বাংলাদেশে রাষ্ট্রপতি পদে শিগগিরই নির্বাচন হবে। সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনে প্রকাশ্যে ভোট দেবেন। রাষ্ট্রপতি নির্বাচনের এই পদ্ধতি কতটা সঠিক, তা নিয়ে আলোচনার সুযোগ রয়েছে। শুধু জাতীয় সংসদের সদস্যরাই কি ‘নির্বাচিত জনপ্রতিনিধি’? আর কেউ নন? নাকি জাতীয় সংসদের সদস্যদের আইন প্রণয়ন ও সংবিধান রচনা বা পরিমার্জনার অধিকার আছে বলে তাঁরা আর কাউকে ‘নির্বাচিত জনপ্রতিনিধি’ হিসেবে স্বীকার করতে চান না? বিভিন্ন স্তরের স্থানীয় সরকারে নির্বাচিত ব্যক্তিরাও তো জনপ্রতিনিধি। তাঁরাও জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন। কাজেই রাষ্ট্রপতির মতো একটি গুরুত্বপূর্ণ পদে শুধু ৩৫০ জন সাংসদ কেন ভোট দেবেন? দেশের সব নির্বাচিত প্রতিনিধি ভোট দিতে অসুবিধা কোথায়? তাঁদেরও ভোট দেওয়ার সুযোগ থাকা উচিত। তাতে রাষ্ট্রপতি পদটার শক্তি অনেক গুণে বৃদ্ধি পাবে। নিছক দলীয় প্রার্থী (যার অন্য কোনো গুণ বা গ্রহণযোগ্যতা নেই) এ রকম নির্বাচনে জয়ী না-ও হতে পারেন। এর ফলে সরকার পরিচালনায় একটা ব্যালান্স সৃষ্টি হতে পারে। নির্বাচিত প্রধানমন্ত্রী যা খুশি তা করতে পারবেন না। এখনকার বিধান অনুযায়ী সংসদের সংরক্ষিত আসনের নারী সদস্যরাও রাষ্ট্রপতি পদে ভোট দিতে পারেন। অথচ তাঁদের কোনো ভোটার নেই, নির্বাচনী এলাকাও নেই। পাশাপাশি ঢাকা বা চট্টগ্রামের মেয়র লাখ লাখ ভোটে নির্বাচিত হন। বিরাট তাঁদের নির্বাচনী এলাকা। কিন্তু তিনি রাষ্ট্রপতি পদে ভোট দিতে পারেন না। এটা কি সুবিচার হলো? ওই নারী সাংসদ জনপ্রতিনিধি আর ঢাকার মেয়র জনপ্রতিনিধি নন? সংবিধানের এই দুর্বলতাগুলো কাটানোর সময় এসেছে। রাষ্ট্রপতি নির্বাচনের ইলেকটোরাল কলেজ সম্প্রসারণ করার বিষয়ে বিশেষজ্ঞ মহলকে আলোচনার অনুরোধ জানাচ্ছি। এ ছাড়া রাষ্ট্রপতি পদে প্রকাশ্যে ভোট হবে কেন? গোপন ব্যালটে ভোট হওয়া উচিত। একজন বিশেষজ্ঞ প্রশ্ন তুলেছেন, যে রাষ্ট্রপতি নিজ বুদ্ধিতে মাত্র দুটি কাজ করতে পারেন, বাকি সব কাজ প্রধানমন্ত্রীর পরামর্শেই তাঁকে করতে হয়, সেই রাষ্ট্রপতির নির্বাচন কীভাবে হবে, তা নিয়ে মাথা না ঘামালেও চলবে। অর্থাৎ রাষ্ট্রপতি পদের নির্বাচনের চেয়ে বেশি জরুরি বিষয় হলো রাষ্ট্রপতি পদের ক্ষমতা। বর্তমানে রাষ্ট্রপতির যে দুটি ক্ষমতা রয়েছে, তা এই পদের জন্য নিতান্তই অপ্রতুল। তার অর্থ এই নয় যে রাষ্ট্রপতি পদকে প্রধানমন্ত্রীর মতো ক্ষমতাশালী করে তুলতে হবে। কারণ, সংসদীয় গণতন্ত্রে প্রধানমন্ত্রীই প্রধান নির্বাহী। তবে আমাদের সংবিধানে প্রধানমন্ত্রীকে অনেক বেশি ক্ষমতা দেওয়া হয়েছে। এ রকম ক্ষমতা আমেরিকার প্রেসিডেন্টেরও নেই। তিনি একা প্রায় কোনো সিদ্ধান্তই নিতে পারেন না। এটাই হলো প্রকৃত গণতন্ত্র। আমাদের দেশে যা চলছে তা ‘সংসদীয় গণতন্ত্রের’ নামে ‘প্রধানমন্ত্রীর একনায়কত্ব’। হয় আমাদের প্রধানমন্ত্রীর ক্ষমতা কমাতে হবে এবং রাষ্ট্রপতির ক্ষমতা কিছু বাড়াতে হবে। এমনকি দুজন উপপ্রধানমন্ত্রীর পদ সৃষ্টি করেও ক্ষমতাকে কিছুটা বিকেন্দ্রীকরণ করা যায়। একজন উপপ্রধানমন্ত্রী চারটি বিভাগের উন্নয়নকাজ তত্ত্বাবধান করতে পারেন। দেশে অনাদিকাল ‘বঙ্গবন্ধুর কন্যা’ বা ‘শহীদ জিয়ার স্ত্রী’ প্রধানমন্ত্রী হবেন না। এখন ‘বঙ্গবন্ধু কন্যা’ প্রধানমন্ত্রী বলে অনেক বাঘা নেতাও অনেক কিছু মুখ বুঝে সহ্য করছেন। সব সময় সহ্য করবেন কি?এখন থেকেই ভবিষ্যতের কথা মনে রেখে সংবিধান সংশোধনের কথা ভাবতে হবে। সংসদে দুই-তৃতীয়াংশ আসন সব নির্বাচনে পাওয়া যাবে না। এবার আসা যাক এবারের রাষ্ট্রপতি পদে নির্বাচন প্রসঙ্গে। বর্ষীয়ান নেতা জিল্লুর রহমানের মৃত্যুতে রাষ্ট্রপতি পদটি শূন্য হয়েছে। আমাদের রাষ্ট্রপতি এতই ক্ষমতাহীন ও রাবার স্ট্যাম্প যে এই পদে কে আছেন বা কে নেই, তা নিয়ে অনেকেই মাথা ঘামাতে চান না।এমন এক সময় রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে যখন বর্তমান সরকারের মেয়াদ আর মাত্র নয় মাস। তারপর নির্বাচন। নতুন রাষ্ট্রপতিকে দুটি বড় চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। ১. নির্বাচন ও তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যে রাজনৈতিক সংকট দানা বেঁধে উঠেছে, তা নিরসনে ভূমিকা রাখা। একটি গ্রহণযোগ্য সংসদ নির্বাচনে নেতৃত্ব দিতে হবে। দলীয় রাষ্ট্রপতি হলেও তাঁকে নির্বাচন প্রশ্নে প্রধান বিরোধী দলের সঙ্গে একটা সমঝোতা তৈরি করতে হবে। শুধু দলীয় দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করলে দেশে ও বিদেশে তিনি সমালোচিত হবেন। আবার নিজ দলের স্বার্থও উপেক্ষা করতে পারবেন না। তাঁর ভূমিকা হতে হবে ‘সাপও মরবে লাঠিও ভাঙবে না’। কাজটা কঠিন। ২. দ্বিতীয় চ্যালেঞ্জটা হলো: নির্বাচনে যদি বিএনপি জোট জিতে যায় তাহলে তিনি কী করবেন?এ ব্যাপারে দুটি মত রয়েছে। প্রথমটি হলো নির্বাচনে বিএনপি জোট জয়লাভ করলে শপথ অনুষ্ঠানের পর রাষ্ট্রপতি পদত্যাগ করলে ভালো হয়। বিএনপি জোট তাদের পছন্দমতো রাষ্ট্রপতি পদে নিয়োগ দিতে পারবে। সেটাই শোভন। আরেকটি মত হলো: ‘কেন রাষ্ট্রপতি পদত্যাগ করবেন? তিনি পাঁচ বছরের জন্য নির্বাচিত। সরকার যে দলেরই হোক, তিনি রাষ্ট্রপতি পদেই থাকবেন।’ এই মত আইনানুগ। কিন্তু কতটা বাস্তবসম্মত সেটা হলো প্রশ্ন। রাষ্ট্রপতিকে সংসদ অধিবেশনে সরকার রচিত ‘ভাষণ’ পাঠ করতে হয়। নতুন রাষ্ট্রপতি কি তা পাঠ করতে রাজি হবেন? সেই ভাষণে কী কী কথা থাকবে, তা কি অনুমান করতে কষ্ট হয়? এ ছাড়া সরকার চাইলে প্রতি পদে পদে রাষ্ট্রপতিকে অপদস্থ করতে পারে। আওয়ামী লীগ কর্তৃক নির্বাচিত রাষ্ট্রপতি কি অপদস্থ হতে চাইবেন? লাঠালাঠি করে বঙ্গভবনে থাকার মধ্যে কোনো সুখ নেই। তাই আমরা মনে করি, অন্য জোট যদি নির্বাচনে জয়লাভ করে তাহলে শপথ গ্রহণের পর রাষ্ট্রপতির সরে আসাটাই ভালো হবে। তবে রাষ্ট্রপতি সংবিধানের দোহাই দিয়ে ক্ষমতায় থাকলে তাঁর জীবনটা সুখকর হবে না। বর্তমান সংকটকালে কে রাষ্ট্রপতি হতে যাচ্ছেন? সংবাদপত্র লিখেছে: ‘একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া আর কেউ তা জানে না।’ বলিহারি আমাদের গণতন্ত্র! তাই তো, প্রধানমন্ত্রীই তো জানবেন। কারণ, বর্তমান ব্যবস্থায় সরকার পরিচালনা তো একধরনের জমিদারি। দল ও সরকারে বাকিরা তো তাঁর প্রজা ও মোসাহেব। কেমন রাষ্ট্রপতি চান? এই প্রসঙ্গে প্রথম আলো পত্রিকায় চারজন বিশিষ্ট ব্যক্তি সাক্ষাৎকারে বলেছেন: ১. নির্দলীয় ব্যক্তিকে রাষ্ট্রপতি করা উচিত ২. রাষ্ট্রপতিকে হতে হবে গ্রহণযোগ্য ও যোগ্য ৩. নতুন রাষ্ট্রপতিকে রাজনীতি বুঝতে হবে ও ৪. দেশকে এগিয়ে নেবেন এমন রাষ্ট্রপতি চাই। (২৮ মার্চ, ২০১৩)বিশিষ্ট নাগরিকদের এই প্রত্যাশা, অনুমান করি, দেশের সব নাগরিকেরই প্রত্যাশা। কিন্তু সমস্যা হচ্ছে, দেশের রাজনীতি দূষিত ও ব্যক্তিকেন্দ্রিক (পরিবার)। দল ও সরকার পরিচালিত হয় এক ব্যক্তির ইচ্ছায়। গণতন্ত্র শুধু কথায় ব্যবহূত হয়। সেখানে বিশিষ্ট নাগরিকদের এই প্রত্যাশার কোনো কদর হবে না। নির্দলীয় ব্যক্তিকে রাষ্ট্রপতি করার কথা বড় দুই দল এখন স্বপ্নেও ভাবতে পারবে না। তা ছাড়া ব্যক্তিত্বসম্পন্ন নির্দলীয় ব্যক্তি রাষ্ট্রপতি হতে সম্মতই বা হবেন কেন? রাষ্ট্রপতিকে তো প্রধানমন্ত্রীর পরামর্শে সব কাজ করতে হবে। রাষ্ট্রপতির নিজস্ব বিবেক-বিবেচনায় কাজ করার তো সুযোগ নেই। ফাঁসির আসামিকেও ক্ষমা করে দিতে হয় প্রধানমন্ত্রীর পরামর্শে। নির্দলীয় ব্যক্তি কি এই কাজ করতে রাজি হবেন? দেশে কয়টি সরকারি উচ্চপদে দলীয় সরকার ‘যোগ্য ও গ্রহণযোগ্য ব্যক্তিকে’ নিয়োগ দিয়েছে? বেশির ভাগ ক্ষেত্রে অযোগ্য ব্যক্তিকে নিয়োগ দেওয়াতেই সরকারের আগ্রহ বেশি। গত চার বছরের বিভিন্ন সরকারি নিয়োগ দেখুন। নতুন রাষ্ট্রপতি রাজনীতি তো দূরের কথা, কোনো কিছু বুঝতে চেষ্টা করাই একটা অপরাধ বলে গণ্য হবে। যা কিছু বোঝার তা প্রধানমন্ত্রীই বুঝবেন এবং পরামর্শ দেবেন রাষ্ট্রপতিকে। রাষ্ট্রপতির কিছু বোঝার চেষ্টা না করাই উচিত। বুঝলে মতামত দিতে ইচ্ছে করবে। আমাদের রাজনৈতিক সংস্কৃতি একটি ‘রোবট রাষ্ট্রপতি’ চায়। বুঝদার রাষ্ট্রপতি চায় না। সে জন্য বিচারপতি সাহাবুদ্দীন আহমদকে আওয়ামী লীগের চোখে ‘ভিলেন’ হতে হয়েছে। বদরুদ্দোজা চৌধুরীকে অপদস্থ হয়ে পদত্যাগ করতে হয়েছে। দেশকে এগিয়ে নেওয়ার মতো কাজ রাষ্ট্রপতি করতে পারেন না। সংবিধান তাঁকে সেই ক্ষমতা দেয়নি। এ ক্ষমতা ও এখতিয়ার প্রধানমন্ত্রীরই। তিনি সঠিক নেতৃত্ব দিতে পারলে দেশ এগিয়ে যাবে। রাষ্ট্রপতির এখানে করার কিছু নেই। চারজন বিশিষ্ট নাগরিকের এই প্রত্যাশা যেন একদিন রাষ্ট্রপতি পদের জন্য প্রযোজ্য হয়, আমরা সেই অপেক্ষায় থাকব। রাষ্ট্রপতি পদ ও নির্বাচনকে কার্যকর করতে হলে সংবিধানের কিছু ধারা পরিবর্তন ও সংযোজন করা দরকার। সেই সঙ্গে প্রধানমন্ত্রীর একচেটিয়া কিছু ক্ষমতাও হ্রাস করা দরকার। দুজন উপপ্রধানমন্ত্রীর পদ সৃষ্টি করলেও ভালো হয়। তাঁদের প্রধান কাজ হবে চার বিভাগের (মোট আট বিভাগ) উন্নয়নকাজ তদারক ও সমন্বয় করা। সমস্যার সমাধান করা। সমস্যাপীড়িত ও দুর্নীতিগ্রস্ত বাংলাদেশের সরকারি প্রশাসনকে কার্যকর করতে হলে নানা রকম পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এ জন্য সংবিধানও সংশোধন করতে হবে। তবে সময়স্বল্পতার কারণে এবারও হয়তো ‘কবর জিয়ারতের’ রাষ্ট্রপতিকেই মেনে নিতে হবে। কাজেই এই পদে কে আসছেন তা মোটেও গুরুত্বপূর্ণ নয়। পৃথিবীর সেরা রাষ্ট্রবিজ্ঞানীও যদি এই পদে বসেন তাঁকে প্রধানমন্ত্রীর পরামর্শেই কাজ করতে হবে। কাজেই এই পদ নিয়ে এত জল্পনা-কল্পনার কিছু নেই। মনে হয় তালিকায় নাম ঢোকানোর প্রতিযোগিতা চলছে। তবে ভবিষ্যতের জন্য এসব প্রসঙ্গ নিয়ে বিশেষজ্ঞ ও আগ্রহী মহলে আরও বিতর্ক ও আলোচনা হওয়া উচিত। মুহাম্মদ জাহাঙ্গীর: মিডিয়া ও উন্নয়নকর্মী।