রাষ্ট্রপতির সঙ্গে বিএনপির আলোচনা
নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির নেওয়া উদ্যোগের সূচনা উৎসাহব্যঞ্জক। রাষ্ট্রপতির কাছ থেকে আলোচনার আমন্ত্রণ পেয়ে বিএনপির অংশগ্রহণ এবং আলোচনার পর দলটি ও রাষ্ট্রপতির দপ্তরের যে প্রতিক্রিয়া পাওয়া গেল, তা এই প্রক্রিয়ার ইতিবাচক ফল পাওয়ার ব্যাপারে আমাদের আশাবাদী করে তুলেছে।
নতুন নির্বাচন কমিশন গঠনের জন্য রাষ্ট্রপতির উদ্যোগের ধারাবাহিকতায় আরও চারটি রাজনৈতিক দল সাক্ষাতের আমন্ত্রণ পেয়েছে এবং অন্যদেরও পালাক্রমে ডাকার কথা আছে। গণমাধ্যম সূত্রে পাওয়া খবর অনুযায়ী নির্বাচন কমিশন গঠনের জন্য সার্চ কমিটির সদস্য কারা হতে পারেন, তার একটি তালিকা এবং কমিশন গঠনসহ নির্বাচন প্রক্রিয়া নিয়ে বিএনপির চেয়ারপারসন সম্প্রতি যে ১৩ দফা প্রস্তাব দিয়েছিলেন, তার সারাংশ দলটির পক্ষ থেকে রাষ্ট্রপতির কাছে উপস্থাপন করা হয়েছে। বিএনপির প্রস্তাব সার্চ কমিটি গঠন ও নির্বাচন কমিশনের গঠন প্রক্রিয়ায় কাজে লাগবে বলে রাষ্ট্রপতির তরফে বলা হয়েছে।
রাষ্ট্রপতি এ নিয়ে আলোচনার জন্য সরকারি দল আওয়ামী লীগকে এখনো ডাকেননি, দলটির সভাপতিমণ্ডলীর একজন সদস্য বলেছেন, রাষ্ট্রপতি ডাকলে তাঁরাও যাবেন। আমরা মনে করি বিভিন্ন দলের কাছ থেকে রাষ্ট্রপতি যে প্রস্তাব পাবেন, তার ওপর ভিত্তি করে গ্রহণযোগ্য পথ খুঁজে পাওয়ার বিষয়টি কার্যত নির্ভর করবে সরকারি দলের ওপর। কিন্তু দেখা গেল অতীতের ‘অভিজ্ঞতা’ বিবেচনায় নিয়ে সরকারি দলের সাধারণ সম্পাদক রাষ্ট্রপতির সঙ্গে বিএনপি প্রতিনিধিদলের আলোচনার ফলাফল নিয়ে সংশয় প্রকাশ করেছেন। আমরা মনে করি, একটি প্রক্রিয়ার শুরুতেই তা নিয়ে সংশয় প্রকাশ করা প্রতিক্রিয়া হিসেবে ইতিবাচক নয়, সরকারি দলের সাধারণ সম্পাদক হিসেবে তো নয়ই। বরং এটা তাঁর বিবেচনায় নেওয়া উচিত যে আট বছর সরকার পরিচালনা করেও তাঁর দল নির্বাচন কমিশন গঠনের জন্য সংবিধান নির্দেশিত আইন তৈরি করেনি। আইনটি থাকলে জাতীয় সমঝোতার দাবি হয়তো উঠত না।
গণতান্ত্রিক শাসনব্যবস্থা ও রাজনীতিতে যেকোনো বিষয়ে সমঝোতায় আসা ও সমস্যা সমাধানের গ্রহণযোগ্য পথ খুঁজে পাওয়ার উপায় হচ্ছে আলাপ-আলোচনা। নির্বাচন কমিশন এমন একটি প্রতিষ্ঠান, যাকে সব রাজনৈতিক দলের কাছে গ্রহণযোগ্য ও আস্থাভাজন হতে হয়। সবার সঙ্গে আলাপ-আলোচনার ভিত্তিতে পদক্ষেপ নেওয়াই তার জন্য উত্তম পথ। রাষ্ট্রপতির সঙ্গে বিএনপির আলোচনাকে আমরা এই পদক্ষেপের ইতিবাচক সূচনা হিসেবে দেখতে চাই।
আমরা মনে করি, রাষ্ট্রপতি যে উদ্যোগ নিয়েছেন তার চূড়ান্ত সফলতা নির্ভর করবে সরকারি দলের সদিচ্ছার ওপর। দীর্ঘদিন পরে হলেও নির্বাচন কমিশন গঠনকে কেন্দ্র করে দেশের রাজনীতিতে একটা আলাপ-আলোচনার পরিবেশ ও পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা চাই জাতীয় রাজনীতিতেও এর প্রভাব পড়ুক।