সারা পৃথিবীতে ট্রেনকে সবচেয়ে নিরাপদ যানবাহন ভাবা হয়। একই সঙ্গে ট্রেন ভ্রমণ সাশ্রয়ীও বটে। কিন্তু বাংলাদেশে ট্রেন চলাচল ব্যবস্থা মোটেই নিরাপদ নয়। হরহামেশা দুর্ঘটনা ঘটছে। আর এসব দুর্ঘটনার প্রধান কারণ অরক্ষিত রেলক্রসিং। সারা দেশে ২ হাজার ৮৭৭ কিলোমিটার রেলপথে ২ হাজার ৫৪১টি রেলক্রসিং আছে। এর মধ্যে ২ হাজার ১৭০টিতে অর্থাৎ ৮৫ শতাংশেরই গেট বা যান নিয়ন্ত্রণ করার কোনো কর্মীও নেই।
গতকাল রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনী সদর উপজেলার ফতেহপুর রেলক্রসিংয়ে দুর্ঘটনায় ৩ ব্যক্তি নিহত ও ১১ জন আহত হন। তাঁরা সবাই ছিলেন বাসের যাত্রী। ফেনী রেলস্টেশনের জিআরপি পুলিশের উপপরিদর্শক সাইফুল ইসলাম জানিয়েছেন, যাত্রীবাহী বাসটি চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রামে যাচ্ছিল। আর ‘ঢাকা মেইল’ নামের ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রামে যাচ্ছিল। ফতেহপুর রেলক্রসিংটিতে কোনো বার না থাকায় একই সময়ে ট্রেন ও বাস মুখোমুখি হলে এ দুর্ঘটনা ঘটে।
রেলপথে অনুমোদিত ও অননুমোদিত দুই শ্রেণির ক্রসিং আছে। ফতেহপুরের ক্রসিংটি অনুমোদিত, যদিও যানবাহন পরিবহনের জন্য রেললাইনের ওপর দিয়ে ওভারপাসও নির্মিত হয়েছে। দূরপাল্লার ভারী পরিবহন ওভারপাস দিয়ে যাওয়ার কথা থাকলেও চাঁপাইনবাবগঞ্জ-চট্টগ্রামগামী বাসটি যাচ্ছিল নিচ দিয়েই। আবার স্থানীয় যানবাহনের জন্য হলেও সেখানে রেলওয়ের ক্রসিংটি চালু থাকায় সার্বক্ষণিক কর্মীও নিয়োজিত ছিলেন। কিন্তু দুর্ঘটনার সময় ক্রসিংয়ে কেউ ছিলেন না এবং রেলওয়ে বারটি অবারিতই ছিল।
তাই এটিকে নিছক দুর্ঘটনা বলা যায় না। দুর্ঘটনাজনিত হত্যা। বাসচালকের পাশাপাশি রেলওয়ে কর্তৃপক্ষকেই এর দায় নিতে হবে। রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তার নেতৃত্বে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুর্ঘটনার পর প্রতিবারই এ ধরনের তদন্ত কমিটি করা হয়। কমিটি প্রতিবেদনও দাখিল করে। কিন্তু তারপর সবকিছু আগের নিয়মেই চলে। দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। এ লোকদেখানো তদন্ত চলতে পারে না।
আমরা দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ী ব্যক্তিদের শাস্তি দাবি করছি। নিহত ব্যক্তিদের পরিবার ও আহত ব্যক্তিদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হোক। দুর্ঘটনায় যঁারা মারা গেছেন, কোনো তদন্ত বা ক্ষতিপূরণ তাঁদের ফিরিয়ে আনতে পারবে না। কিন্তু দায়ী ব্যক্তিদের জবাবদিহি ও শাস্তির আওতায় আনলে অন্তত ভবিষ্যতে রেলপথের দুর্ঘটনা কমবে।
আর কত মানুষ মারা গেলে রেলওয়ে কর্তৃপক্ষ সজাগ হবে?