আমাদের সড়ক ব্যবস্থাপনায় যখন বিশৃঙ্খলা চরমে, মহাসড়কগুলো যখন ভেঙেচুরে গর্তে, খানাখন্দে একাকার, ঘরে বাইরে মন্ত্রী আবুল হোসেন সমালোচিত, তখন একটি অপার সম্ভাবনাময় জাতীয় সম্পদ বহু বছর ধরে নিগৃহীত, উপেক্ষিত ও অবহেলিত। সেই মহামূল্যবান সম্পদটি হচ্ছে আমাদের রেলওয়ে। স্বাধীনতা-পরবর্তী রেলপথে মানুষের আস্থা ছিল, পণ্য পরিবহনের অন্যতম প্রধান মাধ্যম ছিল এই রেলপথ। ভয়াবহ জনসংখ্যার চাপ এবং সড়কপথের অপ্রতুলতা ও অরাজকতা বিবেচনা করলে বাংলাদেশ রেলওয়ের পক্ষে একটি জনপ্রিয় ও গণমুখী যোগাযোগের মাধ্যম হয়ে ওঠা অসম্ভব বিষয় ছিল না। ষাটের দশকে এ দেশে সড়ক, রেল ও নৌপথ মিলে যত যাত্রী পরিবহন করা হতো, তার ৭৪ শতাংশই হতো রেলপথের মাধ্যমে। গত ৪০ বছরে জনসংখ্যা বেড়ে দ্বিগুণ হলেও বর্তমানে রেলপথের যাত্রী মোট যাত্রীর মাত্র ছয়-সাত শতাংশ। পণ্য ও মালামাল পরিবহনের ক্ষেত্রেও একই চিত্র দেখা যায়। সত্তর সালের মাঝামাঝি সারা দেশের মালামালের ২৮ শতাংশ রেলওয়ের মাধ্যমে পরিবহন হলেও, বর্তমানে রেলপথে মালামাল পরিবহনের মাত্রা মোট মালামালের মাত্র তিন শতাংশ। অথচ ৪০ বছরে সড়কপথে এই পণ্য পরিবহন বেড়ে হয়েছে দ্বিগুণ। এই পরিসংখ্যান কিসের আলামত দেয়? সারা দেশের বিস্তীর্ণ এলাকাজুড়ে রেলওয়ের প্রাথমিক অবকাঠামো বিদ্যমান থাকলেও এবং রেল পরিবহনব্যবস্থা অপেক্ষাকৃত নির্ঝঞ্ঝাট, পরিবেশবান্ধব ও কম দুর্ঘটনাপ্রবণ হলেও কী কারণে রেল ছেড়ে সড়কপথের দিকে ঝুঁকল মানুষ? এই প্রশ্নের উত্তরে ঢালাওভাবে রেলপথের নিম্নমানের সার্ভিসকে দোষারোপ করা প্রথা হয়ে দাঁড়িয়েছে। রেলওয়ে বছরে লোকসান দেয় গড়ে প্রায় ৫০০ কোটি টাকা। অথচ কে বা কারা, কিসের স্বার্থে আমাদের রেল খাতকে একটি শক্তিশালী খাত হিসেবে দাঁড়াতে দেয়নি, স্বাধীনতার পর থেকে এ খাতের অবকাঠামোতে কেন পর্যাপ্ত বিনিয়োগ হয়নি, কেন নতুন প্রযুক্তি আসেনি, কেন রেলপথের রক্ষণাবেক্ষণে পর্যাপ্ত অর্থ ছাড় দেওয়া হয়নি, কেন একের পর এক স্টেশন বন্ধ হয়ে গেছে, একের পর এক লাইন বন্ধ হয়েছে, কেন দক্ষ জনবল গড়ে তোলার বদলে একের পর এক শ্রমিক ছাঁটাই হয়েছে, কেন দাতাগোষ্ঠীগুলো রেলওয়ের অবকাঠামোতে টেকসই বিনিয়োগের পরিবর্তে ‘পুনর্গঠন’, ‘সক্ষমতা বাড়ানো’ বা ‘প্রাতিষ্ঠানিক সংস্কারের’ নামে বেসরকারীকরণমুখী প্রকল্পে শত শত কোটি টাকা বিনিয়োগ করেছে, কাদের ব্যবসাকে অব্যাহতভাবে লাভজনক রাখতে কেবল সড়কপথকেই অত্যধিক গুরুত্ব দেওয়া হয়েছে—এই বিশ্লেষণগুলো রয়ে গেছে উপেক্ষিত।সম্ভাবনাময় পাবলিক খাতগুলোকে ধীরে ধীরে মুমূর্ষু খাতে পরিণত করা কিন্তু নতুন নয়। আশির দশকের পর থেকে ঘাটতি ব্যবস্থাপনা এবং কাঠামোগত সংস্কারের নামে আইএমএফ এবং বিশ্বব্যাংক শিক্ষা ও স্বাস্থ্যের মতো জনগুরুত্বপূর্ণ খাতগুলো থেকে কাটছাঁট করার যে ব্যবস্থাপত্র দিয়ে যাচ্ছে বিশ্বব্যাপী, দরিদ্র দেশের রেল খাতগুলো সেই একই আত্মবিধ্বংসী সংস্কারের শিকার। আমরা ভুলিনি, বিনিয়োগের অভাবে পাটের মতো একটি সুপ্রতিষ্ঠিত এবং পরিবেশবান্ধব শিল্প কীভাবে ধ্বংস হয়ে গেছে এ দেশে। অথচ পাশের দেশের রেলওয়ে খাতটি অন্যতম বৃহত্তম লাভজনক পাবলিক খাত হিসেবে পরিচিত। পাবলিক খাত মানেই লোকসানি খাত এবং বেসরকারীকরণই এর একমাত্র সমাধান, দাতাগোষ্ঠীর এই বহুল প্রচারিত ব্যবস্থাপত্রকে ভুল প্রমাণিত করেই এগিয়ে গেছে ভারতের রেলওয়ে ব্যবস্থা। ২০০০ সালে যে রেল খাত ছিল দেনায় জর্জরিত, কিছু সময়োপযোগী ব্যবস্থাপনা, প্রযুক্তিনির্ভর এবং গণমুখী উদ্যোগ গ্রহণের মাধ্যমে সেই রেল ব্যবস্থাপনায় যুগান্তকারী পরিবর্তন আনতে সক্ষম হয়েছে ভারত সরকার। লোকসানি আওয়াজ না তুলে, মাত্র তিন বছরের মাথায় যথাযথ বিনিয়োগ করে ২০০৬ সালের মাথায় ১৩ হাজার কোটি রুপি উদ্বৃত্ত দেখিয়ে ভারতের রেল খাতকে অন্যতম বৃহত্তম এবং লাভজনক পাবলিক খাতে পরিণত করেছে ভারতের রেল মন্ত্রণালয়। অথচ এই সংস্কার করতে রেল মন্ত্রণালয়কে দাতাগোষ্ঠীর পরামর্শ অনুযায়ী রেল খাত থেকে ঢালাও শ্রমিক ছাঁটাই করতে হয়নি অথবা বিনিয়োগ উঠিয়ে নেওয়ার নামে দরিদ্র জনগণের ওপর অতিরিক্ত ভাড়ার বোঝাও চাপিয়ে দিতে হয়নি। বরং এই সাফল্য অর্জিত হয়েছে প্রায় ১৫ লাখ রেলশ্রমিক ও কর্মচারীর বিশাল জনবল বহাল রেখেই। উল্লেখ্য, ক্ষেত্রবিশেষে শীতাতপনিয়ন্ত্রিত কম্পার্টমেন্টের ভাড়া বাড়ানো হলেও নিম্ন আয়ের যাত্রীদের কাছ থেকে ভারতীয় রেলওয়ে এখনো সর্বনিম্ন হারেই ভাড়া আদায় করে থাকে! আসল কথা হলো, আর্থসামাজিক উন্নয়নে রেলযোগাযোগ-ব্যবস্থার অপরিসীম গুরুত্ব অনুধাবন করতে পেরে রেল খাতকে অবহেলা করার মতো মূর্খতা কোনো ভারত সরকারই দেখায়নি।এ কথা সবার জানা, দাতাদের পরামর্শক্রমেই বন্ধ হয়েছে একের পর এক রেললাইন। ১৯৬৯-৭০ সালে যেখানে রেলওয়েতে জনবল ছিল প্রায় ৫৬ হাজার, বর্তমানে তা কমে দাঁড়িয়েছে মাত্র ৩০ হাজারে। গত পাঁচ বছরে বন্ধ হয়ে গেছে প্রায় দেড় শ স্টেশন। স্বাধীনতার পর থেকে যমুনা সেতু থেকে বগুড়া পর্যন্ত ৯৩ কিলোমিটার নতুন রেললাইন স্থাপন করা হলেও, অন্যদিকে বন্ধ হয়ে গেছে প্রায় পৌনে ৩০০ কিলোমিটার দীর্ঘ রেলপথ। খাদ্য ও জ্বালানি তেল পরিবহন করত, এমন প্রায় ৫২টি লাইনেও সাম্প্রতিক সময়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। চালকসংকটও ভয়াবহ আকার ধারণ করেছে। এমন অরাজক পরিস্থিতিতে উপায়হীন মানুষ রেল ছেড়ে সড়কমুখী হবে, সেটাই স্বাভাবিক! তাই ঢালাওভাবে রেলকে লোকসানি খাত বলার আগে, চাহিদা থাকা সত্ত্বেও এই খাত কেন লোকসানি হলো, সার্বিক যোগাযোগব্যবস্থার উন্নয়নে রেলপথকে কেন অগ্রাধিকার দেওয়া হলো না—এসব আলোচনার প্রয়োজন রয়েছে। সড়ক দুর্ঘটনায় প্রতিবছর হাজার হাজার মানুষের মৃত্যু তাই কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। দু-চারজন চালকের শাস্তি নিশ্চিত করলে বা অবৈধ লাইসেন্স প্রদান করা বন্ধ হলেই সড়কব্যবস্থায় শৃঙ্খলা ফিরে আসবে, এমন ভাবারও কোনো কারণ নেই। বহু বছর ধরে সম্পূর্ণ সমন্বয়হীনভাবে বাণিজ্যিক উদ্দেশ্য নিয়ে যে সড়কভিত্তিক যোগাযোগব্যবস্থা গড়ে উঠেছে, বর্তমানে তার তাসের ঘরের মতো ভেঙে পড়া এটাই প্রমাণ করে যে সড়কপথের সঙ্গে রেলপথ ও নৌপথের শক্তিশালী সমন্বয় বা নেটওয়ার্ক ছাড়া যোগাযোগব্যবস্থায় নিরাপত্তা ও শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব নয়। মাহা মীর্জা: গবেষক, বিলেফিল্ড বিশ্ববিদ্যালয়, জার্মানি;মোশাহিদা সুলতানা: প্রভাষক, ঢাকা বিশ্ববিদ্যালয়।