রেললাইনের বাজার উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই বাংলাদেশে মানুষের প্রাণহানি ছাড়া কোনো কর্তৃপক্ষের টনক নড়ে না। গত বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে রেলগাড়ির ধাক্কায় চারজনের মৃত্যুর পরেও তা-ই লক্ষ করা গেল। সেখানে রেললাইনের দুই পাশের মাছের বাজার তুলে দেওয়া হলো, উচ্ছেদ করা হলো বস্তি। এই লোকগুলো এখন কীভাবে জীবন-জীবিকা নির্বাহ করবে, বস্তির মানুষগুলোর আশ্রয় হবে কোথায়—এসব প্রশ্ন যেন অপ্রাসঙ্গিক।
কিন্তু এমন নিশ্চয়তা কে দেবে যে রেললাইনের দুই পাশে মাছের বাজার ও বস্তিগুলো আর কখনোই নতুন করে গড়ে উঠবে না? কারওয়ান বাজার মাছের আড়তের পাশে রেলক্রসিং থেকে তেজগাঁও ট্রাকস্ট্যান্ড পর্যন্ত রেললাইনের দুই পাশে যেসব ঘরবসতি, দোকানপাট ও মাছের আড়ত গড়ে উঠেছে, তা এক দিনের ব্যাপার নয়। কর্তৃপক্ষ এত দিন কোথায় ছিল? এই এলাকায় চলন্ত রেলগাড়ির নিচে পড়ে অথবা ধাক্কায় এর আগেও অনেক মানুষ হতাহত হয়েছে। এসব অবৈধ বাজার ও বস্তি স্থায়ীভাবে সরিয়ে ফেলার কোনো উদ্যোগ কেন নেওয়া হয়নি? কারণটা কি এই যে এগুলো থেকে নিয়মিত অর্থ আদায়
করে ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত দখলবাজ একটি চক্র? ক্ষমতাসীন দলের ছত্রচ্ছায়াতেই এসব মৃত্যুফাঁদ গড়ে উঠেছে বলেই কি কর্তৃপক্ষ নির্বিকার থেকেছে?
গত বৃহস্পতিবারের মর্মান্তিক ঘটনাটির প্রতিক্রিয়া হয়েছে তাৎক্ষণিক। বিশেষত, অত্যন্ত বিপজ্জনক মাছের বাজারটি তুলে দেওয়া জরুরি ছিল। কিন্তু এই তাৎক্ষণিক পদক্ষেপ যদি হয় নিতান্তই সাময়িক, যদি কিছুদিন পরেই আবার একই স্থানে মাছের বাজার বসতে শুরু করে, তাহলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনায় আরও বেশিসংখ্যক মানুষের প্রাণহানির পথ উন্মুক্ত করা হবে। এমন সম্ভাবনাও প্রবল যে এবার মাছের বাজারে যেসব গরিব মানুষ মাছের ডালি নিয়ে জীবিকার তাগিদে বসবেন, তাঁদের কাছ থেকে টাকা নেওয়া হবে আরও বেশি হারে। এটা যেন না ঘটে, আবার যেন নতুন করে বাজার না বসে, তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।