রুই-কাতলারা কেন ধরাছোঁয়ার বাইরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোভিড–১৯ পরিস্থিতি স্বাস্থ্য খাতের দুর্নীতির মাত্রা সম্পর্কে জনগণকে একটি ধারণা দিয়েছে। স্বাস্থ্য খাতের দুর্নীতি যে কত ব্যাপক ও ভয়ংকর হতে পারে, সেটা এত দিন অনেকটাই চাপা পড়ে ছিল। তবে দুর্নীতি দমন কমিশন (দুদক) অবশ্য করোনা পরিস্থিতির আগেই স্বাস্থ্য মন্ত্রণালয়কে ব্যাপক দুর্নীতির বিষয়ে সতর্ক করেছিল।

স্বাস্থ্য খাতের দুর্নীতি নিয়ে দুদক যে ১৯টি মামলা করেছে, তার মধ্যে ৯টি মামলা করোনার আগে করা হয়েছিল। বাকি ১০টি করেছে ফেব্রুয়ারি থেকে আগস্টের মধ্যে। বোঝাই যায়, জনক্ষোভের একটা প্রভাব তাদের মামলা দায়েরে একটি গতি এনেছে। কিন্তু উদ্বেগের বিষয় হলো, দুদক যাঁদের অভিযুক্ত করেছে, তাঁরা প্রধানত মধ্যম থেকে নিম্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী। অথচ এটা স্বাভাবিক যে বড় বড় কর্মকর্তা এবং তাঁদের ওপর রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তিদের আশীর্বাদ না থাকলে পুকুরচুরি করা সম্ভব হয় না। ৫ হাজার টাকায় ফুটবল কিংবা ৩৭ লাখ টাকায় এক সেট পর্দা কেনার মতো দুর্নীতি চুনোপুঁটিদের পক্ষে করা অসম্ভব। ঠিকাদারদের এসব বিল বড় কর্তাদের সই ছাড়া অনুমোদন পাওয়ার প্রশ্নই আসে না। তাই ১৯ মামলার কোনোটিতেই উচ্চপদস্থ কর্মকর্তাদের কারও সম্পৃক্ততা দেখাতে না পারা একটা ব্যর্থতা কিংবা অক্ষমতার বহিঃপ্রকাশ।

পুকুরচুরির সিংহভাগ সুবিধাভোগী হিসেবে অবশ্যই রাজনৈতিক পদে বা কানেকশনে যাঁরা আছেন, তাঁদের নাম আসবে। সংশ্লিষ্ট পদস্থ কর্মকর্তাদের নাম আসবে। অথচ বিস্ময়করভাবে ১৯ মামলার অভিযুক্তদের তালিকায় মূলত ঠিকাদার এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা রয়েছেন। অথচ এটা সাধারণ জ্ঞান যে যত বড় অঙ্কের টাকা, তত বড় কর্তার করস্পর্শ অবধারিত।

সরকারি ক্রয় আইন অনুযায়ী, ক্রয়প্রক্রিয়ায় অধিকতর দায়িত্বশীল ও বড় কর্মকর্তারাই দেখভাল করবেন। সুতরাং নথি নিচ থেকে চালু হলেও সেটা শীর্ষ পর্যায় পর্যন্ত পৌঁছায়। সুতরাং দুদক অভিযোগপত্র তৈরি করতে গিয়ে ‘নিচতলা’ দেখবে, ‘ওপরতলা’ দেখবে না, সেটা যুক্তির কথা নয়। তাই দুদকের অনুসন্ধান ও তদন্ত প্রক্রিয়ার স্বচ্ছতা ও উপযুক্ততা খতিয়ে দেখার দাবি রাখে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের দক্ষতা ও যোগ্যতার ঘাটতি দূর করতে হবে। এ ছাড়া ঐতিহ্যগতভাবে রুই-কাতলায় রুচি না থাকার দৃষ্টিভঙ্গি পরিহার করতে হবে। অবশ্য একই সঙ্গে আমরা বলব, দুদকের অগ্রগতির পরের ধাপে যাঁরা আছেন, তাঁরা এ পর্যন্ত কতটা কী করেছেন? কোভিডে এ পর্যন্ত যত কেলেঙ্কারি বেরিয়েছে, তার কোনোটিরই তো ‘দ্রুত বিচার’ জাতি দেখেনি। অবস্থাটা সেই ‘গ্রেপ্তার ও জামিন’ চক্রেই আটকে আছে। যথারীতি যেন চোখ সরে বা চোখ সয়ে যাওয়ার অপেক্ষা। অভিযুক্ত ব্যক্তিদের হাজতবাস করাতেই বিরাট আত্মতৃপ্তি।

এটা তাৎপর্যপূর্ণ যে লাইসেন্সবিহীন রিজেন্ট হাসপাতালের সঙ্গে কীভাবে ‘মিলিয়নিয়ার ড্রাইভার মালেকের হাতে জিম্মি থাকা’ স্বাস্থ্য অধিদপ্তর চুক্তি করেছিল, সেই দুর্নীতির বিচারের প্রশ্ন সবচেয়ে জ্বলন্ত। অথচ আমরা রিজেন্টের মালিককে দ্রুত বিচারে যাবজ্জীবন পেতে দেখলাম অবৈধ অস্ত্র মামলায়। দুর্নীতির মামলার গলা টিপে ধরার যে ঐতিহ্য, মহামারিতেও সেটা অটুট। বিশ্বব্যাংক ও এডিবির অর্থায়নে স্বাস্থ্য অধিদপ্তরের দুর্নীতিগ্রস্ত প্রকল্পের দুই পরিচালক কর্মস্থল বদলের দরখাস্ত করেছেন। পরিচালক হিসেবে দুর্নীতির দায় এই দুজন কোনোভাবেই এড়াতে পারেন না। বদলি দায়মুক্তির পথ হিসেবে বিবেচিত হচ্ছে। এই পার পাওয়ার সংস্কৃতি চলতে পারে না।

করোনার আগে দুদকের করা সুপারিশ অগ্রাহ্য করার প্রধান দায় অবশ্যই স্বাস্থ্যমন্ত্রী তথা এই মন্ত্রণালয়-সংক্রান্ত রাজনৈতিক নেতৃত্বকে নিতে হবে। এর দায় স্বাস্থ্য মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটিকেও নিতে হবে। দুদকের পক্ষে একটি গুরুতর বিষয়ে ইঙ্গিত মিলেছে। তা হলো ওই ১৯ মামলা রুই-কাতলামুক্ত। কারণ, কোনোটিতেই ওপরতলার কারও ‘সরাসরি’ সম্পৃক্ততা মেলেনি। সংসদীয় কমিটির উচিত এসব বিষয়ে হস্তক্ষেপ করা।