তিন বছর আগেই রেলের ভাড়া ৫০ শতাংশ বাড়ানো হয়েছে। এখন আবার সাড়ে ৭ শতাংশ বাড়ানোর প্রস্তাব তোলায় বিরূপ জনপ্রতিক্রিয়া লক্ষ করা যাচ্ছে। পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) ও ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট (ডব্লিউবিবি) নামের দুটি সংগঠন গত সোমবার ঢাকায় এক যৌথ সংবাদ সম্মেলনে রেলের যাত্রীভাড়া না বাড়ানোর বিকল্প কিছু উপায় বাতলেছে, যেগুলো সরকারের আমলে নেওয়া উচিত।
রেলের যাত্রীভাড়া বাড়ানোর প্রস্তাবের যুক্তি হিসেবে রেল কর্তৃপক্ষ আবারও লোকসান কমানোর লক্ষ্য সামনে এনেছে। ২০১২ সালেও ৫০ শতাংশ ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল রেলের লোকসান কমানো এবং যাত্রীসেবা বাড়ানোর উদ্দেশ্যে। এই তিন বছরে যাত্রীসেবার মান বাড়েনি, যাত্রীদের ব্যয়ভার যে হারে বেড়েছে, কিন্তু রেলের লোকসান তেমন কমেনি। এবার সাড়ে ৭ শতাংশ যাত্রীভাড়া বাড়িয়ে রেলের বিপুল অঙ্কের লোকসান কমানোর ভাবনা আগেরবারের চেয়ে অনেক বেশি অবাস্তব।
একসময় এ দেশের পণ্য পরিবহনের প্রধান পথ ছিল রেলপথ। যাত্রী বহনের তুলনায় পণ্য পরিবহন থেকে রেলের আয় তখন অনেক বেশি ছিল। এখন রেল হয়েছে অতিমাত্রায় যাত্রীনির্ভর, কিন্তু যাত্রীভাড়া থেকে রেলের আয় একেবারেই সামান্য। কাজেই ভাড়া বাড়িয়ে বিপুল পরিমাণ লোকসান কমানো অসম্ভব।
রেলের বার্ষিক লোকসান ৯০০ কোটি টাকা। এটা কমাতে চাইলে রেল কর্তৃপক্ষ ও সরকারকে প্রথমেই লোকসানের কারণগুলো চিহ্নিত করতে হবে। তারপর সেই কারণগুলো দূর করার কার্যকর পদক্ষেপ নিতে হবে। রেলের লোকসানের প্রধান কারণ অদক্ষতা, অপচয়, দুর্নীতিসহ সার্বিক অব্যবস্থাপনা। ব্যবস্থাপনা উন্নত করে ও সেবার মান বাড়িয়ে লোকসান কমানো শুধু নয়, রেলকে লাভজনক করা সম্ভব। রেলের বিপুল পরিমাণ ভূসম্পত্তি বেদখল হয়ে আছে, প্রচুর অর্থ পাওনা আছে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে। সম্পত্তি উদ্ধার ও পাওনা টাকা আদায়, সম্পদের সুষ্ঠু ব্যবহার, পণ্য পরিবহন বাড়ানোর উদ্যোগ, লোকোমোটিভ ও কোচ তৈরির সক্ষমতা অর্জন এবং পরিচালনব্যবস্থা যুগোপযোগী করা হলে বাংলাদেশ রেলওয়ের পক্ষে অবশ্যই স্বনির্ভর হয়ে ওঠা সম্ভব।