রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর সম্মান শ্রেণীর একদল ছাত্রছাত্রী নিয়ে ক্ষেত্র সমীক্ষার কাজ তদারক করতে দেশের উত্তরাঞ্চলের একটি জেলা শহরে গিয়েছি। সঙ্গে রয়েছেন বিভাগের আমার দুই সহকর্মী। শহরেই এক অস্থায়ী আবাসনে ছাত্রছাত্রীদের নিয়ে আমাদের অবস্থান। পাঠ্যক্রমের নির্দেশনা অনুযায়ী, শিক্ষার্থীদের কাজ হচ্ছে বাড়ি বাড়ি ঘুরে ফোকলোরের নানা উপাদান-উপকরণ সংগ্রহ করা। আর আমাদের কাজ সঙ্গে গিয়ে শিক্ষার্থীদের পরামর্শ দেওয়া।এই কাজে গিয়েই একদিন আমাদের পরিচয় হলো রাহেলা আর কোমেলা দুই বোনের সঙ্গে। শহরের উপকণ্ঠেই ওদের বাড়ি। বাবা ঠিকাদারি ব্যবসা করেন। বাড়িঘর দেখে মনে হলো, ঠিকাদারি ব্যবসা করে ভদ্রলোক টাকাপয়সা করেছেন বেশ। রাহেলা-কোমেলা দুই বোন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। বছর সাত-আট আগে এই শহরে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আউট ক্যাম্পাস চালু হয়েছে। সেখানেই তারা ইংরেজিতে অনার্স পড়ছে, চার সেমিস্টার শেষ করেছে। মেয়েদের সঙ্গে কথা বলার সময় তাদের বাবাও এসে উপস্থিত হলেন। ভদ্রলোক সদালাপী মানুষ। আমাদের সবার পরিচয় জেনে খুব যেন খুশি হলেন। বললেন, ‘বড় দুঃখ, আমি নিজে স্কুলের গণ্ডি ডিঙাতে পারিনি, কিন্তু আমার এই মেয়ে দুটিকে উচ্চশিক্ষিত করতে চাই। সরকারি বিশ্ববিদ্যালয়ে হলো না, তাতে কী? নিজের শহরেই বিশ্ববিদ্যালয় হয়েছে। ভর্তি করে দিলাম। সমাজের আমরা অনেকেই মেয়েদের পড়ালেখার ব্যাপারে উদাসীন। আমি কিন্তু তা নই। আমি তাদের উচ্চশিক্ষিত করে সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তুলতে চাই।’ আরও বললেন, ‘হাতে লোক আছে, পড়ালেখা শেষ করলে ১০-২০ লাখ টাকা খরচ করে স্কুল-কলেজে চাকরিতে ঢুকিয়ে দেব।’ ভদ্রলোক একেবারে নাছোড়বান্দা, দুপুরে তাঁর বাড়িতে আমাদের খেতে হলো। খাবারের আগে ভদ্রলোক মেয়ে দুটিকে ডেকে বললেন, ‘এনারা তো বড় ইউনিভার্সিটির স্যার, পড়াশোনার ব্যাপারে তোদের কিছু জানার থাকলে জেনে নে, এ সুযোগ কি তোদের কখনো আসবে?’ রাহেলা-কোমেলা দুই বোন আমাদের কাছ থেকে কী শিখল জানি না। আমি কিন্তু অনেক কিছুই শিখলাম ওদের কাছ থেকে। মেয়ে দুটি ইংরেজি নিয়ে পড়ছে; আমার ধারণা ছিল, পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে কেউ কেউ হয়তো এখানে খণ্ডকালীন শিক্ষকতা করতে আসেন। ঘটনা আদতে তা নয়। তাদের শিক্ষকেরা বেশির ভাগ বিভাগীয় শহর থেকে আসেন। এই শিক্ষকেরাও এই বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় আউট ক্যাম্পাসের ছাত্র ছিলেন একসময়। শিক্ষকদের নাম জিজ্ঞেস করায় জানা গেল বেশ কয়েকজনের নাম। এই ক্যাম্পাসে শিক্ষকেরা ‘ভাইয়া’ হিসেবেই পরিচিত, মেয়ে দুটির কথায় বোঝা গেল। যেহেতু রাহেলারা দুই বোন ইংরেজিতে পড়ে, তারপর আবার তিনটি সেমিস্টার শেষ করেছে, চতুর্থ সেমিস্টার করছে, কৌতূহল নিয়েই জিজ্ঞেস করলাম, শেক্সপিয়ারের কয়টি নাটক তোমাদের পড়ানো হয়েছে? মেয়ে দুটির চোখ-মুখ দেখে মনে হলো, শেক্সপিয়ারের নাম এই প্রথম শুনল তারা। জবাব না পেয়েও দ্বিতীয়বার বললাম, অনেক ইংরেজ কবির কবিতাই তো পড়ানো হয়েছে, কার কার কবিতা পড়ছ তোমরা? এবারও নীরব দুই বোন। কোমেলা চটপটে স্বভাবের মেয়ে; বলল, ভাইয়ারা নোট তৈরি করে দেন আমাদের। আমরা সেটাই পরীক্ষায় লিখে দিই। ওদের সঙ্গে পরে আর কোনো কথা হয়নি।খাওয়া-দাওয়া শেষ করে বিকেলে ক্যাম্পে ফিরলাম। ক্যাম্পে এসে খবরের কাগজের পাতা উল্টাতেই চোখে পড়ল ছাত্রসমাজের শিক্ষানীতির সংগ্রামের ৫০ বছর পূর্তি উপলক্ষে শিক্ষামন্ত্রী মহোদয়ের একটি বড় আকারের লেখা। তিনি শিক্ষানীতির জন্য ছাত্রদের দীর্ঘ সংগ্রামের ইতিহাস তুলে ধরেছেন। যুগপৎ তাঁর সময়কালে সরকারের পক্ষ থেকে যেসব উদ্যোগ নেওয়া হয়েছে তার সংক্ষিপ্ত বিবরণও তুলে ধরেছেন। সবাই জানেন, শিক্ষা মন্ত্রণালয় বেশ ভালো কিছু কাজ করেছে। শিক্ষানীতি প্রণীত হয়েছে, পাবলিক পরীক্ষাগুলো সময়মতো হচ্ছে, ফল প্রকাশও দ্রুতই হচ্ছে। শিক্ষার্থীরা নতুন বই সময়মতো পাচ্ছে, ঝরে পড়া শিক্ষার্থীদের সংখ্যাও হ্রাস পেয়েছে। কোচিং ব্যবসা বন্ধেরও উদ্যোগ নেওয়া হয়েছে। আরেকটি অত্যন্ত ভালো কাজ হয়েছে, তা হলো সৃজনশীল পদ্ধতিতে পাঠদান ব্যবস্থা চালু করা হয়েছে। লেখাপড়ার ব্যাপার নিয়ে কৌতূহলী অভিভাবকগণ এবং বিদ্যোৎসাহী অনেককেই এ জন্য শিক্ষামন্ত্রী ও তাঁর মন্ত্রণালয়কে নিয়ে ভালো ভালো কথা বলতে শুনেছি। তাঁদের সঙ্গে একমত আমিও। তবে ওপরের বয়ান করা রাহেলা-কোমেলাদের মতো প্রত্যন্ত অঞ্চলের কোমলমতি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার মানোন্নয়নে শিক্ষামন্ত্রী মহোদয়ের করণীয় কী? দেশবাসী জানতে চায়। তিনি কি উচ্চশিক্ষার ক্ষেত্রে বিরাজমান দুরবস্থা মোচনে এগিয়ে আসবেন? বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে সঙ্গে নিয়ে একবার চেষ্টা করে দেখুন না কী করে এ অবস্থা থেকে উত্তরণ ঘটানো যায়? বিশ্ববিদ্যালয়ের শিক্ষা নিয়ে বার্ট্রান্ড রাসেলের সেই বিখ্যাত কয়েকটি কথা মনে পড়ছে:‘বিশ্ববিদ্যালয় দুটি উদ্দেশ্য সাধনের জন্য রয়েছে। প্রথমত, কতকগুলো বৃত্তি বা পেশার জন্য পুরুষ ও নারীদের শিক্ষা দিয়ে তৈরি করা। দ্বিতীয়ত, আশু কোনো কিছু লাভের সম্ভাবনা সম্মুখে না রেখেও উচ্চস্তরের জ্ঞান অর্জনের ও গবেষণার সুযোগ দান করা। ...আমরা বিশ্ববিদ্যালয়ের এ রকম ছাত্রদের দেখতে চাই যারা কতিপয় পেশা বা বৃত্তির জন্য উচ্চশিক্ষা চায় না এবং যাদের এমন বিশেষ যোগ্যতা আছে যার দ্বারা তারা উচ্চশিক্ষা ও গবেষণার মাধ্যমে সমাজকে মূল্যবান কিছু দান করতে পারে।’বলতে দ্বিধা নেই, আমাদের দেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা নানা কারণেই খানিকটা পশ্চাৎপদ অবস্থায় পড়ে রয়েছে। তবে একটি ভালো উদ্যোগ শিক্ষা মন্ত্রণালয় মঞ্জুরি কমিশনকে দিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোয় গবেষণা উপ-প্রকল্প চালু করে সে সংকট কাটানোর প্রয়াস চালাচ্ছে। আমরা চাই যুগপৎ বেসরকারি বিশ্ববিদ্যালয়—বিশেষ করে এর আউট ক্যাম্পাসগুলোয় সরকারের পক্ষ থেকে নজরদারি জোরদার করা হোক। মন্ত্রী মহোদয়, একবার উদ্যোগ নিয়ে দেখুন না! আমি একাই শুধু নই, দুরবস্থা কাটানোর জন্য দেশের মানুষ এমনটাই ভাবছেন।ড. সাইফুদ্দীন চৌধুরী: অধ্যাপক, গবেষক, ফোকলোর বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।[email protected]