রেলসেতুতে ঝুঁকিপূর্ণ যাতায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্পাদকীয়

গ্রামের মধ্য দিয়ে রেললাইন ‘বয়ে’ চলেছে। মাঝপথে দুই-আড়াই মিটার দৈর্ঘ্যের কালভার্টের মতো একটি সেতু। সেই খুদে সেতুর ওপর দিয়ে ট্রেন যায়। ট্রেন আসে। শুধু ট্রেনের যাওয়া-আসার জন্যই সেতুটি বানানো হয়েছে। কিন্তু তার ওপর দিয়েই সাইকেল, রিকশা, ইজিবাইক, ঘোড়ার গাড়ি চলাচল করছে। রেলের স্লিপারে যদি এসব যানের চাকা কখনো আটকে যায়, আর সেই মুহূর্তে যদি দ্রুতগতির ট্রেন ছুটে আসে, তাহলে দুর্ঘটনা নিশ্চিত। একে তখন ‘বলেকয়ে আসা বিপদ’ বলা ছাড়া উপায় থাকবে না। এই বিপদ যে আসতে পারে, তা সবাই বুঝতে পারছে। কিন্তু বিকল্প কোনো রাস্তা নেই। যেহেতু প্রয়োজন আইন মানে না, তাই জীবন ও যান (বাহন অর্থে) হারানোর ঝুঁকি নিয়েই লোকজন ওই সেতুতে যানবাহন নিয়ে উঠছেন।

রাজবাড়ীর গোয়ালন্দ বাজার ও গোয়ালন্দ ঘাট রেলওয়ে স্টেশনের মধ্যকার শ্মশানঘাট এলাকায় সেতুটির অবস্থান। প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে সেখান দিয়ে যাত্রী ও যানবাহন চলাচল করছে। এলাকাবাসীকে সম্ভাব্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা করতে ওই রেলসেতুর পাশে এক বছর আগে প্রায় ২২ লাখ টাকা ব্যয়ে আরেকটি সেতু বানানো হয়েছে। সেই সেতু কিছুদিন ব্যবহার করা গেলেও এখন আর কাজে আসছে না। কারণ, নতুন সেতুটির দুই পাশের সংযোগ সড়কের মাটি সরে গেছে। সংযোগ সড়কের দুই পাশে প্রতিরক্ষা দেয়াল (গাইড ওয়াল) না থাকায় বৃষ্টি ও বন্যায় মাটি ধুয়ে নেমে গেছে। এতে গাড়িঘোড়া সেতুতে ওঠানামা করতে পারছে না। বাধ্য হয়ে যাত্রী ও চালকেরা আগের মতোই ঝুঁকি নিয়ে রেলসেতু ব্যবহার করে যাতায়াত করছেন।

নতুন সেতুর দুই পাশের রাস্তায় গাইড ওয়াল করলে এবং রাস্তাটি আরেকটু চওড়া করলে এলাকাবাসী অনায়াসে ও নিশ্চিন্তে যাওয়া-আসা করতে পারবেন। এই কাজের জন্য বড় কোনো বরাদ্দেরও প্রয়োজন নেই। এখানে প্রধানত প্রয়োজন সদিচ্ছার।

বর্তমানে যেভাবে রেলসেতুর ওপর দিয়ে যানবাহন যাওয়া-আসা করছে, তাতে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। যেকোনো সময় প্রাণহানি হতে পারে। এ কারণে যত দ্রুত সম্ভব নতুন সেতুর সংযোগ সড়ক ঠিক করে দেওয়া জরুরি।