গণতান্ত্রিক ব্যবস্থার সুস্বাস্থ্য ও সবলতার একটা লক্ষণ হলো চিন্তা ও মতের বৈচিত্র্য। বাংলাদেশে এ বৈচিত্র্যের ঘাটতি নেই, তবু আমাদের গণতন্ত্র সবল নয়। একটি সরকারের মেয়াদ শেষে স্বাভাবিক, শান্তিপূর্ণ ও সবার গ্রহণযোগ্য পন্থায় ক্ষমতা হস্তান্তরের জন্য একটি টেকসই নির্বাচনী ব্যবস্থা আমরা গড়ে তুলতে পারিনি। তাই যেকোনো সরকারের মেয়াদ ফুরিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক অস্থিরতা বাড়ে, জনমনে অনিশ্চয়তা ও উদ্বেগ দেখা দেয়।
একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আমরা যখন তেমনই পরিবেশের মুখোমুখি, তখন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মুখে কিছু কথা উচ্চারিত হলো, যার তাৎপর্য তুলে ধরা প্রয়োজন। গত শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দশম সমাবর্তন অনুষ্ঠানের বক্তৃতায় রাষ্ট্রপতি যেসব কথা বলেছেন, তার মধ্যে সবচেয়ে লক্ষণীয় কথাটি হলো অসহিষ্ণুতা। তিনি বলেছেন, দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোয় অসহিষ্ণুতা, চরমপন্থা, জঙ্গিবাদ ও মৌলবাদের মতো নেতিবাচক কর্মকাণ্ড পরিলক্ষিত হচ্ছে। আমাদের বিবেচনায়, ভিন্নচিন্তা, ভিন্ন দৃষ্টিভঙ্গি ও ভিন্নমতের প্রতি অসহিষ্ণুতার কারণে নানা ধরনের নেতিবাচক প্রবণতা দেখা দেয়।
অসহিষ্ণুতা শুধু উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর অঙ্গনেই সীমাবদ্ধ নেই, সমাজের সব ক্ষেত্রেই কমবেশি রয়েছে। রাজনৈতিক ক্ষেত্রে পারস্পরিক সহিষ্ণুতার অভাবে বাংলাদেশে মত-পথের বৈচিত্র্য বৈরিতার রূপ পেয়েছে। বৈরী মনোভাবের ফলে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে স্বাভাবিক রাজনৈতিক সম্পর্ক গড়ে উঠতে পারেনি, তারা পরস্পরের কথা শুনতে চায় না, আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করে না। কিন্তু গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির প্রধান বৈশিষ্ট্যই হচ্ছে পারস্পরিক আদান-প্রদান। রাজনৈতিক প্রক্রিয়ার অংশীদারদের মধ্যে সংলাপের মনোভাব যত দিন বজায় থাকে, তত দিন পর্যন্ত মত-পথের ভিন্নতা সংঘাতের রূপ নিতে পারে না।
রাষ্ট্রপতি আরও বলেছেন, অসহিষ্ণুতার জন্য দায়ী মুক্তচিন্তার অভাব। এ কথা সত্য, মুক্তচিন্তাচর্চার মধ্য দিয়ে বহুমুখী চিন্তা ও মতের প্রতি আগ্রহ-ঔৎসুক্য সৃষ্টি হয়, দৃষ্টিভঙ্গি প্রসারিত হয়। তবে মুক্তচিন্তার ফল যে বহু বিচিত্র মত, সেসবের প্রতি সমাজে ও রাষ্ট্রে সহিষ্ণুতার পরিবেশ প্রয়োজন। রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোকে মুক্তচিন্তা বিকাশের ক্ষেত্র হিসেবে উল্লেখ করেছেন; কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশে তা ঘটেনি। বরং মুক্তচিন্তা ও সংস্কৃতিচর্চার যে ঐতিহ্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোয় ছিল, তা প্রায় অবলুপ্ত হতে চলেছে। এর দায় যতটা না শিক্ষার্থীদের, তার চেয়ে বেশি শিক্ষকসমাজের ও জাতীয় রাজনৈতিক নেতৃত্বের। ছাত্ররাজনীতি ও শিক্ষক-রাজনীতির ওপর জাতীয় রাজনীতির প্রবল কর্তৃত্বের ফলে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মুক্তচিন্তার পরিবেশ নষ্ট হয়েছে। রাজনৈতিক সংস্কৃতি থেকে অসহিষ্ণুতা দূর করা একান্ত প্রয়োজন; এ ছাড়া গণতন্ত্র বিকাশের কোনো পথ খোলা নেই। রাষ্ট্রপতি যুবসমাজের শক্তি ও সম্ভাবনা কাজে লাগিয়ে দেশ গঠনের কথা বলেছেন; সে জন্য পরমতসহিষ্ণু রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা প্রয়োজন।