ঢাকায় রেললাইনগুলোর দুই পাশের জমিতে ঝুঁকি নিয়ে মানুষের বসবাস ও বাজার আর কত দিন বসবে? এ নিয়ে অনেক লেখালেখি হয়েছে। রোববার প্রথম আলো পত্রিকায় আবারও খবর প্রকাশিত হয়েছে। রেললাইনের দুই পাশে ১০ ফুট জায়গা খালি রাখার নিয়ম থাকলেও ঢাকার মহাখালী, পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও ও কারওয়ান বাজারের রেললাইন ঘেঁষে গড়ে ওঠা বস্তি-দোকান-বাজারগুলো দিনের পর দিন টিকে রয়েছে।
কারওয়ান বাজার থেকে তেজগাঁও রেলগেট পর্যন্ত প্রায় আড়াই হাজার ঝুপড়ি আছে। কোথাও কোথাও রেললাইনের সঙ্গে ঘরের দরজার দূরত্ব দেড় হাতেরও কম। অল্প কিছু দখলদার এসব ঘরের মালিক। সরকারি জমি দখল করে তাঁরা এসব ঘর তুলে বিভিন্নজনের কাছে ভাড়া দিয়েছেন। রেললাইনের খুব কাছে থাকায় এসব ঘরের অনেক বাসিন্দা ট্রেন দুর্ঘটনায় হাত-পা হারিয়েছে। অনেক প্রাণহানির ঘটনাও ঘটেছে।
আমরা এখানে ২০১৪ সালের একটি দুর্ঘটনার কথা উল্লেখ করতে চাই। ওই বছরের ১১ সেপ্টেম্বর সকালে কারওয়ান বাজারে রেললাইনের ওপর মাছের বাজার বসেছিল। এ সময় একই সঙ্গে দুটো ট্রেন গেলে সেখানে একটা হুড়োহুড়ি লেগে যায়। তখন সেখানে ট্রেনের ধাক্কায় ও নিচে কাটা পড়ে চারজন নিহত হন। গুরুতর আহত হন আটজন।
এভাবে জীবনের ঝুঁকি নিয়ে মানুষ বসবাস করছে। বাজার বসছে। আর হতাহতের ঘটনা ঘটছে। অথচ এসব উচ্ছেদে যেন কারও কিছু করার নেই। আমরা দেখেছি যে রেল কর্তৃপক্ষ বিভিন্ন রেললাইনের দুই পাশের বস্তি উচ্ছেদ করলেও পরিস্থিতি বদলায়নি। কিন্তু কিছুদিন না যেতেই সেসব জায়গা ফের দখল হয়ে যায়। বস্তি উচ্ছেদ করতে গিয়ে বহু সংঘর্ষের ঘটনা ঘটেছে। আবার কিছু কিছু ক্ষেত্রে আদালতেরও নিষেধাজ্ঞা থাকে।
আমরা মনে করি, সরকার ও রেল কর্তৃপক্ষের আন্তরিকতার বিষয়টি এ ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। শুধু লোক দেখানো উচ্ছেদ নয়, উচ্ছেদের পর যাতে কেউ আবার জায়গা দখল করতে না পারে, সেই তদারকির বিষয়টিও নিশ্চিত করতে হবে। সেখানে বসবাসরত লোকজনের পুনর্বাসনে কী করা যায়, তা বিবেচনা করতে হবে। আসল কথা হচ্ছে এমন বাস্তবসম্মত পরিকল্পনা নিতে হবে, যাতে রেললাইনের দুই পাশকে এসব দখল থেকে মুক্ত রাখা যায়।