সরকারি টাকা নয়ছয় করাকে বড় অপরাধ হিসেবে মনে না করার সংস্কৃতি প্রতিষ্ঠায় যঁারা নানাভাবে ‘কাজ’ করে যাচ্ছেন, তাঁরা হয়তো নিজেরা মনে করেন এবং অন্যদেরও মনে করতে উদ্বুদ্ধ করেন, সরকারি কোষাগারের অর্থ অনন্তকালীন চুরি ও অপচয়েও কমে না, তছরুপ হওয়া অর্থ গৌরী সেন নামক কেউ একজন এসে দিয়ে যান। জনগণই যে সেই কল্পিত সর্বংসহা গৌরী সেন, তা জনগণকে ভুলিয়ে রাখতে চেষ্টা চালিয়ে যাওয়া হয়। এ চেষ্টায় প্রত্যক্ষভাবে অংশ নেওয়া নয়ছয়কারী চক্রের কেউ কেউ এতটাই বেপরোয়া যে সড়ক কিংবা অবকাঠামো নির্মাণের কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করার প্রচলিত দুর্নীতিতেও তুষ্ট নন। তাঁরা অফিসের কর্মকর্তাদের ‘ম্যানেজ’ করে কাজ না করে, কিংবা অংশমাত্র করেই বিল তুলে নেওয়ার শর্টকাট পথে হাঁটেন। এতে জনগণের অর্থ যায়, কাজও হয় না; মাঝখান থেকে সময় নষ্ট হয়।
কাজ শেষ না করে বিল তোলার সর্বশেষ এ ঘটনা ঘটেছে পাবনার সুজানগর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নে। সেখানে এক বছর ধরে একটি সড়ক অসম্পূর্ণ রয়েছে। বিল তুলে চলে গেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।
প্রথম আলোর প্রতিবেদন বলছে, উপেন্দ্রপুর গ্রামের পুরোনো মসজিদ থেকে উপেন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ৫০০ মিটার এবং ভাটপাড়া গ্রামের মহির উদ্দিন মোল্লার বাড়ি থেকে ভাটপাড়া পুরোনো হাট পর্যন্ত ৭৩৪ মিটার রাস্তার কাজ পেয়েছিল মেসার্স খালেদা কনস্ট্রাকশন নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। ৬৭ লাখ ৪৭ হাজার টাকার কাজ গত বছরের জুন মাসে শেষ করার কথা ছিল। কিন্তু তারা গত জুনে অর্ধেক অংশের নির্মাণকাজ শেষ না করেই এলাকা ত্যাগ করেছে। অসমাপ্ত অংশে বালু ফেলে রাখা হয়েছে, ইট বিছানো নেই। কিন্তু কাজের বিল তুলে নিয়েছে। ঠিকাদার ইট না বিছিয়ে শুধু বালু ফেলে রাখায় লোকজন বিপদে পড়েছে। বালুর কারণে রাস্তা দিয়ে কোনো যানবাহন চলতে পারছে না। এ নিয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাও কোনো সদুত্তর দিতে পারছেন না।
রবীন্দ্রনাথ ঠাকুর আক্ষেপ করে বলেছিলেন, ‘কাজ না করিয়া অনেকে সময় নষ্ট করে সন্দেহ নাই; কিন্তু কাজ করিয়া যাহারা সময় নষ্ট করে তাহারা কাজও নষ্ট করে, সময়ও নষ্ট করে।’ ঠিকাদারি প্রতিষ্ঠানটি কবিগুরুর এ বক্তব্যের মতোই ‘কাজ করিয়া’ সময় নষ্ট করেছে। তদন্ত সাপেক্ষে এ অন্যায়ের সঙ্গে জড়িত সবার দৃষ্টান্তমূলক সাজা নিশ্চিত করা জরুরি।