সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক নানা কারণে আলোচিত। পঞ্চম সংশোধনী মামলার রায় লিখে তিনি প্রশংসিত হয়েছিলেন অনেকের কাছে। এবার বরং বিরোধী দলগুলোসহ নানা মহল থেকে ত্রয়োদশ সংশোধনী মামলায় তাঁর রায়ের সমালোচনা করা হচ্ছে। তাঁর রায়ের কিছু সমালোচনা করেছেন আপিল বিভাগের অন্য তিন বিচারপতিও। বিচারপতি খায়রুল হক তাঁর অবসরে যাওয়ার কিছুদিন আগে ২০১১ সালের ১০ মে ত্রয়োদশ সংশোধনী মামলার সংক্ষিপ্ত আদেশ দিয়ে যান। সেখানে তিনি সুস্পষ্টভাবে ১৯৯৬ সালে সম্পাদিত সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর অধীনে আগামী দুটি সংসদ নির্বাচন করা যেতে পারে বলে অভিমত দেন। ত্রয়োদশ সংশোধনীতে নির্বাচনকালীন সময়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠন করার বিধান ছিল। অথচ ১৬ মাস পরে প্রকাশিত রায়ের চূড়ান্ত আদেশে তিনি কেবলমাত্র নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা যেতে পারে বলে নির্দেশনা দিয়েছেন। নিজের দেওয়া আদেশ থেকে কোনো রকম অতিরিক্ত শুনানি ছাড়া এ ধরনের বিচ্যুতি নজিরবিহীন এবং বিচারদর্শনের লঙ্ঘন বলে অভিযোগ রয়েছে। আপিল বিভাগের ভিন্নমত পোষণকারী তিনজন বিচারপতি যে সুস্পষ্টভাবে এই বিচ্যুতিকে চিহ্নিত করেছেন, এটি এই রায়ের একটি বড় সমালোচনা হিসেবে ধরে নেওয়া যায়।আপিল বিভাগের বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিঞা ও নাজমুন আরা সুলতানার অভিমত হচ্ছে, তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হলে তা জাতীয় সংসদের নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে গঠন করতে হবে—এই শর্ত সংক্ষিপ্ত আদেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বিচারপতি ইমান আলী বলেছেন, এই শর্তটি সংক্ষিপ্ত আদেশে ছিল না। এই তিনজন বিচারপতি আরও কিছু বিষয়কে চিহ্নিত করেছেন, যা সংক্ষিপ্ত আদেশে ছিল না। কিন্তু আমার বিবেচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিচ্যুতি এটিই। সহজভাবে বললে বিচ্যুতিটি হচ্ছে: আপিল বিভাগের সংখ্যাগরিষ্ঠ বিচারকের সংক্ষিপ্ত আদেশে বলা হয়েছিল, আগামী দুটি সংসদ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করা যেতে পারে, তাঁদেরই চূড়ান্ত আদেশে এটি করা যাবে না বলে নির্দেশ রয়েছে। বিচারপতি খায়রুল হকের লিখিত ৩৪২ পৃষ্ঠার এই রায়ে অন্তত এক ডজন কাহিনির বিবরণ আছে, বিভিন্ন আইনবিদ ও লেখকের অর্ধশতাধিক কোটেশন রয়েছে, রাজনীতিবিদ, বিচারক, আইনজীবী, নাগরিক সমাজের প্রতি বিভিন্ন সমালোচনা ও উপদেশ রয়েছে, নানা দেশের আইনের ইতিহাস বর্ণিত আছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যা—সংক্ষিপ্ত আদেশ চূড়ান্ত রায়ে বদলে দেওয়ার কোনো সাংবিধানিক ক্ষমতা একজন বিচারকের আছে কি না, এ ধরনের কোনো নজির বিচারিক ইতিহাসে রয়েছে কি না বা তাঁরই দেওয়া সংক্ষিপ্ত আদেশটি এখন প্রাসঙ্গিকতা কী—এ সম্পর্কে কোনো রকম ব্যাখ্যা বা বিশ্লেষণ নেই। এই রায়ের মধ্যে কেউ কেউ ইতিবাচক রাজনৈতিক সমাধান খোঁজার চেষ্টা করছেন। গতকাল মিজানুর রহমান খানের লেখায় জানা গেল যে তাঁর কাছে একজন আইনবিদ রায়ের ৩৩৮ পৃষ্ঠার শেষ প্যারাগ্রাফে (রায়ের ৪৩ দফায়) অনির্বাচিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের সুযোগ রয়েছে বলেছেন। কিন্তু এটি খুব সম্ভবত সঠিক নয়। কারণ, সেই একই প্যারাগ্রাফে অবিচ্ছেদ্যভাবে ‘তবে’ শব্দটি ব্যবহার করে যে তিনটি শর্ত যুক্ত করা হয়েছে তার একটিতে ‘তত্ত্বাবধায়ক সরকার শুধুমাত্র জনগণের নির্বাচিত জাতীয় সংসদ সদস্যগণ দ্বারা গঠিত হইতে পারে’ বলা আছে। তা ছাড়া, রায়ের আদেশ অংশের বক্তব্য অনুসারে রায়ের অপারেটিভ বা কার্যকরী অংশ শুধু রায়ের ৪৪ ও ৪৫ দফা। এই দফাগুলোতে অনির্বাচিত বা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠন করা যাবে—এ ধরনের কিছু বলা নেই।রায়ে নির্বাচনকালে সর্বদলীয় বা বিরোধী দলের সদস্যদের নিয়ে সরকার গঠনের নির্দেশনা আছে বলে যেসব ব্যাখ্যা দেওয়া হচ্ছে, তা-ও সঠিক নয়। রায়ের কোনো অংশেই বিরোধী দলের সদস্যদের অন্তর্ভুক্ত করে বহুদলীয় বা সর্বদলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠনের বাধ্যবাধকতা সৃষ্টি করা হয়নি। বরং রায়ের ৪৪ নম্বর দফার ১২ অনুচ্ছেদে যা বলা আছে (নির্বাচন-পরবর্তী নূতন মন্ত্রিসভা কার্যভার গ্রহণ না করা পর্যন্ত পূর্ববর্তী মন্ত্রিসভা সংক্ষিপ্ত আকার গ্রহণ করতঃ উক্ত সময়ের জন্য রাষ্ট্রের স্বাভাবিক ও সাধারণ কার্যক্রম পরিচালনা করিবেন) তা অনুসারে মহাজোট সরকারই ছোট আকার ধারণ করে নির্বাচনকালীন সরকার হিসেবে কাজ করলে তা রায়ের বরখেলাপ হবে না। তবে রায়ে বিরোধী দলের সাংসদদের অন্তর্ভুক্ত করে সর্বদলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠনে বাধাও দেওয়া হয়নি। বাংলাদেশের সংবিধান অনুসারে সর্বদলীয় সরকার গঠন করার সুযোগ অবশ্য এমনিতেই রয়েছে। ফলে রায়ে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠন করার নির্দেশনা দিয়ে নতুন কোনো সমাধান দেওয়া হয়নি। বরং রায়ে নির্বাচন কমিশনকে ক্ষমতায়ন করার বিষয়ে যা বলা আছে, নির্বাচনকালে একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার না থাকলে সেটিও পরবর্তী নির্বাচনের জন্য কোনো সুফল বয়ে আনবে না। ২. নির্বাচন কমিশনের বিষয়ে বিচারপতি খায়রুল হক লিখিত রায়ের (৪৪ দফার ১৪ অনুচ্ছেদ) নির্দেশ হচ্ছে: ‘সাধারণ নির্বাচনের তপসিল ঘোষণার তারিখ হইতে নির্বাচনের ফলাফল ঘোষণার তারিখ পর্যন্ত নির্বাচনের সঙ্গে প্রত্যক্ষ এবং কমিশনের বিবেচনায় পরোক্ষভাবে জড়িত রাষ্ট্রের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দসহ সংশ্লিষ্ট সকল ব্যক্তি নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে থাকবে।’ বিচারপতি ইমান আলী বলেছেন, এই শর্তটিও ২০১১ সালে বিচারপতি হক লিখিত সংক্ষিপ্ত আদেশের মধ্যে ছিল না। বিচারপতি খায়রুল হকের রায়ে বলা আছে যে কারচুপিমুক্ত সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজন সত্যিকার স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশন। এ জন্য তিনি নির্বাচন কমিশনকে আর্থিক ও লোকবল নিয়োগে স্বাধীনতা দেওয়ার কথা বলেছেন। কিন্তু রায়ের আদেশ ও নির্দেশ অংশে এগুলো করার কোনো বাধ্যবাধকতা তিনি সৃষ্টি করেননি। তিনি নির্বাচন কমিশনের গঠনসংক্রান্ত বিষয়েও পুরো রায়ে কোনো নির্দেশনা দেননি। অথচ বাংলাদেশে সব আমলে গুরুতরভাবে উচ্চারিত একটি অভিযোগ হচ্ছে নির্বাচন কমিশনে সরকারি দলপন্থী লোকদের নিয়োগ প্রদান করা হয়। বর্তমান নির্বাচন কমিশনে যাঁরা আছেন, তাঁদের প্রায় সবার বিরুদ্ধে প্রধান বিরোধী দল এমন অভিযোগ এনেছে, কমিশনের কোনো কোনো সদস্যের বিরুদ্ধে এই অভিযোগের বিশ্বাসযোগ্যতাও রয়েছে। ফলে বিরোধী দলের সঙ্গে আলোচনাক্রমে বা একটি উপযুক্ত সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশনকে পুনর্গঠন না করেই বর্তমান নির্বাচন কমিশন আরও ক্ষমতাশালী করা হলে তা গুরুতর সমস্যা সৃষ্টি করতে পারে। বরং পাকিস্তানের অষ্টাদশ সংশোধনীর মতো করে বা গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে সাংবিধানিক পদে নিয়োগের জন্য যে খসড়া আইন করা হয়, তার আলোকে সব পক্ষের মতামত নিয়ে একটি নির্বাচন কমিশন গঠন করা হলে, এবং বিচারপতি খায়রুল হক ও বিচারপতি ইমান আলী যেভাবে একে ক্ষমতায়িত করতে বলেছেন, তা আইন পরিবর্তন করে সত্যি সত্যি করা হলে একপর্যায়ে নির্বাচন কমিশন নিজেই সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠানে সক্ষম হবে। বর্তমান নির্বাচন কমিশন দিয়েও একটি গ্রহণযোগ্য নির্বাচন হয়তো করা যেত যদি দেশে নির্বাচনকালীন একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠনের বিধান থাকত। দলীয় সরকারগুলো পাঁচ বছরে প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এমনভাবে ঢেলে সাজায় যাতে তারা নির্বাচনকালে সরকারি দলের পক্ষে কাজ করে। একমাত্র তত্ত্বাবধায়ক সরকারই এই কাঠামো ভেঙে দিয়ে একটি ভারসাম্যমূলক নির্বাচনী প্রশাসন সৃষ্টি করতে পারে। জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, এসপি আর ওসিরা যদি নিরপেক্ষ ও ভয়ভীতিহীনভাবে কাজ করতে পারেন, তা হলে সুষ্ঠু নির্বাচন সাধারণত কেউ ব্যাহত করতে পারে না। ৩. বিচারপতি খায়রুল হকের লিখিত রায়ে তত্ত্বাবধায়ক সরকারের এসব সুফল আলোচনা করা হয়নি। এটি বাতিল করতে গিয়ে শুধু এর খারাপ দিক তুলে ধরা হয়েছে, এর সমালোচনাগুলো স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। রাজনৈতিক বিষয়ে তাঁর অধিকাংশ রায়ের একটি বড় বৈশিষ্ট্য হচ্ছে তুলনামূলক বিচার-বিশ্লেষণ না করে তাঁর সিদ্ধান্তের পক্ষে যায় মূলত সেই সব যুক্তিগুলো উল্লেখ ও আলোচনা করা। যেমন: ত্রয়োদশ সংশোধনী মামলার রায়ে তিনি বেসিক স্ট্রাকচার তত্ত্বকে কোন কোন বিচারক ও আইনবিদ সমর্থন করেছেন, তা সবিস্তারে বলেছেন, এর বিপক্ষের রায় বা অভিমতগুলোকে বহুলাংশে এড়িয়ে গেছেন। রাজনৈতিক বিষয়ে বিচারকদের হস্তক্ষেপ করা উচিত কি না, এই আলোচনাতে তিনি পক্ষের অভিমত ও রায়গুলোকে তুলে ধরেছেন। তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে বলতে গিয়ে তিনি দলীয় সরকারের তুলনায় এটি নির্বাচনব্যবস্থা ও গণতন্ত্র সংহতকরণে কী ভূমিকা রেখেছে, সেই বিশ্লেষণ পরিহার করেছেন। ইতিহাসবোধ এবং তুলনামূলক বিশ্লেষণী ক্ষমতা প্রয়োগ করলে বরং এটি বলা যায় যে বাংলাদেশে দলীয় সরকারগুলোর অধীনের নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারের অধীনের নির্বাচনের চেয়ে অনেক বেশি কারচুপি হয়েছে। লক্ষণীয় বিষয় হচ্ছে, দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনগুলো প্রায়ই এত বেশি বিতর্কিত ছিল যে বাংলাদেশে এসব নির্বাচনের মাধ্যমে গঠিত কোনো সংসদ আজ পর্যন্ত তার মেয়াদকাল সম্পন্ন করতে পারেনি। দলীয় সরকারের অধীনে নির্বাচনের পর দুজন সরকারপ্রধান হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, এই সরকারগুলোর পতন হয়েছে সামরিক শাসন বা গণ-অভ্যুত্থানে। অন্যদিকে ১৯৯০ সালের পর থেকে নির্বাচিত যে তিনটি সরকার তার মেয়াদকাল পূর্ণ করতে পেরেছে, তার সব কটি নির্দলীয় তত্ত্বাবধায়ক (বা নির্দলীয় অন্তর্বর্তী) সরকারের নির্বাচনের ফসল। ত্রয়োদশ সংশোধনী বাতিলের ফলে যদি এখন দলীয় বা সর্বদলীয় সরকারের অধীনে নির্বাচন হয় তা হলে কি অবস্থার পরিবর্তন হবে? নির্বাচন-পরবর্তী সরকার কি টেকসই হবে? মহাজোট সরকারের অধীনে নির্বাচন হলে বিএনপি এবং তার মিত্ররা নির্বাচন বর্জন করবে বলেছে। সে ক্ষেত্রে নির্বাচন-পরবর্তী সরকার ১৯৯৬ সালের মতো পরিণতি বরণ করতে পারে—এই আশঙ্কা রয়েছে। অন্যদিক সর্বদলীয় সরকারের ধারণা অত্যন্ত নাজুক এ কারণে যে বাংলাদেশে বিদ্যমান ব্যবস্থায় কোনো দলও নয় প্রকৃত অর্থে ক্ষমতায় অধিষ্ঠিত থাকে প্রধানমন্ত্রীর সরকার। বাংলাদেশের প্রধানমন্ত্রী ব্রিটেন বা ভারতের প্রধানমন্ত্রী এমনকি আমেরিকার প্রেসিডেন্টের তুলনায় নিজ দেশে অনেক বেশি ক্ষমতাবান। এই পদে শেখ হাসিনা বা আওয়ামী লীগের সাংসদদের বাদ দিয়ে সরকার গঠন তাত্ত্বিকভাবে অসম্ভব নয়। সংসদে একমাত্র স্বতন্ত্র সদস্য ফজলুল আজিম বা উপনির্বাচনের মাধ্যমে নির্দলীয় একজন ব্যক্তিকে নির্বাচিত করে এনে তাঁকে প্রধানমন্ত্রী বানিয়ে সংবিধান ও রায়ের আলোকে একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করা যায়। কিন্তু সেই প্রধানমন্ত্রী বর্তমান সরকারের সাজানো পুলিশ ও জনপ্রশাসনে ব্যাপক রদবদল করলে সর্বদলীয় সরকারের আওয়ামী লীগের মন্ত্রীরা তা মানবেন কি? রদবদল না হলে বিএনপির মন্ত্রীরা কি তা মানবেন? সর্বদলীয় সরকারে তীব্র অনৈক্য এবং রাজপথে হুংকার আর পাল্টা হুংকারের মধ্যে নির্বাচন ও গণতন্ত্র টিকিয়ে রাখা যাবে কি? ত্রয়োদশ সংশোধনী মামলার রায় আমাদের কোনো সমাধান দেয়নি। বরং সংক্ষিপ্ত আদেশ বদলে ফেলে চূড়ান্ত আদেশে এটি একটি প্রতিষ্ঠিত সমাধানকে নাকচ করেছে। এই রায়ের পর দেশ সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে পুরোনো চ্যালেঞ্জগুলোর মুখে নতুন করে পড়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলার মতো রাজনৈতিক প্রজ্ঞা যদি আমাদের দুই নেত্রীর থাকে, তা হলে তা ভালো। আসিফ নজরুল: অধ্যাপক, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।