সারা দেশে নাশকতা সৃষ্টিকারীদের লক্ষ্য সুনির্দিষ্ট। তারা রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের কৌশল নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং রাষ্ট্রীয় যোগাযোগব্যবস্থা, প্রতিষ্ঠান ইত্যাদির ওপর হামলা চালিয়ে আসছে। জনজীবনকে বিপর্যস্ত করাই ছিল তাদের উদ্দেশ্য। অথচ পুলিশ এসব ঘটনায় যেসব মামলা করেছে, সেসবের লক্ষ্যটা অনির্দিষ্ট। বেশির ভাগ ক্ষেত্রেই নাশকতাকারীদের ‘দুর্বৃত্ত’ বলে চালিয়ে দেওয়া হয়েছে। তদন্তের পরও অনেক ক্ষেত্রে নাশকতার হোতাদের টিকিটিও খুঁজে পায়নি পুলিশ। এসব আলামত থেকেই তদন্তে পুলিশের নিষ্ঠা ও দক্ষতা নিয়ে সন্দেহ সৃষ্টি হতে পারে। ধারাবাহিকভাবে দেশের রেল যোগাযোগব্যবস্থা বিপর্যস্ত করা, রেললাইন উপড়ে ফেলা, ট্রেনে আগুন ধরানো, রেলসেতু ভেঙে ফেলা, রেললাইনে গ্রেনেড-বোমা পুঁতে রাখার মতো ঘটনা ঘটছে। কেবল রেলেই নাশকতা হয়েছে ১০৭টি। এর মধ্যে ছয়টির তদন্ত হয়েছে। শুধু সাতটি ঘটনায় তদন্ত কমিটি গঠিত হয়েছে। আর তদন্তের সব প্রতিবেদনেই দুর্বৃত্তদের দায়ী করা হয়েছে। রেলের কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বে গাফিলতি চিহ্নিত হয়নি। এমনকি প্রতিকারের জন্য সুনির্দিষ্ট সুপারিশও দেওয়া হয়নি। রেলওয়ের পূর্বাঞ্চলে পুলিশ এ পর্যন্ত ৭৩ জনকে গ্রেপ্তার করেছে। কিন্তু তারা কাদের সহযোগিতায় এসব হামলা করেছে, তা উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। যেখানে সাধারণ মানুষও বুঝতে পারছে যে চিহ্নিত রাজনৈতিক গোষ্ঠীই এসব হামলার সঙ্গে জড়িত, সেখানে রেল পুলিশ নিজে অন্ধকারে থাকবে, তা তো হতে পারে না। রেলের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গত শুক্রবারের প্রথম আলোকে বলেছেন, ‘দুর্বৃত্তরা’ আসলে জামায়াত-শিবির। উল্লেখ্য, প্রতিটি ঘটনাই ঘটেছে জামায়াত অথবা বিএনপির ডাকা হরতালের সময়। তার পরও ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে পেতে অসুবিধা হচ্ছে কেন? সঠিক তদন্ত ও আটকের মাধ্যমে যেমন নাশকতার শক্তিকে প্রতিহত করা যাবে, তেমনি রেলকর্মী থেকে শুরু করে যাত্রী ও জনগণের মধ্যে আস্থা ফিরে আসবে। যত দ্রুত তা করা হবে, ততই রেলেরও মঙ্গল, দেশেরও মঙ্গল। দায়সারা ব্যবস্থা নেওয়া এবং ফাঁকিজুঁকির তদন্তে দেশবাসী যেমন আশ্বস্ত হবে না, তেমনি রেলকেও বাঁচানো যাবে না।