রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় গত বুধবার বিকেলে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। জাতির জন্য এটি প্রকৃতই এক দুঃসংবাদ: আমরা একজন অভিভাবক হারালাম। বাংলাদেশের বিবাদপূর্ণ রাজনৈতিক সংস্কৃতিতে তিনি ছিলেন একজন নির্বিবাদ নেতা; দেশের ১৯তম রাষ্ট্রপতি হিসেবে তিনি নির্বাচিত হয়েছিলেন সর্বসম্মতিক্রমে। আমরা তাঁর প্রয়াণে গভীরভাবে শোকাহত। তাঁর আত্মা শান্তি লাভ করুক।মিতভাষী মো. জিল্লুর রহমান ছিলেন সর্বজনশ্রদ্ধেয়। রাজনৈতিক নেতা হিসেবে ছিলেন অটলভাবে আদর্শবান। তিনি ছিলেন মুক্তিযুদ্ধের সংগঠকদের অন্যতম। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্নেহধন্য সহযোদ্ধা মো. জিল্লুর রহমান বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠালগ্ন থেকে আমৃত্যু দলটির আদর্শে অবিচল থেকেছেন, পালন করেছেন বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব। বঙ্গবন্ধুর সঙ্গে দুইবার ও শেখ হাসিনার সঙ্গে দুইবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি। ২০০৭ সালে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জরুরি অবস্থায় রাজনৈতিক দলগুলোর সংকটকালে তিনি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দলটিকে ঐক্যবদ্ধ রাখতে বেশ কার্যকর ভূমিকা পালন করেন। এই ক্ষেত্রে দলের ভেতরে তাঁর নির্বিশেষ গ্রহণযোগ্যতা সহায়ক হয়েছে। পেশায় আইনজীবী মো. জিল্লুর রহমান প্রৌঢ় বয়সে ভগ্ন স্বাস্থ্য নিয়েই আদালতে আইনি লড়াই করেছেন আওয়ামী লীগের কারারুদ্ধ সভানেত্রী শেখ হাসিনার পক্ষে।শুধু আওয়ামী লীগের ভেতরেই নয়, রাষ্ট্রপতি জিল্লুর রহমান অন্যান্য রাজনৈতিক দলের কাছেও ছিলেন শ্রদ্ধা ও সমীহের পাত্র। দেশের তিক্ত বৈরিতাপূর্ণ ও বিভক্ত রাজনৈতিক পরিবেশে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে তিনি নির্বাচন কমিশন পুনর্গঠন বিষয়ে আলোচনায় অংশগ্রহণে সম্মত করতে পেরেছিলেন। তাঁর আমন্ত্রণে খালেদা জিয়া বঙ্গভবনে গিয়েছিলেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে এক বিবৃতিতে খালেদা জিয়া বলেছেন, জিল্লুর রহমান ছিলেন মিতবাক, ভদ্র, নম্র একজন ভালো মানুষ। তাঁর ইন্তেকালে বাংলাদেশ একজন অভিজ্ঞ, মননশীল ও সুবিবেচক রাজনৈতিক ব্যক্তিত্বকে হারাল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ ও এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং দেশের প্রায় সব রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের শোক প্রকাশ থেকে সদ্য প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের প্রতি যে সর্বজনীন শ্রদ্ধা ও ভালোবাসার প্রকাশ ঘটেছে, তা কমসংখ্যক রাজনীতিকের ক্ষেত্রেই দেখা যায়। তাঁর মৃত্যুতে শোক প্রকাশে ও তাঁর প্রতি শ্রদ্ধা-ভালোবাসা জ্ঞাপনে বাংলাদেশ যেন পরিপূর্ণ ঐক্যের এক বিরল মুহূর্ত প্রত্যক্ষ করছে।রাষ্ট্রপতি জিল্লুর রহমানের বয়স হয়েছিল ৮৪ বছর। নানা স্বাস্থ্যগত সমস্যা, উপরন্তু ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলায় পত্নী আইভি রহমানকে হারানোর গভীর বেদনা বয়েও তিনি রাষ্ট্রীয় গুরুদায়িত্ব পালন করে গেছেন সর্বশেষ গুরুতর অসুস্থতার আগের দিন পর্যন্ত। দেশের রাজনীতিতে এ মুহূর্তে যে সংকট ও অনিশ্চয়তা দেখা দিয়েছে, সে বিবেচনায় তাঁর এই মৃত্যুর ক্ষতি সম্ভবত নিকট ভবিষ্যতের জন্য অপূরণীয়।