যথাযথ পরিকল্পনা ও পর্যাপ্ত প্রস্তুতি ছাড়াই পুরান ঢাকার বিভিন্ন এলাকা থেকে রাসায়নিক পদার্থের গুদামগুলো সরানোর উদ্দেশ্যে যে অভিযান শুরু করা হয়েছে, তা কাঙ্ক্ষিত মাত্রায় ফলপ্রসূ হবে না, অগ্নিকাণ্ডের ঝুঁকির স্থানান্তর ঘটবে মাত্র। উচ্ছেদ অভিযানের ধাক্কায় রাসায়নিক পদার্থের গুদামগুলোর মালিকদের যিনি যেখানে পারছেন, সেখানে গুদাম সরিয়ে নিচ্ছেন: কেরানীগঞ্জ, গাজীপুর, টঙ্গী, মুগদা। এমনকি কেউ কেউ দাহ্য রাসায়নিক পদার্থ ধানমন্ডি আবাসিক এলাকায় নিজের বাড়িতে নিয়েও রাখছেন বলে সংবাদপত্রে খবর বেরিয়েছে। এই অব্যবস্থাপনা ও পরিকল্পনাহীনতা মূল সমস্যাটির সমাধান নয়, বরং তা আরও ছড়িয়ে পড়ার পথ করে দেবে বলে আমাদের আশঙ্কা হচ্ছে।
পুরান ঢাকা থেকে রাসায়নিক পদার্থের গুদাম উচ্ছেদের অভিযান সম্পর্কে মঙ্গলবার প্রথম আলোয় প্রকাশিত এক প্রতিবেদনে পরিবেশ অধিদপ্তরের প্রধান বিস্ফোরক পরিদর্শক মো. সামসুল আলমের মন্তব্যে আমাদের এই আশঙ্কা প্রতিধ্বনিত হয়েছে। বাংলাদেশ কেমিক্যাল অ্যান্ড পারফিউমারি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের উপদেষ্টা এনায়েত হোসেনও প্রথম আলোর কাছে স্বীকার করেছেন যে গুদামগুলো পরিকল্পিতভাবে না সরিয়ে যত্রতত্র স্থানান্তরের ফলে অগ্নিকাণ্ডের ঝুঁকি বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ছে।
তাহলে প্রশ্ন তুলতে হয়, পুরান ঢাকা থেকে রাসায়নিক পদার্থের গুদামগুলো স্থানান্তরের পরিকল্পনার অবস্থা কী। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের গঠিত টাস্কফোর্স উচ্ছেদ অভিযান শুরু করার আগের দিন ২৭ ফেব্রুয়ারি শিল্প মন্ত্রণালয়ে ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে বলা হয়েছিল, পুরান ঢাকার রাসায়নিক পদার্থের কারখানা ও গুদামগুলো অস্থায়ীভাবে শ্যামপুর ও টঙ্গীতে সরিয়ে নেওয়া হবে। কিন্তু কত দিনের মধ্যে করা হবে, তা বলা হয়নি। ব্যবসায়ীরা ওই বৈঠকে শিল্পসচিবের কাছে সময় জানতে চেয়েছিলেন, কিন্তু শিল্পসচিব তাঁদের কোনো দিনক্ষণের উল্লেখ না করে শুধু বলেছিলেন, ‘দ্রুত সময়ের মধ্যে’।
পুরান ঢাকার রাসায়নিক পদার্থের কারখানা ও গুদামগুলো সরিয়ে নেওয়ার জন্য শিল্প মন্ত্রণালয়ের নির্ধারিত দুটি জায়গার একটি গাজীপুরের টঙ্গীর কাঁঠালদিয়া মৌজায় বিএসইসির ছয় একর জমি। কিন্তু সেখানে প্রায় ৪০০ পরিবার বাস করছে। শিল্প মন্ত্রণালয়ের নির্ধারিত দ্বিতীয় স্থানটি কদমতলী থানার শ্যামপুর মৌজায়, কিন্তু সেখানেও ট্রাকস্ট্যান্ডসহ বিভিন্ন স্থাপনা আছে। জায়গা দুটি প্রস্তুত হওয়ার আগে সেখানে পুরান ঢাকার রাসায়নিক পদার্থের কারখানা ও গুদামগুলো স্থানান্তর সম্ভব নয়। চকবাজারে অগ্নিকাণ্ডের ধাক্কায় তড়িঘড়ি করে উচ্ছেদ অভিযান শুরু করার মধ্য দিয়ে বেশ হতাশাব্যঞ্জক একটি প্রবণতার প্রতিফলন ঘটেছে।
সেই প্রবণতা হলো, কোনো সমস্যার স্থায়ী সমাধানের পরিকল্পনা ও উদ্যোগ নেওয়ার পরিবর্তে তাৎক্ষণিক জনপ্রতিক্রিয়া প্রশমনের উদ্দেশ্যে সাময়িক পদক্ষেপের আড়ম্বর। পুরান ঢাকা থেকে রাসায়নিক পদার্থের কারখানা ও গুদাম সরানোর যে অপরিকল্পিত ও অদূরদর্শী তোড়জোড় আমরা দেখতে পাচ্ছি, তা ২০ ফেব্রুয়ারি রাতে চকবাজারে অগ্নিকাণ্ডে ৭১ জন মানুষের মর্মান্তিক মৃত্যুর ফলে সৃষ্ট তীব্র জনপ্রতিক্রিয়ার তাৎক্ষণিক সাড়ামাত্র। অতীতে এমন বড় বিপর্যয়কর দুর্ঘটনার পরও আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর একই ধরনের প্রবণতা লক্ষ করেছি। একসঙ্গে অনেক মানুষের মৃত্যু না হলে যেন আমাদের টনক নড়ে না। আবার টনক একটু নড়লেও সমস্যার স্থায়ী সমাধানের জন্য প্রয়োজনীয় পরিকল্পনা করে কার্যকর পদক্ষেপ নেওয়া এবং তা সম্পন্ন করার প্রয়াস লক্ষ
করা যায় না।
২০১০ সালের জুনে পুরান ঢাকার নিমতলীতে অগ্নিকাণ্ডে ১২৪ জন মানুষের মৃত্যুর পর সরকারের গঠিত তদন্ত কমিটি যে ১৭টি কাজের সুপারিশ করেছিল, সেগুলোর একটিও বাস্তবায়ন করা হয়নি। রাসায়নিক পদার্থের কারখানা ও গুদামগুলো স্থানান্তরের জন্য রাসায়নিক পল্লি ও প্লাস্টিকশিল্প নগরী গড়ে তোলার প্রকল্প হাতে নিতে দীর্ঘ আট বছর পার করে দেওয়া হয়েছে। এখন যত দ্রুত সম্ভব সেই প্রকল্প সম্পন্ন করে যথাযথ প্রক্রিয়ায় স্থানান্তরের কাজে মনোযোগ দেওয়া একান্ত জরুরি।