রেল বিভাগের সমস্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের মতো জনবহুল দেশে গণপরিবহনের সবচেয়ে সুবিধাজনক ও কার্যকর মাধ্যম হতে পারত রেল পরিবহন। কিন্তু দুঃখজনকভাবে তা হয়নি। কেন হয়নি, তা নিয়ে নানা ধরনের কথাবার্তা শোনা যায়। কিন্তু সমস্যাগুলো সঠিকভাবে চিহ্নিত করে সমাধানের কার্যকর উদ্যোগ নেওয়া হয় না; যা কিছু করার চেষ্টা করা হয়, তা-ও ফলপ্রসূ হয় না। তাই তো আমাদের রেল পরিবহনব্যবস্থা চিরকালই রুগ্ণ রয়ে গেল।
প্রথম আলো ২৫ জানুয়ারি থেকে তিন পর্বের এক ধারাবাহিক প্রতিবেদনে রেল পরিবহনব্যবস্থার বর্তমান চিত্র তুলে ধরার চেষ্টা করেছে। চিত্রটি নিষ্প্রভ ও নৈরাশ্যজনক। কেননা, রেলব্যবস্থার প্রতি দরদ ও দায়িত্বশীলতার অভাব খুব স্পষ্ট হয়ে উঠেছে।
রেলের দুর্দশার জন্য প্রধানত দায়ী করা হতো লোকবলের অভাবকে। এই অভাব দূর করতে রেল বিভাগে গত পাঁচ-ছয় বছরে ১০ হাজারের বেশি লোক নিয়োগ করা হয়েছে। কিন্তু তার কি সুফল পাওয়া যাচ্ছে? রেলের সেবার মান কি উন্নত হয়েছে? রেল পরিবহনের ওপর মানুষের আস্থা ও নির্ভরযোগ্যতা কি বেড়েছে? সর্বোপরি, রেলের লোকসান কি কমেছে?
না। ১০ হাজার লোক নিয়োগ ছাড়াও গত সাত বছরে রেলের পেছনে ৩১ হাজার কোটি টাকা ব্যয় করা হয়েছে, কিন্তু রেল এখনো লোকসানি প্রতিষ্ঠান। গত অর্থবছরে লোকসান গুনেছে ১ হাজার ৩০৩ কোটি টাকা। আমাদের রেল এক বছরে যত টাকা ব্যয় করে, তার অর্ধেক পরিমাণও আয় করতে পারে না। সর্বশেষ উদাহরণ: গত অর্থবছরে ব্যয় করেছে ২ হাজার ৩৩৭ কোটি টাকা; আর আয় করেছে ১ হাজার ৩৪ কোটি টাকা। গত সাত বছরে রেল খাতের উন্নয়নসহ মোট ব্যয় করা হয়েছে ২৯ হাজার ৭৪ কোটি টাকা। আর রেল আয় করেছে মাত্র ৫ হাজার ৩৭১ কোটি টাকা!
প্রতিবছর ১ হাজার কোটি টাকার বেশি লোকসান ছাড়াও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পেছনে বিপুল অঙ্কের অর্থ ব্যয় করা হচ্ছে বিদেশ থেকে ঋণ নিয়ে। ৪৮টি উন্নয়ন প্রকল্পে মোট ব্যয় করা হবে ৯৮ হাজার কোটি টাকা। ঋণ শোধ করতে হবে সুদে-আসলে। একটা সময় দেখা যাবে, রেলের আয়ের তুলনায় ঋণের কিস্তির পরিমাণ বেশি! এ অবস্থা কি চলতেই থাকবে?
রেলের পেছনে ব্যয় করা উচিত পরিকল্পিতভাবে। সেবার সার্বিক মান উন্নত করার মাধ্যমে আরও বেশি যাত্রী আকর্ষণ ও আয় বাড়ানোই হওয়া উচিত প্রধান লক্ষ্য।