রেডি ফর শাস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মা-বাবার কাছে শুনেছিলাম আমার ‘তখ্তী’ হয়েছিল মসজিদে। তখন আমাদের পরিবারে এটাই নিয়ম ছিল। ‘তখ্তী’ মানে হচ্ছে হাতে খড়ি। মাওলানা সাহেব দোয়া করেছিলেন যাতে ছেলেটা লেখাপড়ায় দিগ্গজ হয়। সেটা যে হয়নি সে তো আর এখন বলে দেওয়ার প্রয়োজন নেই। আসলে ছাত্র হিসেবে চিরকালই ‘অগা’ রয়ে গেলাম আমি। পড়াশোনা জিনিসটা আমার কাছে সব সময়ই একটা অসহনীয় বিষয় মনে হতো। তাই স্বাভাবিক কারণে পরীক্ষার ফলাফলও হতো টেনেটুনে পাস। এহেন আমি টাইগারপাস কিন্ডারগার্টেন স্কুল থেকে প্রাইমারি বৃত্তিতে সুযোগ পেয়ে গেলাম। এবং যথারীতি ব্যর্থ হলাম বৃত্তি পেতে। কিন্তু লাভ হলো একটা যে স্কুলে ক্লাস ফাইভের বার্ষিক পরীক্ষা না দিয়েই উত্তীর্ণ তো হলামই, উপরন্তু ভালো একটা সার্টিফিকেট পাওয়া গেল স্কুল থেকে। সেই সুবাদে ভর্তি হতে খুবই সুবিধা হলো এক বিখ্যাত স্কুলে। ফুটানিতে মাটিতে পা পড়ে না, এমন অবস্থা তখন আমার। আমি চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের ছাত্র! একটি ঐতিহ্যবাহী স্কুল চট্টগ্রামের এই কলেজিয়েট স্কুল।১৮৩৬ সালে প্রতিষ্ঠিত এই স্কুলের ১৭৫ বছর পূর্তি উৎসব শুরু হয়েছে গতকাল। উৎসবে যোগ দেওয়ার আন্তরিক ইচ্ছা সত্ত্বেও কাজের চাপে সম্ভব হলো না বলে মনটা খারাপ। স্মৃতিগুলো সব এসে ভিড় করছে মনের খিড়কিতে একে একে। বসে গেলাম তাই নীপবনে লিখতে।পাড়ারই এক সিনিয়র ভাইয়ের হাত ধরে গিয়ে ভর্তি হয়েছিলাম। সেই ইংরেজি ‘ই’ প্যাটার্নের ভবনটি কখনো ভোলার নয়। আইস ফ্যাক্টরি রোডের ওপর চমৎকার লাল ইটের একতলা (এখন নাকি দোতলা!) ভবনটির সামনে বিশাল চত্বরে অ্যাসেম্বলিতে দাঁড়াতাম রোজ সকালে—গাইতাম জাতীয় সংগীত, সমবেত কণ্ঠে। সামনে বিশাল মাঠ, তারপরই এক লালঘর। এই পোড়ো লালঘরের রহস্য কোনো দিনই উদ্ধার করতে পারিনি। দেখেছি কিছু ছাত্র ধূমপান করত ওখানে লুকিয়ে লুকিয়ে। টাইগারপাস থেকে আমরা কয়েকজন দল বেঁধে হেঁটে রওনা হতাম স্কুলের উদ্দেশে। আহা, সেই সব দিন। হাঁটতে হাঁটতে যেতাম নেভি ব্যারাকে এক বন্ধুর বাড়ি। তারপর মামু ভাগনের দরগার পাশ দিয়ে দেওয়ানহাট ব্রিজের তলায় খাল পেরিয়ে পোলো গ্রাউন্ড রেল কলোনির ভেতর দিয়ে কদমতলী রেলগেট পেরিয়ে পোর্ট ট্রাস্টের রেললাইন ধরে সোজা আইস ফ্যাক্টরি রোডে হেডমাস্টার সাহেবের বাড়ির সামনে দিয়ে, শিক্ষকদের কোয়ার্টার, ছাত্রদের হোস্টেল পেরিয়ে লাল বিল্ডিংয়ের স্কুলে পৌঁছাতাম। সব, সব ছবির মতো ভেসে উঠছে আমার চোখের সামনে, পরিষ্কার ছবি। টিফিনে আলু সেদ্ধ খাওয়ার জন্য পুকুরপাড়ে ছুটতাম। দুআনা কি এক আনার আলু সেদ্ধ কাঠির আগা দিয়ে তুলে খাওয়া! চমৎকার। এই দোকানগুলো যেখানে বসত তার পেছনে পুকুর। তারপর একটু ডানে গেলে মাদারবাড়ি। মনে পড়ে বশরের দোকানের সিঙাড়া আর গোস্ত-পরাটা। নবম-দশম শ্রেণীতে জুনিয়র ক্যাডেট কোরের প্যারেড শেষে বিশেষ টিফিন হিসেবে এগুলো ছিল আমাদের পাওনা বা সান্ত্বনা পুরস্কার। এই কলেজিয়েট স্কুলে জীবনের পাঁচটি বছর কেটেছে আমার। খুবই সুন্দর সময়ের পাঁচটি বছর। ১৯৫৪ থেকে ১৯৫৮। কত যে স্মৃতি তোলপাড় হচ্ছে, কোনটা বলব তা-ই ভাবছি। গুরু ট্রেনিং স্কুলের পেছনে নালাপাড়ায় বন্ধু নাসিরের লাইব্রেরির বইপড়াও মনে পড়ছে। নীপবনে নানা সময় নানা স্মৃতির কথা বলেছি। আজ বলি মোখলেস স্যারের কথা। স্যারের নাম মোখলেস মিঞা। আমাদের ড্রয়িং স্যার। আবার কাব (সিইউবি) স্যার। ছাত্রদের নয়নের মণি ছিলেন স্যার। তাঁর শিক্ষকজীবনে একবার যাঁরা তাঁর ছাত্র হিসেবে ক্লাস করেছেন, আমি হলফ করে বলতে পারি, কোনো দিন ভুলতে পারেননি তাঁকে।বেঁটে-খাটো মানুষটি। স্বাস্থ্য ভালো ছিল বেশ। ফলে অনেকটা গোলগালই বলা যেতে পারে। ঢোলা পাজামা আর ঢোলা সাদা পাঞ্জাবি ছিল তাঁর নিত্যনৈমিত্তিক পোশাক। ছটফটে স্বভাবের ছিলেন স্যার। ভাষাটাও নোয়াখালীর (আশা করি ভুল করিনি) সঙ্গে শুদ্ধের সংমিশ্রণ। সুরে আন্তরিকতা ছিল সর্বক্ষণ।স্যার আমাকে মাফ করবেন—আমরা তো বদের ধাড়ি, আপনার নাম দেওয়া হয়েছিল দেড় ব্যাটারি। আমাদেরও আগের কেউ দিয়েছিল, আমরাও আড়ালে-আবডালে ওই নামেই ডাকতাম আপনাকে। আপনার ক্ষমা নিশ্চয় পেয়েছি তখনই—কারণ আমি নিশ্চিত আপনি জানতেন আপনার এই নাম। জেনেও হাসিমুখে পিতার স্নেহ-আদরে ভরিয়ে দিতেন এসব অপরাধীদের। আপনাকে স্যার সবচেয়ে আকর্ষণীয় লাগত যখন কাবের ড্রেস পরতেন। আমি নিশ্চিত স্যার আপনি ফুলপ্যান্টের নিচে লুঙ্গি পরে নিতেন, যার ফলে পেট এবং পশ্চাদ্দেশ অস্বাভাবিকভাবে ফুলে থাকত। ছাত্ররা সাধারণত শিক্ষকদের একটি করে নাম দিতে পছন্দ করে। আমার এই মুহূর্তে মনে পড়ছে, অন্তত একজন শিক্ষকের নাম উৎপত্তি হয়েছিল আমাদের ক্লাস থেকেই। সেটা সেই ১৯৫৪ সালের কথা। ক্লাস সিক্সে ভর্তি হয়েছি কলেজিয়েট স্কুলে। ক্লাস শুরু হওয়ার কদিনের মধ্যেই আমাদের এক নতুন ক্লাসটিচার এলেন। নাম যতদূর মনে পড়ছে—ওবায়েদ স্যার (ভুল হলে ক্ষমাপ্রার্থী)। বাংলা পড়াতেন। স্যার ছিলেন খুবই অস্থির চিত্তের। অল্পতেই রেগে যেতেন। পড়ানোটা ছিল মাঝারি পর্যায়ের। আর স্যারের হাতের লেখাটা ছিল—খুবই খারাপ। ছাত্ররা পড়তে পারত না। এটা নিয়ে স্যারকে অনেক হয়রানি হতে হয়েছে দুষ্টু ছাত্রদের কাছে।তো সেই প্রথম দিন, আমার আজও স্পষ্ট মনে পড়ছে—স্যার পড়াচ্ছেন আর বোর্ডে লিখছেন। ছেলেরা সবাই চুপচাপ। হঠাৎ পেছন থেকে একজন চিৎকার করে বলে উঠল—‘কোয়াইশ করি ল্যাখ’। গোটা ক্লাসে হাসির জোয়ার বয়ে গেল সঙ্গে সঙ্গে। ‘কোয়াইশ’ শব্দের মানে হচ্ছে ‘ভালো’। শব্দটার উৎস কিন্তু আরবি ‘কোয়াইস’। যাই হোক সেই থেকে স্যারের নাম হয়ে গিয়েছিল—আবদুল কোয়াইশ।হ্যাঁ, আমাদের প্রিয় স্যার মোখলেস মিঞার কথায় ফিরে আসি। স্যার ড্রয়িং করাতেন অতি যত্নে। অনেক সময় হাতে ধরে শিখিয়ে দিতেন। কীভাবে কাগজ ধরতে হবে, পেনসিল দিয়ে কীভাবে টান দিতে হবে, ইরেজার ব্যবহার—সবকিছুই স্যার আন্তরিকভাবে শিষ্যদের বুঝিয়ে দিতেন।স্যার ছাত্রদের বন্ধু ছিলেন একই সঙ্গে। মনে করুন অনেকক্ষণ সিরিয়াসলি ক্লাস করার পর স্যার বলে উঠলেন—‘পিপাসা লাগছে?’‘জি স্যার।’ সমস্বরে ছাত্ররা বলে উঠত। এবার স্যার বলতেন—‘রেডি ফর আইসক্রিম।’ আমরা সবাই খাতাপত্র গুটিয়ে টেবিলে দুহাত রাখতাম। স্যার তখন বলতেন—‘ওয়ান’। আমরা মুখ দিয়ে আওয়াজ করতাম বোতলের মুখ খোলার মতো—‘টক্’।স্যার বলতেন—‘টু’। আমরা সমস্বরে আওয়াজ তুলতাম—‘গ-ঢ়-ঢ়-ঢ়’ গলায় পানি যাওয়ার শব্দ। ‘থ্রি’। আমরা স্বস্তির আওয়াজ তুলতাম। ‘আ-া-া-া-া’।এভাবেই কাজে পরিশ্রান্ত হয়ে একটু স্বস্তি পাওয়ার চেষ্টা চলত। এ পদ্ধতি সম্পূর্ণই আমাদের মোখলেস স্যারের আবিষ্কার।স্যার যে শুধু আনন্দই দিতেন তা নয়, শাস্তিও পেতাম আমরা। হয়তো খুব হট্টগোল হচ্ছে ক্লাসে। স্যার হঠাৎ বলে উঠতেন—‘রেডি ফর শাস্তি।’ আমরা টেবিলে দুহাত রেখে বসতাম। ‘ওয়ান’ স্যারের নির্দেশ আসত। আমরা দুহাত দিয়ে দু কান ধরে কোরাসে উচ্চারণ করতাম—‘লজ্জা পেয়েছি।’ ‘টু’। সবাই হাত নামিয়ে বলতাম—‘ক্ষমা চাই।’তিনবার করতে হতো এটা। তবেই ক্ষমা হতো। স্যার, কলেজিয়েট স্কুলের ১৭৫ বছর পূর্তিতে অন্তরের গভীরতম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি সব শিক্ষককে, শুভেচ্ছা জানাই প্রাক্তন এবং বর্তমান ছাত্রদের। সেই সঙ্গে শুধু বলব, স্যার, আপনাদের মতো শিক্ষকদের জেগে ওঠার সময় হয়েছে আবার, দেশসেবার নাম করে যাঁরা দেশ নিয়ে ব্যবসা করেন তাঁদের শুধু এটা বলার জন্য যে—‘রেডি ফর শাস্তি—ওয়ান, টু...।’যদিও জানি তাঁরা লজ্জা পাবেন না, কানও ধরবেন না। কারণ তাঁদের তো দুকানই কাটা। জয়তু চট্টগ্রাম কলেজিয়েট স্কুল।আবুল হায়াত: নাট্যব্যক্তিত্ব।