রেললাইনে যানবাহন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্পাদকীয়

রাজবাড়ীর গোয়ালন্দ রেলগেটের ৫০০ মিটারের মধ্যে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) ওজন মাপার যন্ত্র রয়েছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে ঢাকামুখী পণ্যবাহী যানবাহনের ওজন সেখানে পরিমাপ করা হয়। বেশির ভাগ সময় ওজন দিতে পণ্যবাহী গাড়িগুলোকে রেলগেট পেরিয়ে পেছনে আরও এক-দেড় কিলোমিটার লম্বা লাইনের সারিতে দাঁড়িয়ে থাকতে হয়। রাজবাড়ী-গোয়ালন্দ রেললাইনে সারা দিনে বেশ কয়েকটি ট্রেন চলাচল করায় যেকোনো মুহূর্তে বড় দুর্ঘটনার ঝুঁকি সেখানে সৃষ্টি হয়েছে।

প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়-সংলগ্ন মহাসড়ক ঘেঁষে বসানো হয়েছে ওজন পরিমাপক যন্ত্রটি। দৌলতদিয়া ঘাট দিয়ে ফেরিতে নদী পাড়ি দিতে ভাড়া হিসেবে এখান থেকে পণ্যের ওজনের স্লিপ সংগ্রহ করতে হয়। গাড়ির লাইন ওজন স্কেল থেকে পেছনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পার হয়ে গোয়ালন্দ রেলগেট ছাড়িয়ে যায়। পণ্যবাহী ট্রাক-মিনিট্রাক-কাভার্ড ভ্যানের সারির সঙ্গে ঢাকামুখী অন্যান্য যানবাহন ও ঢাকা থেকে আসা যানবাহন মিলিয়ে তিনটি সারির জট তৈরি হয়। এ সময় রেললাইনের ওপর অনেক গাড়ি দাঁড়িয়ে থাকে। এর মধ্যে রেলগেটে দুর্ঘটনাও ঘটেছে।

গোয়ালন্দ রেলগেট দিয়ে কতটা ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে, সেটা দায়িত্বপ্রাপ্ত গেটকিপারের ভাষ্য থেকেই স্পষ্ট। তিনি বলেন, ‘প্রতিদিন দিনের বেলায় কয়েকবার করে গাড়ির লম্বা লাইন তৈরি হয়। ট্রেন আসার সময় আমাদের হুঁশ থাকে না। আমরা দ্রুত রেললাইনের উভয় পাশে লাল কাপড় টানিয়ে ট্রেনকে সতর্ক করে দিই। রেললাইনের ওপর থেকে গাড়িগুলোকে দ্রুত সরানোর ব্যবস্থা করতে হয়। আমরা উভয় দিক থেকে ব্যারিকেড ফেলে দিই।’

বিআইডব্লিউটিসির ওজন স্কেলের খুব কাছেই গোয়ালন্দ উপজেলা কার্যালয়, স্বাস্থ্য কমপ্লেক্সসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা। মহাসড়কে যানবাহনের এ নৈরাজ্যজনক পরিস্থিতির কারণে হাসপাতালে আসা রোগী ও তাঁদের স্বজনদের এবং সরকারি কার্যালয়ে সেবা নিতে আসা মানুষকে দুর্ভোগ পোহাতে হয়। রেলগেটের মতো দুর্ঘটনার ঝুঁকিপূর্ণ একটা জায়গায় এবং হাসপাতাল ও সরকারি দপ্তরের কাছে কেন ওজন স্কেলটি থাকতে হবে, তা আমাদের কাছে বোধগম্য নয়।

বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই গোয়ালন্দ সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ের সামনে থেকে বিআইডব্লিউটিসির ওজন মাপার যন্ত্রটি অন্যত্র সরিয়ে নেওয়া হোক। মহাসড়কে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি যাতে না হয়, তেমন পরিকল্পিত ও আধুনিক ব্যবস্থা গড়ে তুলতে হবে। আশু পদক্ষেপ হিসেবে রেললাইনের ওপর যাতে কোনোভাবেই যানবাহন না দাঁড়ায়, সে ধরনের পদক্ষেপ নেওয়া হোক।