সমগ্র সৃষ্টি তার স্রষ্টাকে ভালোবাসে, আর সৃষ্টিকর্তা নিজে তাঁর সর্বোত্তম সৃষ্টি ও সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মুহাম্মদ (সা.)-কে ভালোবাসেন। মানবীয় গুণাবলির বিকাশ সাধন, আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং পরপারে পরিত্রাণ লাভ নবী করিম (সা.)-এর সুমহান আদর্শ বাস্তবায়ন ও তাঁর প্রতি গভীর ভালোবাসা অন্তরে স্থান দেওয়া ব্যতীত কারও পক্ষে সম্ভব নয়। আল্লাহর প্রতি মহব্বত সবকিছুর ঊর্ধ্বে। সুতরাং, এই ভালোবাসা সত্যিকারভাবে আল্লাহর আনুগত্যের মধ্যে দিয়ে প্রকাশিত হবে। যাকে জান-প্রাণ দিয়ে ভালোবাসা যায়, তাঁর সন্তুষ্টি ও নৈকট্য অর্জন করাই হচ্ছে ভালোবাসার প্রকৃত পরিচয়। এটাই মূলত মহব্বত ও গভীরতম ভালোবাসার আদর্শ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মানবপ্রেম সম্পর্কে ঘোষণা করেছেন, ‘আর তিনি সৃষ্টি করেছেন তোমাদের মধ্যে পরস্পর ভালোবাসা ও দয়া।’ (সূরা আর-রূম, আয়াত-২১) ইসলামি শরিয়তে রাসুলুল্লাহ (সা.)-এর প্রতি একান্ত ভালোবাসা পোষণ করা একটি অপরিহার্য কর্তব্য, যার অবর্তমানে ইমানই পরিশুদ্ধ হয় না। তাঁর প্রতি ভালোবাসা ইমান লাভ ও ইমানি বলে বলীয়ান হওয়ার পূর্বশর্ত এবং নাজাতের অছিলা। আল্লাহ তাআলা মহানবী (সা.)-এর ভালোবাসায় মাতোয়ারা হয়ে তাঁকে ‘হাবিবুল্লাহ’ খেতাবে ভূষিত করে মর্যাদার উচ্চাসনে স্থান দিয়েছেন। ‘হাবিবুল্লাহ’ অর্থ ‘মাহবুবুল্লাহ’ তথা আল্লাহর প্রিয়। তাঁর প্রতি ভালোবাসা পোষণের নমুনা পবিত্র কোরআনের অনেক আয়াতে লক্ষ করা যায়। ইরশাদ হয়েছে, ‘হে মুহাম্মদ! আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাস, তা হলে আমার অনুসরণ করো। আমাকে অনুসরণ করলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন, তোমাদের গুনাহগুলো মাফ করে দেবেন এবং আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়াময়।’ (সূরা আল-ইমরান, আয়াত-৩১)রাসুলুল্লাহ (সা.) এমন একজন আদর্শ মহামানব, যাঁর প্রতি মানুষের গভীর শ্রদ্ধা, অকৃত্রিম ভক্তি ও হূদয় নিংড়ানো ভালোবাসা সীমাহীন। যিনি সবার প্রশংসার ঊর্ধ্বে, যাঁর চরিত্র মাধুরীকে পবিত্র কোরআনে ‘খুলুকে আজিম’ বলে আখ্যায়িত করা হয়েছে। প্রাক-ইসলামি যুগেও যিনি শত্রুদের মধ্যে ছিলেন ‘আল-আমিন’ বা বিশ্বাসী ও ‘আস-সাদিক’ বা সত্যবাদী নামে অভিহিত। যাঁর নাম মুখে আসার সঙ্গে সঙ্গে মনের অজান্তে হূদয় আঙিনায় অজস্র শ্রদ্ধা, ভক্তি, মায়া-মমতা ও ভালোবাসা জমা হয়। আর শুকনো হূদয় নবীপ্রেমের অজস্র বারিধারায় সিক্ত হয়। যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসার দাবিদার তার কথায়, কাজে, চিন্তায় ও চর্চায়—এককথায় জীবনের প্রতিটি স্তরে মহানবী (সা.)-এর পরিপূর্ণ অনুসরণ পরিলক্ষিত হবে। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ‘রাসুল তোমাদের যা আদেশ করেছেন, তোমরা তা পালন করো এবং যা নিষেধ করেছেন, তোমরা তা বর্জন করো।’ (সূরা আল-হাশর, আয়াত-৭)যে ব্যক্তি আল্লাহ ও তাঁর রাসুলকে দুনিয়ার সবকিছু থেকে না ভালোবাসে তার ইমান-আকিদা পরিপূর্ণ নয়। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা ইমান না আনা পর্যন্ত বেহেশতে প্রবেশ করতে পারবে না। আবার পরস্পরকে ভালোবাসতে না পারা পর্যন্ত ইমানদার হতে পারবে না। আমি কি তোমাদের এমন একটি বিষয়ের খবর দেব না, যা করলে তোমরা পরস্পরকে ভালোবাসতে সক্ষম হবে? (তা হলো) তোমরা নিজেদের মধ্যে সালামের ব্যাপক প্রচলন করবে।’ (মুসলিম) নবী করিম (সা.)-কে একদা একজন সাহাবি জিজ্ঞেস করেছিলেন, ‘ইমান কী?’ তিনি বললেন, ‘আল্লাহ ও তাঁর প্রিয় রাসুলের সঙ্গে সর্বাপেক্ষা অধিক ভালোবাসার নাম ইমান। আর যে কেউ পূর্ণ মুমিন হতে পারবে না, যতক্ষণ না সে তার পরিবার-পরিজন, ধনদৌলত এবং দুনিয়ার সবকিছু হতে আল্লাহ ও তাঁর রাসুলকে সর্বাধিক ভালোবাসতে না পারে।’ তখন হজরত ওমর (রা.) বলেছিলেন, ‘হুজুর! আপনার প্রতি আমার ভালোবাসা সবচেয়ে বেশি; কিন্তু নিজের প্রাণের চেয়ে বেশি করতে পারি না।’ নবীজি বললেন, ‘হে ওমর! তুমি তো এখনো মুমিন হতে পারনি।’ অতঃপর হজরত ওমর (রা.) বললেন, ‘হুজুর! আমার প্রাণের চেয়েও বেশি মায়া করার অবস্থা সৃষ্টি হয়েছে।’ তখন তিনি বললেন, ‘এখন তুমি মুমিন হয়েছ।’ (বুখারি ও মুসলিম) একটি বর্ণনায় এসেছে, একজন সাহাবি রাসুলুল্লাহ (সা.)-কে জিজ্ঞেস করলেন, ‘হে রাসুলুল্লাহ (সা.)! কিয়ামত কবে হবে?’ এ প্রশ্নের জবাব দেওয়ার আগে নবীজি তাকে পাল্টা প্রশ্ন করে বললেন, ‘যে কিয়ামতের অপেক্ষায় তুমি আছ, তার জন্য তোমার প্রস্তুতি কী?’ এ প্রশ্ন শুনে সাহাবি বড় ঘাবড়ে গেলেন। অতঃপর বললেন, ‘কিয়ামতের জন্য আমার কোনো প্রস্তুতি নেই। কিন্তু আমার একটি জিনিস আছে আর তা হচ্ছে, আল্লাহর হাবিবের প্রতি অন্তরের ভালোবাসা।’ সাহাবির মুখে এ কথা শুনে নবী করিম (সা.) বললেন, ‘তোমার অন্তরের সম্পর্ক যার সঙ্গে আছে, তোমার হাশরও হবে তার সঙ্গে।’ সৃষ্টিগত দাবি অনুসারেই মানুষ সৃষ্টিকর্তাকে ভালোবাসবে এবং আল্লাহ যাঁর পথ অনুসরণ করতে বলেছেন, তাঁর পথ অনুসরণ করবে। সে ভালোবাসা হবে সব ভালোবাসার ঊর্ধ্বে এবং সে পথ হবে সব পথের ঊর্ধ্বে; তা হলেই হবে সৃষ্টির সার্থকতা। স্রষ্টার সঙ্গে সৃষ্টির সুসম্পর্ক। মহানবী (সা.)-এর অনুসরণের জন্য মানুষকে দুটি পুরস্কারের ঘোষণা রয়েছে, ১. আল্লাহ তাআলা মানুষকে মহব্বত করবেন, ২. তার গুনাহ মাফ করে দেবেন। আর এ দুটি প্রাপ্তি আসবে আল্লাহর রাসুল (সা.)-কে ভালোবাসার মাধ্যমে। নবী করিম (সা.) ইরশাদ করেছেন, ‘যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করল, সে যেন আমাকে মহব্বত করল, যে ব্যক্তি আমাকে মহব্বত করল সে যেন বেহেশতে আমারই সান্নিধ্যে থাকবে।’ (তিরমিজি)অতএব, আল্লাহ তাআলার কৃপাদৃষ্টি লাভ করতে হলে তাঁর প্রিয়তম রাসুলে করিম (সা.)-এর প্রতি সর্বাধিক মহব্বত রাখতে হবে এবং তাঁর পূর্ণ অনুসরণ করতে হবে। মহান আল্লাহর দয়া, করুণা ও ক্ষমা পেতে হলে আল্লাহ ও তাঁর রাসুলের অনুসরণ করা অত্যন্ত জরুরি। আসুন, মহানবী (সা.)-কে অবমাননার প্রতিবাদে আমরা রাসুলুল্লাহ (সা.)-এর প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করে ইহকালীন ও পরকালীন শান্তি লাভ করি। বিশ্বনবী (সা.)-এর প্রতি পরম ভক্তি, শ্রদ্ধা ও ভালোবাসা রেখে তাঁর নীতি-আদর্শ শিক্ষা তথা আল্লাহর বিধানগুলো ব্যক্তি-পরিবার, সমাজ-রাষ্ট্র ও জাতীয় এবং আন্তর্জাতিকভাবে তাঁর সুন্নত পালনে ও প্রশিক্ষণে সর্বোতভাবে সফল হতে পারি এবং তাঁর খাঁটি উম্মত হিসেবে আল্লাহর দরবারে কবুলিয়াত হাসিল করতে সমর্থ হই এবং সারা পৃথিবীর মানুষকে আল্লাহ ও তাঁর রাসুল (সা.)-এর আদর্শ শিক্ষা ও নীতিমালার প্রতি অনুপ্রাণিত করতে পারি—মহান সৃষ্টিকর্তা আমাদের সেই তাওফিক দান করুন।ড. মুহাম্মদ আবদুল মুনিম খান: বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও কলাম লেখক।dৎ[email protected]