রাষ্ট্রপতির পরামর্শ মেনে নিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশন গঠন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে চলমান আলোচনার সূত্রে রাষ্ট্রপতি একটি গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার স্বীকৃত ও জরুরি বিষয় সবাইকে মনে করিয়ে দিয়েছেন। দুর্ভাগ্যজনকভাবে আমাদের বর্তমান রাজনৈতিক সংস্কৃতি থেকে এই বিষয়টি কার্যত হারিয়ে গেছে। তিনি বলেছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনার উদ্যোগ নিতে হবে। রাষ্ট্রপতির এই বক্তব্যের সঙ্গে দ্বিমত করার কোনো সুযোগ নেই।
নির্বাচন কমিশন গঠন নিয়ে আইনের অনুপস্থিতি ও বিভিন্ন রাজনৈতিক দলের নানামুখী অবস্থানের কারণে রাষ্ট্রপতি কিছু রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছেন। দেশের সব রাজনৈতিক দলই এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। সরকারি দলের পক্ষ থেকে স্পষ্ট করেই বলে দেওয়া হয়েছে যে রাষ্ট্রপতি এ ব্যাপারে যে সিদ্ধান্ত দেবেন, তারা তা মেনে নেবে। রাষ্ট্রপতির এই উদ্যোগ সব দলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন কমিশন গঠনে ভূমিকা পালন করবে বলে বিভিন্ন দলের মতো আমরাও আশাবাদী।
কিন্তু একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য শুধু একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশনই যথেষ্ট নয়। রাজনৈতিক দলগুলোর ভূমিকা ও অবস্থানও এ ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। দলগুলোর মধ্যে সমঝোতা ও মতৈক্য ছাড়া এ ধরনের একটি নির্বাচন অনুষ্ঠান কঠিন। রাষ্ট্রপতি তাই যথার্থভাবেই সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য রাজনৈতিক দলগুলোর নিজেদের মধ্যে আলাপ-আলোচনার বিষয়টি তুলে ধরেছেন। তিনি বলেছেন, আলোচনা বা সংলাপ রাজনৈতিক দলগুলোর মধ্যকার মতপার্থক্য কমাতে পারে।
আগামী নির্বাচনের জন্য দুই বছরের মতো সময় রয়েছে। নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির এই উদ্যোগের পাশাপাশি তাই রাজনৈতিক সমঝোতা ও মতৈক্যের জন্য দলগুলোর মধ্যে আলাপ-আলোচনা শুরুর বিষয়টিকেও আমরা জরুরি বলে মনে করি। এ ক্ষেত্রে খুব স্বাভাবিকভাবেই সরকারি দলের দায়িত্ব সবচেয়ে বেশি। নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে রাষ্ট্রপতির নেওয়া উদ্যোগকে সরকারি দল যেভাবে মেনে নেওয়ার ঘোষণা দিয়েছে, তেমনি রাষ্ট্রপতির এই আহ্বান মেনে তারা আলোচনা বা সংলাপের উদ্যোগ নেবে, সেটাই প্রত্যাশিত।
আমরা মনে করি, রাষ্ট্রপতি রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার যে আহ্বান জানিয়েছেন, সেই প্রক্রিয়া অবিলম্বে শুরু করা উচিত। এ ধরনের একটি উদ্যোগের সূচনা ঘটলে দেশের রাজনীতিতে যেমন একটি ইতিবাচক পরিবর্তনের সূচনা ঘটবে, তেমনি আগামী নির্বাচন নিয়ে এখন থেকেই একটি আশাবাদের পরিস্থিতি তৈরি হবে। আমাদের রাজনীতি থেকে আলাপ-আলোচনা ও সংলাপের মতো স্বাভাবিক গণতান্ত্রিক রীতি-নীতিগুলো যেভাবে অপসৃত হয়েছে, তা ফিরিয়ে আনতে দলগুলোর মধ্যে শুভবোধের উদয় হোক।