রাষ্ট্রপতির নেতৃত্বেই আলোচনা হোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী নির্বাচন নিয়ে চলমান রাজনৈতিক সংকট উত্তরণ সম্পর্কে বলেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন এবং বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন সাক্ষাৎকার নিয়েছেনমিজানুর রহমান খান ও মশিউল আলমপ্রথম আলো  চলমান রাজনৈতিক সংকট থেকে উতরানোর কী উপায় আপনি দেখেন?কামাল হোসেন  অনেকে বলেন তৃতীয় শক্তির কথা। কিন্তু আমি বলি তৃতীয় শক্তি নয়, সমাধান দেবে প্রথম শক্তি। এই প্রথম শক্তি হলো জনসাধারণ। তারা তাদের জানমালের নিরাপত্তা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে উদ্বিগ্ন। প্রথম আলো  বিরোধী দলের ওপর দমন-পীড়ন চলছে বলে অভিযোগ আছে কিন্তু এভাবে কি তাদের মোকাবিলা করা যাবে? এই করে কি তাদের সংসদে আনা যাবে? কামাল হোসেন  এটা তো দুঃখজনক। দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেলে গণতন্ত্রের ক্ষতিগ্রস্ত হওয়া আমরা আগেও দেখেছি। সংসদীয় গণতন্ত্রের কথা দাবি করলে সেখানে কার্যকর সংসদ থাকতে হবে। প্রথম আলো  আওয়ামী লীগের তিনটি সরকারকে আপনি কীভাবে দেখেন?কামাল হোসেন  যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের পুনর্গঠন একটি অসাধারণ ব্যতিক্রমী ঘটনা। তখন সব প্রতিষ্ঠানকে গড়তে হয়েছে।প্রথম আলো  কিন্তু বিরোধী দলের প্রতি মনোভাবে অসহিষ্ণুতা প্রকাশ পেয়েছিল। কামাল হোসেন  তখন তো বিরোধী দল বলতে তেমন কিছু ছিল না। প্রথম আলো  ভিন্নমত যতটুকু ছিল, তার প্রতি সহিষ্ণুতার ঘাটতি ছিল। জাসদ ও অন্যান্য দল নিয়ে আওয়ামী লীগ স্বস্তি পায়নি। কামাল হোসেন  সেটা দুঃখজনক। কিন্তু পরে একটা ঐক্যের প্রচেষ্টা ছিল। আর সেটা ১৫ আগস্টের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে শেষ হয়ে গেল। চুয়াত্তর পর্যন্ত সংসদে বিরোধী দল ছিলই না। তবে হ্যাঁ, সংসদের বাইরের বিরোধী দলের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে ওঠেনি। প্রথম আলো  শেখ হাসিনার বিগত সরকারের চেয়ে বিরোধী দলের প্রতি তাঁর বর্তমান দৃষ্টিভঙ্গি কেমন? কামাল হোসেন  সংসদ অকেজো করা, পুলিশকে দলীয় বাহিনী বানানো এবং বিচার বিভাগের প্রতি তাঁর মনোভাব আগের আমলের চেয়ে বহু গুণে উদ্বেগজনক। আজ আমরা হরতালের পর হরতাল পাচ্ছি। এসবের অনেক বিষয়ের প্রতিকার রাষ্ট্রের কাছে চেয়েও পাওয়া যায়নি। এর ফলে সমাজে একটা হতাশা সৃষ্টি হয়েছে। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে ধরনের সহমর্মিতা ও সহনশীলতা থাকা দরকার, তা থেকে অনেক দূরে সরে এসেছে আমাদের চলমান রাজনীতি। প্রথম আলো  এখন সংলাপের কথা অবাস্তব নীতিবাগীশ মনে হয়। আবার সংলাপ যদি একেবারেই রুদ্ধ হয় তাহলে তার পরিণতি কী হবে? অনেকে জরুরি অবস্থার আশঙ্কা করছেন।কামাল হোসেন  আমি এই আশঙ্কা মাথায় আনতে চাই না। আজ জনগণকে নিষ্ক্রিয় থাকলে হবে না। আমি বুঝতে পারি না সাংসদেরা কেন নীরব হয়ে আছেন।প্রথম আলো  সুপ্রিম কোর্ট, নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশন, দুদক, পিএসসি, অডিটর জেনারেল—এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে কোনটিকে আপনার বেশি কার্যকর মনে হয়? কামাল হোসেন  কোনটিকে বেশি সক্রিয় মনে হয়, সেই প্রশ্নের উত্তর দেওয়া কঠিন। কারণ, বেশির ভাগই দেখছি অকার্যকর। কেউ কম, কেউ বেশি কিন্তু সবগুলোই অকার্যকর। সেটা এই অর্থে যে মেধা ও যোগ্যতার ভিত্তিতে পিএসসির কাজ করার কথা। কিন্তু সেখানে প্রশ্নচিহ্ন থাকছে। বিগত নির্বাচন কমিশন সবার মতামত নিয়ে স্বচ্ছতার ভিত্তিতে কমিশন গঠনের প্রস্তাব দিয়েছিল। কিন্তু সেটা থেকে সরে গিয়ে কোনো আইন না করেই বলা হলো, আমরা তো সংলাপ করেই গঠন করেছি। দলীয় প্রভাবমুক্ত থেকে দুদকের কাজ করার কথা। কিন্তু পদ্মা সেতু প্রশ্নে সরকার যা বলল, তার বাইরে দুদক কিছু দেখতে পেল না। প্রথম আলো  একটিও শক্তিশালী প্রতিষ্ঠান নেই। আবার নির্বাচনও করতে হবে। যারাই সরকার করুক, তারা কি এসব প্রতিষ্ঠানকে শক্তিশালী করবে?কামাল হোসেন  সরকার পরিবর্তন নির্বাচনের মাধ্যমেই হতে হবে।প্রথম আলো  এর অর্থ নির্বিঘ্নে ভোটগ্রহণ ও তার ফলাফল প্রকাশ করা। মনোনয়ন গ্রহীতাদের বিষয়ে নির্বাচন কমিশনসহ কারও কিছু বলার নেই। ব্যক্তির ব্যক্তিগত পছন্দ-অপছন্দই চূড়ান্ত। আর এভাবেই আমরা রাবারস্ট্যাম্প সংসদের জন্ম দিয়ে চলেছি। বেরোনোর রাস্তা কী? কামাল হোসেন  একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনি তুলেছেন। আমরা আগে এই বিষয়টিকে গুরুত্ব দিইনি। ব্যালট বাক্স ছিনতাই ও মিডিয়া ক্যু থেকেই আমরা বেরোতে পারছিলাম না। তাই কেবল নির্দলীয় সরকার চেয়েছি। এখন আমাদের চোখে পড়ছে কোটি টাকার নির্বাচন। সেদিন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিনকে দেখলাম, তিনি সংবিধান সংশোধনীর কিছু বিষয় চিহ্নিত করেছেন। সাবেক সিইসি এ কে এম শামসুল হুদার বিদায়বেলায় আলাপ হলো। তিনি বলেছিলেন, অন্যতম বড় দুর্বলতা হলো রাজনৈতিক দলগুলোর কার্যপদ্ধতি। তাদের মনোনয়নপ্রক্রিয়া অনেকটাই আইনের নিয়ন্ত্রণমুক্ত। ষাটের দশকে আমরা যাঁদের প্রথম কাতারের নেতা হিসেবে পেয়েছিলাম, তাঁরা প্রায় সবাই ছিলেন জেলা নেতা। সৈয়দ নজরুল ইসলাম ময়মনসিংহের নেতা। ক্যাপ্টেন মনসুর আলী পাবনার নেতা। কামরুজ্জামান ভাই রাজশাহীর নেতা। তৃণমূল পর্যায়ে নির্বাচন করে জেলা নেতা হিসেবে তাঁরা নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। প্রথম আলো  এই ধারা কী করে পুনঃপ্রতিষ্ঠা করা সম্ভব? দলের জেলার নেতৃত্ব জেলার সংসদীয় আসনের মনোনয়ন চূড়ান্ত করবে। ওপর থেকে চাপিয়ে দেওয়া হবে না। এটা কি আইন করে করা সম্ভব?কামাল হোসেন  এটা নিয়ে ব্যাপকভিত্তিক আলাপ-আলোচনা করা দরকার। গণতন্ত্রে বহু দল থাকবে। কিন্তু ক্ষমতা সবচেয়ে ওপরে কুক্ষিগত হলে তো গণতন্ত্র থাকল না। এখন আরও বিপজ্জনক হচ্ছে দলীয় এবং সরকারপ্রধানের পদ এক ব্যক্তির করতলগত হওয়া।প্রথম আলো  কিন্তু আগামী নির্বাচনেও যে ব্যক্তি ও গোষ্ঠীর ইচ্ছায় মনোনায়ন বিক্রি ও নির্বাচনী প্রচারণায় কালো টাকার খেলা হবে, সেটা কীভাবে রোধ করা যাবে?কামাল হোসেন  ১৯৭৫ সালের পর টাকার খেলা যে শুরু হলো, সেটা বাড়তে বাড়তে আজ সীমাহীন পর্যায়ে পৌঁছেছে। ১৯৭৩ সালে আমি ২০ হাজার টাকায় নির্বাচন করেছিলাম। ১৯৭০ সালের নির্বাচনে আমি বঙ্গবন্ধুর প্রধান নির্বাচনী এজেন্ট ছিলাম। ছয়টি আসনে নির্বাচনের বাজেট ছিল পাঁচ লাখ টাকা। প্রথম আলো  আসন্ন নির্বাচনে একটি আসনের নির্বাচনী বাজেট কত হতে পারে? কামাল হোসেন  এখন তো আমাদের সাংসদ বন্ধুদের জিগ্যেস করলে পাঁচ কোটি টাকার নিচে নির্বাচন করার কথা হয়তো কেউ বলবেন না। প্রথম আলো  ইতিমধ্যে শাহবাগ ও শাপলার মতো দুটি জাগরণের ঘটনা ঘটেছে। দেশে একধরনের হানাহানি ও নৈরাজ্যকর অবস্থাও বিরাজমান। এই অবস্থায় আপনার কি মনে হয় আমরা আবারও একটি খাদের কিনারার দিকে যাত্রা শুরু করেছি? কামাল হোসেন  গণজাগরণ কথাটা যদিও শাহবাগের মঞ্চ থেকে এসেছে। কিন্তু আপনি লক্ষ করবেন দুই-তিন বছর ধরে আমি একটা গণজাগরণের কথাই বলছিলাম। সেটা জনগণের ঐক্য গঠন করা, মানুষের সচেতনতা বাড়িয়ে একটা জাগরণ সৃষ্টি করা। ইদানীং গণমাধ্যম যথেষ্ট শক্তি সঞ্চয় করেছে। পাকিস্তান আমলের তুলনায় এটা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। কালোটাকামুক্ত নির্বাচন ও মনোনয়ন দিতে দলের গণতন্ত্রায়ণ নিশ্চিত করতে গণমাধ্যম জনমত সৃষ্টিতে বিরাট ভূমিকা রাখতে পারে। আর এখন সেটাই আমি সবচেয়ে বেশি প্রত্যাশা করি। প্রথম আলো  নির্দিষ্টভাবে একটি সমাধান সূত্র বলুন। কামাল হোসেন  সবার কাছে গ্রহণযোগ্য একজন রাষ্ট্রপতিকে যদি আমরা পাই, তাহলে তাঁকে ঘিরে এসব বিষয় নিয়ে আলোচনা শুরু করা যেতে পারে। আমরা একটা সংস্কারের কর্মসূচি তুলে ধরতে পারি। সংবিধানেরও কিছু সংশোধনী হতে পারে। প্রথমত, কোনো প্রধানমন্ত্রী একাদিক্রমে দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকবেন না। সরকারপ্রধান ও দলীয়প্রধান একজন হতে পারবেন না। রাষ্ট্রপতির রাবারস্ট্যাম্প অবস্থাটা বদলাতে হবে। এ জন্য তাঁর হাতে কিছু ক্ষমতা বৃদ্ধি করতে হবে। প্রধানমন্ত্রীর ক্ষমতা কিছুটা কমানো দরকার। কারণ, সংবিধানে প্রধানমন্ত্রীর ক্ষমতা রাষ্ট্রপতিপদ্ধতির রাষ্ট্রপতিকেও ছাড়িয়ে গেছে। দলের মনোনয়ন দানকারী সংসদীয় বোর্ডের সদস্যরা নির্বাচনে অংশ নেবেন না। প্রতিটি দলের স্থানীয় পর্যায়ের মতামতের ভিত্তিতে যাতে মনোনয়ন দেওয়া হয়, সে জন্য একটা মৌলিক পরিবর্তন আনতে হবে। মনোনয়নের প্রাণকেন্দ্র হবে জেলায়। কেন্দ্র থেকে তা নিয়ন্ত্রিত হবে না। প্রথম আলো  আপনি কার্যত একটি ব্যাপকভিত্তিক সাংবিধানিক ও আইনি সংস্কারের প্রস্তাব দিয়েছেন। কিন্তু আপনি জানেন, ওয়ান-ইলেভেনের পরে সংস্কারপন্থী কথাটি একটি অপবাদ হিসেবে চিহ্নিত হয়েছে। যেসব রাজনীতিকের গায়ে এই তকমাটা লেগেছে দুই বড় দলেই তাঁরা কোণঠাসা। কামাল হোসেন  আপনি ঠিকই বলেছেন। তবে সংস্কার চাওয়া ও সংস্কারপন্থী হওয়া যদি অপবাদ হিসেবে গণ্য হয়, তাহলে সেই অপবাদ আমি নিতে চাই। এমনকি একজন সংস্কারপন্থী পরিচয়েই আমি মৃত্যুবরণ করতে চাই।প্রথম আলো  আপনাকে ধন্যবাদ।কামাল হোসেন  ধন্যবাদ।