রাস্তা পারাপারে শৃঙ্খলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাস্তা পারাপারে শৃঙ্খলা আনার উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির বিষয়টি নিশ্চয়ই জরুরি। কিন্তু শুধু ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কি এই চরম বিশৃঙ্খল পরিস্থিতি মোকাবিলা সম্ভব? পথচারীদের চলাচল নিয়ন্ত্রণে আদৌ কোনো আইন কি আছে? অবকাঠামোগত দিক বিবেচনায় না নিলে ও আইন প্রয়োগে ধারাবাহিকতা বজায় না রাখতে পারলে এ ধরনের সাময়িক উদ্যোগ কোনো কাজে দেবে না।
রাজধানীর বেশ কিছু জায়গায় রাস্তা পারাপারের জন্য পদচারী সেতু ও দু-একটি ক্ষেত্রে আন্ডারপাস রয়েছে। অনেক ক্ষেত্রেই দেখা যায়, জনগণ এগুলো ব্যবহার না করে ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছে। এতে দুর্ঘটনার আশঙ্কা যেমন বাড়ে, তেমনি
যান চলাচলও ভীষণভাবে বাধাগ্রস্ত হয়। কিন্তু যেসব স্থানে পদচারী সেতু বা এ ধরনের কিছু নেই, সেখানে কী হবে? বিশ্বের সব আধুনিক শহরে রাস্তা পারাপারের জন্য জেব্রা ক্রসিং থাকে। ট্রাফিক সিগন্যালে যখন কোনো একদিকের রাস্তার গাড়ি থামে, তখন তার সামনের জেব্রা ক্রসিং দিয়ে মানুষ রাস্তা পার হয়, এটাই নিয়ম। ঢাকা এমন এক শহর, যেখানে পুরো শহর চষেও জেব্রা ক্রসিংয়ের দেখা মিলবে না। মূল সমস্যা হচ্ছে, ট্রাফিকব্যবস্থার যে স্বীকৃত ও বৈজ্ঞানিক দিক রয়েছে, তার কিছুই ঢাকা শহরে কার্যকর নেই।
ডিএমপি এবার উদ্যোগ নিয়েছে, হোটেল রূপসী বাংলার মোড় থেকে ফার্মগেট পর্যন্ত অভিযান ও পরীক্ষামূলক কার্যক্রম চলবে। এখন যদি সোনারগাঁও হোটেলের মোড়টি বিবেচনায় নেওয়া হয়, এই মোড়ে লোকজন রাস্তা পার হবে কীভাবে? এখানে না আছে পদচারী সেতু, না আছে যথাযথ জেব্রা ক্রসিং। কাছাকাছি যে পাতালপথ তাও যেমন ব্যবহারবান্ধব নয়, তেমনি প্রয়োজনের তুলনায় অপ্রতুল। আর যেসব স্থানে পদচারী সেতু রয়েছে, সেগুলো ব্যবহারের কতটা উপযোগী, সেটাও বড় বিবেচনার বিষয়। সেখানে উঠে কেউ ছিনতাইকারীর কবলে পড়বে না, সেটা নিশ্চিত করবে কে? আমরা মনে করি, পুরো বিষয়টিকে সামগ্রিকভাবে দেখতে হবে। আর নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করে সচেতনতা কার্যক্রম চলতে পারে কিন্তু জনগণকে আইন মানতে বাধ্য করতে হলে তাও আইন মেনেই করতে হবে।