবাসী আশা করেছিল, রাজনৈতিক দলগুলো দেশের রাষ্ট্রপতিকে একটি মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত করবে। কিন্তু শুরুতেই এটি হোঁচট খায় অস্থায়ী রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দীন আহমদের পর বিএনপি যখন স্বাধীনতাবিরোধী হিসেবে পরিচিত একজন ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করে। আমাদের গণতান্ত্রিক অভিযাত্রা আরও কণ্টকিত হয়ে পড়ে যখন তৎকালীন ক্ষমতাসীন দলটি জামায়াতের সমর্থনে সরকার গঠন করে একতরফা রাষ্ট্রপতি নির্বাচনে অগ্রসর হয়। বিএনপির নেতারা এখন স্মরণ করছেন যে অতীতে দুই দল মিলে নির্দলীয়-নিরপেক্ষ ব্যক্তিকে রাষ্ট্রপতি করেছিল। কিন্তু এ কথাও উল্লেখ করা প্রয়োজন যে তখন তারা দলীয় স্বার্থ রক্ষায় গোপন ব্যালট-প্রথা পরিহার করে প্রকাশ্য ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের বিধান করেছিল। ঠুনকো সংখ্যাগরিষ্ঠতার কারণে তারা গোপনে ব্যালট ব্যবস্থায় যেতে রাজি হয়নি। অথচ ভারতসহ সংসদীয় গণতন্ত্র অনুশীলনরত প্রায় সব উন্নত দেশই গোপন ব্যালটে রাষ্ট্রপতি নির্বাচন করে থাকে। আওয়ামী লীগ এর তীব্র বিরোধিতা করেছিল। এমনকি হাইকোর্টে রিটও করেছিল। যদিও রিটে আওয়ামী লীগ হেরে গিয়েছিল। কিন্তু আমরা মনে করি, তাদের সেই রাজনৈতিক অবস্থান সঠিক ও অধিকতর গণতান্ত্রিক ছিল। সত্তর অনুচ্ছেদ বহাল রেখে প্রকাশ্য ভোটে রাষ্ট্রপতি নির্বাচন কার্যত প্রহসন। কথা হচ্ছে, ‘তুমি অধম হইলে আমি উত্তম হইব না কেন’। সামনে নির্বাচন। এখন যদি সব দলের কাছে গ্রহণযোগ্য কোনো ব্যক্তিকে রাষ্ট্রপতি নির্বাচন করা সম্ভব হয়, তাহলে আগামী নির্বাচনের ফলাফল যা-ই হোক না কেন, সবার ভরসা করার মতো অন্তত একটি জায়গা সৃষ্টি হতে পারে। রাষ্ট্রপতি পদের যে মর্যাদা তা দেশে সাম্প্রতিক বছরগুলোতে মোটেই উজ্জ্বল নয়, কোনো কোনো ঘটনায় খুবই নিষ্প্রভ। ঐতিহ্যগতভাবে সরকারের ওপর রাষ্ট্রপতি চার ধরনের প্রভাব খাটাতে পারেন। তিনি পরামর্শ দেবেন, উৎসাহ জোগাবেন, সতর্ক করবেন ও সুপারিশ করবেন। সংবিধানে রাষ্ট্রপতির অনুরোধে যেকোনো বিষয়ে মন্ত্রিসভায় আলোচনা এবং বিল পুনর্বিবেচনা করতে বলার যে অধিকার দেওয়া আছে তার প্রয়োগ নেই। সম্ভবত এর প্রধান কারণ অবিশ্বাস। সংসদীয় গণতন্ত্রের বিকাশ চাইলে এই অচলাবস্থা পেছনে ফেলতে হবে। সদিচ্ছা থাকলে ক্ষমতাসীন দল একটি আদর্শস্থানীয় রাজনৈতিক দৃষ্টান্ত স্থাপন করতে পারে। অনানুষ্ঠানিকভাবে বিরোধী দলকে আস্থায় নিলে অন্তত ভোটের দিন তাদের সংসদে উপস্থিতি একেবারে অবাস্তব নয়।