রুয়েটে ছাত্রশিবিরের সন্ত্রাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রশিবির তার বলপ্রয়োগের ঐতিহ্য সমুন্নত রেখেছে। হরতাল পালনে বাধ্য করতে গিয়ে রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয় (রুয়েট) বন্ধের পরিস্থিতি সৃষ্টি করেছে। প্রতিবাদ আর সন্ত্রাসের মধ্যে যে রাজনীতি পার্থক্য রাখে না, তাকে কি রাজনৈতিক সংগঠন বলা যায়? ছাত্রসমাজকে জিম্মি করার এই রাজনীতির অবসান হওয়া দরকার।
দেলাওয়ার হোসাইন সাঈদীর রায়ের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর ডাকা হরতাল ছিল গত বৃহস্পতিবার। যথারীতি রুয়েটের ছাত্রশিবিরের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হরতাল পালনের জন্য সশস্ত্রভাবে নেমে পড়েন। তাঁরা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠানে বাধা দিলে পুলিশ জড়িত হয়ে যায়। ছাত্রশিবির নিজেদের প্রভাবাধীন ছাত্রাবাসে জড়ো হলে পুলিশ সেখানে অভিযান চালায়। দৃশ্যত, ছাত্রশিবির উত্তেজনা সৃষ্টির দায়ে অভিযুক্ত। দুটি ঘটনায় শিবিরের আট নেতা গ্রেপ্তার হন।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশে পুলিশের তৎপর হওয়া যৌক্তিক। কিন্তু ছাত্রলীগের কর্মীরা শিবিরবিরোধী অভিযানে পুলিশের পাশে কেন? কোন ক্ষমতার বলে তাঁরা পুলিশের ভূমিকায় অবতীর্ণ হন? বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত যারাই ক্যাম্পাসে উত্তেজনা সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নেওয়া। ছাত্রশিবিরকে থামানোর পাশাপাশি ছাত্রলীগের কর্মীদের নিরস্ত করাও উচিত ছিল তাদের। একই কথা পুলিশের বেলাতেও প্রযোজ্য।
শিক্ষাঙ্গনে সন্ত্রাস বহুপক্ষীয় ব্যাপার। সরকারি বা বিরোধী—উভয় পক্ষই এতে জড়িত। শিক্ষাঙ্গনে শান্তি আনতে হলে রাজনৈতিক রং না দেখে, সন্ত্রাসীমাত্রকেই আইনের হাতে সোপর্দ করা জরুরি। দুঃখের বিষয়, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ কর্তৃপক্ষ এতটা নিরপেক্ষতা দেখাতে পারে না, তাই সমস্যাটা থেকেই যায়।
ছাত্রশিবির ছাত্ররাজনীতিতে সন্ত্রাসের প্রবর্তনের জন্য দায়ী। আশির দশকে আধিপত্য বিস্তারের লড়াইয়ে তারা হত্যা ও রগ কাটার প্রবর্তন ঘটায়। ইতিমধ্যে এই সহিংস সংস্কৃতি সব লেজুড়বাদী ছাত্রসংগঠনে ছড়িয়ে গেছে। এ বিষয়ে কঠোরতার কথা সরকারি মহল থেকে বলা হলেও কাজের বেলায় নিরপেক্ষতা ও আপসহীনতা দেখা যায় না। সমস্যার গোড়াটা এখানেই।