রাস্তায় বাস টার্মিনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের দেশে অনিয়ম করাই কি নিয়মে পরিণত হয়েছে? টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় নির্ধারিত বাস টার্মিনালে বাস না থেমে ব্যস্ততম একটি রাস্তাকে বাসস্ট্যান্ড হিসেবে ব্যবহার করার ঘটনায় আমাদের মনে এই প্রশ্ন জেগেছে।

বুধবার প্রথম আলোয় প্রকাশিত খবর অনুযায়ী, ভূঞাপুর উপজেলা থেকে প্রতিদিন অনেক বাস, মিনিবাস ও সিএনজিচালিত অটোরিকশা বিভিন্ন রুটে চলাচল করে। আগে উপজেলা পরিষদের কাছে বাজার রোডের মোড় থেকে এসব যানবাহন চলাচল করত। এ কারণে সেখানে প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হতো। যানজট নিরসনের লক্ষ্যে ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় ভূঞাপুর-তারাকান্দি সড়কে পৌরসভার পাশে একটি পরিত্যক্ত ভূমি ভরাট করে বাস টার্মিনাল স্থাপন করা হয়। এতে যানজট কিছুটা কমে। কিন্তু ২০০৯ সালে পরিবহন মালিক ও শ্রমিকেরা নতুন টার্মিনাল ছেড়ে আবার বাজার রোডের মোড় ও উপজেলা পরিষদের সামনে থেকে বাস চালাতে শুরু করেন, যা এখনো অব্যাহত আছে। ফলে সেখানে এখন সব সময় যানজটের সৃষ্টি হয়। তাতে দুর্ভোগ পোহাতে হয় সাধারণ মানুষকে। এলাকার জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবী মানুষ ব্যস্ততম এ সড়ক থেকে অস্থায়ী বাসস্ট্যান্ড সরিয়ে নেওয়ার জন্য উপজেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় একাধিকবার দাবি জানিয়েছেন। কিন্তু বাস্তবে কোনো ফল পাওয়া যায়নি।

একটা পূর্ণাঙ্গ বাস টার্মিনাল থাকার পরও কোন বিবেচনায় পরিবহন মালিক ও শ্রমিকেরা একটি ব্যস্ততম রাস্তাকে বাস টার্মিনাল বানিয়েছেন? এ কারণে যে ব্যাপক যানজট সৃষ্টি হচ্ছে আর মানুষ দুর্ভোগে পড়ছে, তা তাদের বিবেচনায় থাকলে এমন হওয়ার কথা নয়। আর এসব দেখার দায়িত্ব ভূঞাপুর পৌরসভা কর্তৃপক্ষ, উপজেলা প্রশাসন ও স্থানীয় পুলিশের। কিন্তু তারা যে তাদের দায়িত্ব পালন করছে না, তা তো বোঝাই যাচ্ছে।

উপজেলা বাসমালিক সমিতির বক্তব্য অনুযায়ী, নির্ধারিত বাস টার্মিনালে যাত্রীরা যেতে চান না বলে তাঁরা ব্যস্ততম রাস্তায় বাস রাখছেন। কিন্তু এটা খোঁড়া অজুহাত। যাত্রীদের যাওয়ার প্রয়োজন থাকলে যেখান থেকে বাস ছাড়বে, সেখানেই তাঁরা যাবেন। এটা পরিষ্কার যে নিজেদের সুবিধা এবং ও দ্রুত ও যত্রতত্র বেশি যাত্রী তোলার আকাঙ্ক্ষায় বাসগুলো এই কাজ করছে। আর তাঁদের এই লোভের কারণে প্রতিদিন অসংখ্য মানুষকে ভুগতে হচ্ছে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এ ব্যাপারে স্থানীয় পৌর কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। যাঁরা নিয়ম ভঙ্গ করে রাস্তায় বাস রাখছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ভূঞাপুর পৌরসভার মেয়র জানিয়েছেন, উপজেলার শেয়ালকোল এলাকায় বাস টার্মিনাল স্থাপনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। আমরা বলতে চাই, শুধু প্রস্তাব পাঠালেই হবে না, প্রস্তাব যাতে দ্রুত পাস হয়, সে ব্যাপারে পৌর কর্তৃপক্ষকে তৎপর হতে হবে।