রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের পরিচালনা পর্ষদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদে ফের রাজনৈতিক ব্যক্তিদের নিয়োগ দেওয়ার ইঙ্গিত দিয়েছেন। এসব ব্যাংকে রাজনৈতিক প্রভাব-প্রতিপত্তি বরাবরই ছিল। কিন্তু সাম্প্রতিককালে সেই প্রভাব যে কী পর্যায়ে পৌঁছেছে এবং গোটা ব্যাংকিং খাতকে হুমকির মুখে ফেলেছে, হল-মার্ক কেলেঙ্কারিই তার প্রমাণ। এ ঘটনার পর রাষ্ট্রীয় খাতের চারটি ব্যাংকের পরিচালনা পর্ষদ নিয়ে সর্বমহলে ব্যাপক সমালোচনা হয়। যে কারণে ব্যাংকের পরিচালনা পর্ষদের মেয়াদ শেষ হলেও চেয়ারম্যান ছাড়া অন্য কাউকে নিয়োগ দেওয়া হয়নি। সোনালী ব্যাংকের ক্ষেত্রে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত চেয়ারম্যানকে দায়িত্ব পালন করতে বলা হয়েছে। পরিচালনা পর্ষদ ছাড়া ব্যাংক চলতে পারে না। সে ক্ষেত্রে অবিলম্বে ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদের পরিচালক পদে নিয়োগ দেওয়া প্রয়োজন। প্রশ্ন হলো, কারা নিয়োগ পাবেন? অর্থমন্ত্রীর বক্তব্য অশনিসংকেত বলেই আমাদের কাছে প্রতীয়মান হয়। ব্যাংকের পরিচালনা পর্ষদে কেন রাজনৈতিক ব্যক্তিদেরই নিতে হবে? দেশে অর্থনীতি ও আর্থিক খাত বিষয়ে জানাশোনা লোকের কি অভাব আছে? রাজনৈতিক বিবেচনায় স্কুলশিক্ষিকা কিংবা ছাত্রলীগ, যুবলীগের সাবেক নেতাদের আনার পরিণাম যে কতটা ভয়ংকর হতে পারে, হল-মার্ক কেলেঙ্কারিই তার প্রমাণ। সোনালী ব্যাংকের সাবেক পরিচালকদের দাবি, তাঁদের অজান্তেই নাকি হল-মার্ক নামের প্রতিষ্ঠানটি হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে। তাহলে পরিচালনা পর্ষদের প্রয়োজনটা কী? ঋণ দেওয়া ও আদায়ের ক্ষেত্রে কোনো অনিয়ম বা দুর্নীতি হয়েছে কি না, সেটা তদারক করাই তাদের দায়িত্ব। আমরা মনে করি, রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদে রাজনৈতিক বিবেচনায় কিংবা কোনো রাজনৈতিক ব্যক্তিকে নিয়োগ দেওয়া হবে আত্মঘাতী। পরিচালক পদে তাঁদেরই নিয়োগ দিতে হবে, যাঁদের অর্থনীতি, ব্যাংকিং খাত সম্পর্কে দীর্ঘ অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতা আছে। অতএব, রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোতে নতুন পরিচালক নিয়োগের ক্ষেত্রে আশা করি, অর্থমন্ত্রী সেই বহুল প্রচলিত বাংলা প্রবাদটির কথা মনে রাখবেন, ‘ন্যাড়া একবারই বেলতলায় যায়, বারবার নয়।’