রেমিট্যান্স-প্রবাহ হ্রাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছরের একই সময়ের (জুলাই-ফেব্রুয়ারি) তুলনায় প্রবাসীদের আয় এবার ১৭ শতাংশ হ্রাস এবং গত পাঁচ বছরের মধ্যে গত মাসে পাঠানো প্রবাসীদের আয় (৯৩ কোটি ৬২ লাখ ডলার) সব থেকে নিচে নেমে আসার খবর উদ্বেগজনক।
বিদেশে শ্রমবাজারে অস্থিতিশীলতা সত্ত্বেও বাংলাদেশি শ্রমিকদের বাইরে যাওয়ার হার বেড়েছে। এ অবস্থায় রেমিট্যান্স-প্রবাহ কেন ধারাবাহিকভাবে কমবে, সেই প্রশ্ন ওঠা স্বাভাবিক। মধ্যপ্রাচ্যের দেশগুলো, যা আমাদের রেমিট্যান্সের বড় উৎস, সেখানে অর্থনৈতিক মন্দা ও হুন্ডিজনিত কারণকে বিশেষজ্ঞরা রেমিট্যান্স কমে যাওয়ার কারণ হিসেবে চিহ্নিত করেছেন। হুন্ডির মতো অবৈধ প্রক্রিয়ায় বিদেশ থেকে অর্থ পাঠানো বন্ধ করতে যুগোপযোগী আইন করা হলেও তার প্রয়োগের ক্ষেত্রে শৈথিল্য রয়েছে। বাংলাদেশ ব্যাংকও এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে পেরেছে বলে মনে হয় না।
কোনো দেশে যদি বিদেশি শ্রমিক কাটছাঁট বা শ্রমবাজারে সংকোচন ঘটে, সেটা জনশক্তি রপ্তানিকারী দেশগুলোর পক্ষে তা নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। কিন্তু ব্যাংকের সঙ্গে খোলাবাজারে ডলারের দামের পার্থক্যের কারণে হুন্ডিকে বেছে নেওয়া এবং কথিত ‘বিকাশ’ অ্যাপস ব্যবহার করে অবৈধভাবে টাকা পাঠানোর পথগুলো নিয়ন্ত্রণ করা কঠিন নয়। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো কী ধরনের ব্যবস্থা নিয়েছে কিংবা কী ধরনের সুফল পেয়েছে, সে বিষয়ে জবাবদিহি দরকার। আর তা কেন্দ্রীয় ব্যাংককেই নিশ্চিত করতে হবে। নতুন শ্রমবাজারের সন্ধান ও বিদ্যমান বাজারের নানা প্রতিকূলতা কাটিয়ে তাকে যথাসম্ভব বাংলাদেশি শ্রমিকবান্ধব করার জন্য সরকারকে তার অর্থনৈতিক কূটনীতি জোরদার করা প্রয়োজন।
রেমিট্যান্স-প্রবাহের সামান্য হ্রাস-বৃদ্ধি হয়তো অস্বাভাবিক নয়। কিন্তু কয়েক বছর ধরেই রেমিট্যান্স-প্রবাহ বলা চলে একটানা শ্লথ বা নিম্নমুখী রয়েছে। অভিবাসী শ্রমিকসংখ্যা ও তঁাদের মাথাপিছু আয়, টাকা জমানোর গড় স্বাভাবিক প্রবণতাই কিন্তু রেমিট্যান্স-প্রবাহ যাচাইয়ে সবটুকু নয়। বিদেশে জমানো টাকা বাড়িতে পাঠানোর প্রবণতাও গুরুত্বপূর্ণ। আর বিনিয়োগের পরিবেশ অধিকতর আকর্ষণীয় করতে না পারলে শ্রমিকেরা তাঁদের কষ্টার্জিত অর্থ কেন দেশে পাঠাবেন?
দেশের অভ্যন্তরে কর্মসংস্থান, বিনিয়োগ এবং বিশেষ করে বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখতে রেমিট্যান্স বড় ভূমিকা রাখছে। বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখা এবং ২০৩০ এসডিজি (সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল) অর্জনেও রেমিট্যান্স মুখ্য হাতিয়ার হিসেবে বিবেচিত। সুতরাং রেমিট্যান্স-প্রবাহকে স্থিতিশীল রাখতে সর্বাত্মক প্রয়াস নেওয়ার বিকল্প নেই।