রাষ্ট্রপতির কথা অন্তত আমলে নিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫০তম সমাবর্তন উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ডাকসু নির্বাচন সম্পর্কে যা বলেছেন, সেটি দেশের সর্বস্তরের মানুষের আকাঙ্ক্ষার প্রতিধ্বনি। তবে কেবল ডাকসু বা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নয়, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য কথাটি প্রযোজ্য। এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও ছাত্র সংসদ নির্বাচনের তাগিদ দিয়েছেন। তিনি শিক্ষামন্ত্রী মহোদয়ের কাছে এ ব্যাপারে অনুরোধ জানিয়েছেন বলে গণমাধ্যমে খবর এসেছে।
এটি অবিশ্বাস্য বিষয় যে সামরিক সরকারের আমলে ডাকসুসহ প্রায় সব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সংসদগুলোর নির্বাচন হলেও গণতান্ত্রিক সরকারের আমলে তা বন্ধ আছে আড়াই দশকেরও বেশি সময় ধরে। ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী দল বিএনপির মধ্যে অন্য সব বিষয়ে মতভেদ থাকলেও এই একটি বিষয়ে আশ্চর্যজনক ঐক্য আছে। ২৬ বছর ধরে আওয়ামী লীগ ও বিএনপি পালা করে দেশ শাসন করলেও কেউ ছাত্র সংসদ নির্বাচন দেয়নি। এটি কেবল গণতান্ত্রিক শাসনের পরিপন্থী নয়, নতুন নেতৃত্ব গঠন ও বিকাশেরও অন্তরায়। আরও অবাক কাণ্ড যে বর্তমানে সরকার ও বিরোধী দলের রাজনীতিতে যাঁরা নেতৃত্ব দিচ্ছেন, তাঁদের অনেকেই ছাত্রজীবনে ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধি ছিলেন।
রাষ্ট্রপতি যথার্থই বলেছেন, ডাকসু তথা ছাত্র সংসদ নির্বাচন না হলে নেতৃত্বশূন্যতা দেখা দেবে। সত্যি কথা বলতে কি ২৬ বছর ছাত্রসমাজ নেতৃত্ব নির্বাচনের সুযোগ থেকে বঞ্চিত থাকায় ইতিমধ্যে গভীর শূন্যতার সৃষ্টি হয়েছে। দেশে দুর্যোগপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে না। সরকারের দাবি অনুযায়ী সবকিছু স্বাভাবিকভাবে চলছে। তাহলে ছাত্র সংসদ নির্বাচন দিতে বাধা কোথায়?
এ অবস্থায় ছাত্রসমাজসহ প্রতিটি গণতন্ত্রকামী মানুষের দাবি, অবিলম্বে ডাকসুসহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন হোক। গণতান্ত্রিকভাবে পরিচালিত কোনো সরকার ছাত্রসমাজের নেতৃত্ববিরোধী অবস্থান নিতে পারে না। রাষ্ট্রপতি বলেছেন, নেতৃত্ব বিকাশে ডাকসু নির্বাচন অবশ্যই হতে হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রীর প্রতি অনুরোধ জানিয়েছেন। কিন্তু বিষয়টি তো অনুরোধ-উপরোধের নয়। সরকারকেই ছাত্র সংসদ নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। আর সেই সিদ্ধান্ত নিতে পারেন একমাত্র সরকারপ্রধানই।
ডাকসু নির্বাচন নিয়ে রাষ্ট্রপতির বক্তব্যকে আমলে নেওয়া হোক।