রেলক্রসিংয়ে তাড়াহুড়ায় পারাপার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্পাদকীয়

সারা দেশে রেলক্রসিংগুলো মৃত্যুফাঁদ হয়ে আছে। রেলের উন্নয়নে হাজার হাজার কোটি টাকা খরচ করা হলেও রেলক্রসিংগুলো অরক্ষিতই থেকে যাচ্ছে। ফলে দেখতে পাচ্ছি, গত ছয় বছরে যত রেল দুর্ঘটনায় যত প্রাণহানি ঘটেছে, তার ৮৩ শতাংশই রেলক্রসিংয়ে। আহত ও অঙ্গহানি হওয়া মানুষের সংখ্যাও কম নয়। সর্বশেষ চট্টগ্রাম শহরে রেলক্রসিংয়ে ভয়াবহ দুর্ঘটনায় তিনজনের মৃত্যু ঘটল। দুই বছর আগে সিরাজগঞ্জে এক অরক্ষিত ক্রসিংয়ে দুর্ঘটনায় বর-কনেসহ প্রাণ হারান ১২ জন। এর বাইরেও প্রতিদিন কোনো না কোনো মৃত্যুর ঘটনা ঘটছে রেলক্রসিংয়ে। দুঃখজনক হচ্ছে, রেলক্রসিংয়ে একের পর এক মানুষ মারা গেলেও সরকারের কোনো কর্তৃপক্ষকে জবাবদিহি করতে হচ্ছে না। এসব হতাহতের ঘটনায় মেলে না কোনো ক্ষতিপূরণও।

রেলওয়ের তথ্য অনুসারে, সারা দেশে মোট ২ হাজার ৫৬১টি রেলক্রসিংয়ের এক হাজারের বেশির অনুমোদনই নেই। এসব ক্রসিংয়ের বেশির ভাগই এলজিইডির অধীনে থাকা সড়কে। আরও আছে পৌরসভা, ইউনিয়ন পরিষদ, সিটি করপোরেশন ও সওজের সড়কে। সব কর্তৃপক্ষ এসব সড়ক নির্মাণ, মেরামত ও তদারকিতে বছরে হাজার হাজার কোটি টাকা খরচ করলেও রেলক্রসিংগুলোর দিকে নজর দেয় না। দায়িত্ব এড়িয়ে একে অন্যের ওপর দায় চাপিয়ে দেয়। মানুষের মৃত্যুরোধের মতো বিষয়টিতে যে অগ্রাধিকার দরকার, তা তাদের কাছে গুরুত্বহীন। চূড়ান্ত বিচারে রেলক্রসিংয়ের মৃত্যুগুলো একধরনের কাঠামোগত হত্যাকাণ্ড। আমাদের দেশে যে বিচারহীনতার সংস্কৃতি গড়ে উঠেছে, সেখানে এসব মৃত্যুর ঘটনায় বিচার হওয়ার কথাও না।

সরকারি কর্তৃপক্ষের দায়িত্বহীনতা, অব্যবস্থাপনা ও পরিকল্পনার অভাবেই শুধু রেলক্রসিংয়ে এসব মৃত্যু ঘটছে না, এর জন্য মানুষের সচেতনতার অভাবও লক্ষণীয়। রেলক্রসিংয়ে লোহার গেট ফেলা হলেও সেটিকে উপেক্ষা করতে দেখা যায় মানুষকে। ট্রেন আসার আগমুহূর্তে বেপরোয়া গতিতে অনেক চালক রেললাইন পার হতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটান। চট্টগ্রামে দুর্ঘটনার ক্ষেত্রেও এমন অভিযোগ উঠেছে এক বাসচালকের বিরুদ্ধে। এ ক্ষেত্রে সাধারণ যাত্রীরাও চালকদের সতর্ক করেন না বা থামাতে উদ্যত হন না। গণপরিবহন ছাড়াও মোটরগাড়ি, মোটরসাইকেল, বাইসাইকেল ও অটোরিকশাও দুর্ঘটনার শিকার হচ্ছে। যথাযথ আইন প্রয়োগ করে বেপরোয়া যান চলাচল বন্ধ করতেই হবে। একইভাবে ঝুঁকি জেনেও তাড়াহুড়ো করে রেলক্রসিং পারাপার বন্ধ হওয়াও জরুরি।

রেলে পাথর ছোড়া বন্ধে যেভাবে গণসচেতনতা সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়, তেমন কোনো কর্মসূচি গ্রহণ করা যায় রেলক্রসিং পারাপারে সতর্ক করতে। রেল আসা-যাওয়ার এই অল্প সময়ে সামান্য অসচেতনতা বা অসতর্কতার কারণে কারও মৃত্যু ঘটুক, সেটি কোনোভাবেই কাম্য নয়।