রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকের অবস্থা পর্যালোচনায় শনিবার আয়োজিত কর্মশালায় অধিকাংশ বক্তার কণ্ঠে যে সুশাসনের বিষয়টি উঠে এসেছে তা কেবল ব্যাংকিং খাত নয়, সরকারি সব প্রতিষ্ঠান ও বিভাগের জন্যই সমভাবে প্রযোজ্য। নীতিনির্ধারকেরা কথাটি মনে রাখলে দেশ ও জনগণ অনেক মুশকিল থেকেই আসান পেতে পারত।
কর্মশালায় সরকারের নীতিনির্ধারক, আইনপ্রণেতা, ব্যাংকগুলোর পর্ষদপ্রধান ও ব্যাংক কর্মকর্তাদের বক্তব্য পর্যালোচনা করলে যে সত্যটি বেরিয়ে আসে, তা হলো রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর সঙ্গে সংশ্লিষ্ট সবাই অর্পিত দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। ব্যাংকের খেলাপি ঋণ সমস্যা অনেক পুরোনো হলেও গত সাড়ে আট বছরে রেকর্ড ছাড়িয়েছে। অতএব, তাঁরা কোনোভাবেই এর দায় এড়াতে পারেন না। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ আয়োজিত ওই কর্মশালায় খোদ ওই প্রতিষ্ঠানটির ভূমিকা নিয়েই প্রশ্ন উঠেছে। অর্থমন্ত্রী যখন রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর খেলাপি ঋণের পরিমাণ বেড়ে যাওয়াকে লজ্জাজনক বলে অভিহিত করেন, তখন সেই লজ্জার দায় কিছুটা হলেও ওই বিভাগের ওপর পড়ে।
অর্থমন্ত্রী গ্রাহকদের সম্পর্কে খোঁজখবর নিয়ে ব্যাংক কর্মকর্তাদের ঋণ দেওয়ার সদুপদেশ দিয়েছেন। সেই সঙ্গে তাঁকে এই নিশ্চয়তাও দিতে হবে যে ব্যাংক কর্মকর্তারা যাঁকে ভালো গ্রাহক মনে করবেন, তাঁকে ঋণ দিতে পারবেন, তাঁদের ওপর কোনো রাজনৈতিক চাপ থাকবে না। তাঁর ভাষায়, ‘একটা ব্যাংক লাটে উঠলে জাতীয় ক্ষতি।’ কিন্তু সেই ক্ষতির জন্য দায়ী ব্যক্তি বা ব্যক্তিদের কেশাগ্র স্পর্শ না করে কীভাবে রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোকে রক্ষা করা যাবে?
কর্মশালায় অর্থ মন্ত্রণালয়সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি বেসিক ব্যাংকের ঘটনাকে ডাকাতির সঙ্গে তুলনা করে বলেছেন, সাবেক চেয়ারম্যানকে আইনের আওতায় আনতে চেয়েও দুদক ও সরকারের সহযোগিতা পাননি। অভিযোগটি গুরুতর। তাহলে কি সরষের ভেতরই ভূত রয়েছে? সেই ভূত না তাড়িয়ে বাতাসে ছড়ি ঘোরালে কোনো কাজ হবে না।
ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠা না করে অর্থমন্ত্রীর প্রস্তাব অনুযায়ী দুই বা ততোধিক ব্যাংককে একীভূত করে সমস্যার সমাধান হবে না। অতীতে লোকসানের অজুহাত দেখিয়ে সরকার রাষ্ট্রমালিকানাধীন যেসব ব্যাংক ‘পানির দামে’ বিক্রি করে দিয়েছিল, সেসব ব্যাংক কিন্তু এখন ভালো চলছে। তাহলে সরকারের হাতে রাখা ব্যাংকগুলো এতটা দুরবস্থায় পড়ল কেন?
রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলো বাঁচাতে হলে আসল রোগ নির্ণয় ও নিরাময়ের দিকে নজর দিতে হবে। কেবল উপসর্গ নিয়ে টানাটানি করলে সমাধান পাওয়া যাবে না।