বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমানের ওপর যেভাবে হামলা হয়েছে, তা পরিকল্পিতভাবেই হয়েছে বলে ধরে নেওয়ার যথেষ্ট কারণ রয়েছে। আমরা এ হামলার নিন্দা এবং এ ধরনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি।
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকে দেশব্যাপী অবরোধ চলছে। অবরোধের শুরু থেকেই নানা ধরনের নাশকতার কারণে সরকার এর বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছে এবং ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে। এমন পরিস্থিতিতে গুলশানের মতো একটি স্পর্শকাতর এলাকায় কীভাবে দুর্বৃত্তরা রিয়াজ রহমানের গাড়ি আটকে তাঁকে গুলি করে গাড়িতে আগুন ধরিয়ে পালিয়ে গেল, সেটা সত্যিই বিস্ময়কর।
সাবেক প্রতিমন্ত্রী রিয়াজ গুলিবিদ্ধরিয়াজ রহমান দলের অবরুদ্ধ চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করে বাড়ি ফিরছিলেন। এটা স্পষ্ট যে হামলাকারীরা তাঁকে টার্গেট করেই মোটরসাইকেল নিয়ে তাঁর গাড়িকে অনুসরণ করেছে এবং সুবিধামতো জায়গায় গাড়ি থামিয়ে হামলা চালিয়েছে। তিনটি মোটরসাইকেলে সাত-আটজন হামলাকারী আগ্নেয়াস্ত্র, হাতুড়ি, লাঠি ও আগুন লাগানোর সরঞ্জাম বহন করছিল, কারণ হামলায় এগুলো ব্যবহৃত হয়েছে। আমাদের প্রশ্ন, এত নিরাপত্তা, মোড়ে মোড়ে নানা চেকপোস্ট পেরিয়ে দুর্বৃত্তরা এসব নিয়ে মোটরসাইকেলে ঘুরে বেড়াচ্ছিল কীভাবে? এই হামলাকারীরা আসলে কারা? বিভিন্ন নিরাপত্তা বাহিনীর লোকজন তখন করছিল কী?
এসব প্রশ্নের উত্তর ও ফয়সালা সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে করতে হবে। অবরোধ কর্মসূচি শুরু হওয়ার পর বিএনপির অনেক নেতার বাসা, অফিস ও গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। সর্বশেষ এ চরম হামলার ঘটনাটি এরই ধারাবাহিকতা হিসেবেই বিবেচনা করতে হচ্ছে। রিয়াজ রহমানের গাড়িতে হামলার ঘটনার পর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, সরকারের উচ্চপর্যায়ের উসকানিতেই এ হামলার ঘটনা ঘটেছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও হামলাকারীদের গ্রেপ্তার দেখতে চাই। আমরা রিয়াজ রহমানের আশু সুস্থতা কামনা করছি।