দক্ষিণাঞ্চলীয় রেশমপথ আবার চালু করার বিষয় নিয়ে এখন কথাবার্তা চলছে বেশ জোরেশোরে। এ ব্যাপারে বেশি আগ্রহ চীনের, যেখান থেকে দুই হাজার ২০০ বছরেরও বেশি সময় আগে এই পথের সূত্রপাত হয়েছিল এবং মিয়ানমার, বাংলাদেশ ও ভারত হয়ে মধ্যপ্রাচ্য পর্যন্ত পৌঁছেছিল। চীনের নতুন প্রধানমন্ত্রী লি কে ছিয়াং দায়িত্বভার গ্রহণের পর তাঁর প্রথম বিদেশ সফরে গত মে মাসে যখন দিল্লি যান, তখন সবচেয়ে বেশি গুরুত্ব পায় এই ঐতিহাসিক বাণিজ্যিক রুট আবার চালুর প্রসঙ্গটি। তাঁর সফরের সময় দুই দেশের মধ্যে যে কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হয়, তার মধ্যে একটি বাংলাদেশ-চীন-ভারত-মিয়ানমার অর্থনৈতিক করিডর চালুর সম্ভাব্যতা যাচাই-সম্পর্কিত। ভারতের পাশাপাশি বাংলাদেশ ও মিয়ানমারের সঙ্গেও দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় ফোরামে চীন বিষয়টি নিয়ে কথাবার্তা বলছে। বাংলাদেশের সঙ্গে বিভিন্ন সময় চীন নতুন করে এ সড়ক তৈরিতে সহায়তায় তার প্রস্তুতির কথাও জানিয়েছে। সর্বশেষ পররাষ্ট্রসচিবের নেতৃত্বে গত মাসে বাংলাদেশের আন্তমন্ত্রণালয় প্রতিনিধিদলের চীন সফরকালে এটি আলোচ্যসূচির শীর্ষ ভাগে স্থান পায় এবং সহায়তা প্রদানে চীন তার প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করে।তবে কথাবার্তা আর কাগুজে কাজের বাইরে এ সড়ক আবার চালুর ক্ষেত্রে কিছু বাস্তবিক কাজও হয়েছে। এ চারটি দেশের বিশেষজ্ঞরা এ সড়ক বিষয়ে একটি মাঠ-জরিপ শুরু করেন গত বছরের ফেব্রুয়ারিতে। চীনের রেশম-বাণিজ্যকে কেন্দ্র করে হান রাজবংশের সময় অর্থাৎ খ্রিষ্টপূর্ব দ্বিতীয় শতাব্দীতে সূচিত এ সড়ক বিভিন্ন স্থানে হারিয়ে গেছে। সড়কটি খুঁজে বের করতে গত ২২ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত চারটি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় একটি কার র্যালি, যেটি ভারতের কলকাতা থেকে শুরু হয়ে বাংলাদেশ ও মিয়ানমারের ভেতর দিয়ে চীনের কুনমিংয়ে এসে শেষ হয়। নতুন দক্ষিণাঞ্চলীয় রেশমপথের স্পষ্ট অবয়ব এখনো না দাঁড়ালেও কার র্যালির সফল সমাপ্তির মধ্য দিয়ে এটা প্রমাণিত হয়েছে যে কার র্যালির পথ ধরে নতুন সড়ক তৈরি করা সম্ভব। মনে করা হচ্ছে, নতুন এই দক্ষিণাঞ্চলীয় রেশমপথ চীন ও দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক উন্নয়নে ব্যাপকভাবে সহায়ক হবে এবং এর উপকার ভোগ করবে এই সড়ক-অঞ্চলে বসবাসকারী বিশ্বের প্রায় এক-তৃতীয়াংশ জনসংখ্যা। উন্নয়নের ছোঁয়া লাগবে এ সড়কের সঙ্গে সরাসরি যুক্ত নয় অঞ্চলের এমন দেশগুলোতেও। কারণ, তারাও এর সঙ্গে যুক্ত হবে পরোক্ষভাবে। তবে এ সড়ক নির্মিত হলে বাংলাদেশ যে ব্যাপকভাবে উপকৃত হবে, তা বলার অপেক্ষা রাখে না। চীন এখন বাংলাদেশের প্রধান আমদানি উৎস। ২০১২ সালে বাংলাদেশ চীন থেকে প্রায় নয় বিলিয়ন ডলার মূল্যের পণ্য আমদানি করে। অন্যদিকে, চীনে বাংলাদেশ থেকে আমদানি এখন পর্যন্ত খুব বেশি না হলেও (২০১২ সালে ছিল এক বিলিয়ন ডলারেরও কম) ভবিষ্যতে তা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। শ্রমমূল্য বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে চীনে পোশাক উৎপাদন অনেক ব্যয়বহুল হয়ে উঠেছে এবং দেশটির পোশাক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা, বিশেষ করে খুচরা বিক্রেতারা মনে করছেন, বাংলাদেশ দেশটির ৩০০ বিলিয়ন ডলারের অভ্যন্তরীণ তৈরি পোশাক বাজারের একটা বড় অংশ দখল করতে পারে।নতুন এ সড়কের অর্থনৈতিক উপকারিতা সম্পর্কে সংশ্লিষ্ট সব দেশই সম্যকভাবে অবগত। বাংলাদেশ ছাড়া দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোরও অন্যতম বৃহত্তম বাণিজ্যিক অংশীদার চীন। পণ্য পরিবহনে নৌপথ সস্তা হলেও সময়সাপেক্ষ। তাই সময়ের কারণে বহু পণ্য চীন ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পরিবহন করতে হয় বিমানে, যেটার ব্যয় সমুদ্র বা সড়ক পরিবহনের কয়েক গুণ। নতুন রেশমপথ চালু হলে এখন বিমানে যেসব পণ্য পরিবহন হচ্ছে, তার সিংহভাগ সেখান দিয়ে পরিবহন করা সম্ভব হবে। দক্ষিণাঞ্চলীয় রেশমপথ আবার চালু হলে সেটা এই অঞ্চলের পর্যটন খাতেরও উন্নয়নকে বেগবান করবে। ব্যয়বহুল বিমানপথের বদলে কম খরচে অনেকে সড়কপথে অঞ্চলের দেশগুলোর মধ্যে যাতায়াত করতে পারবে।তবে এ পথ দিয়ে অর্থনৈতিক যোগাযোগের বাইরে সামাজিক-সাংস্কৃতিক আদান-প্রদানও বাড়বে, যেমনটি ঘটেছিল প্রাচীন রেশমপথের ক্ষেত্রে। দক্ষিণাঞ্চলীয় ও উত্তরাঞ্চলীয় উভয় রেশমপথ বাণিজ্যকে কেন্দ্র করে সূচিত হলেও, এ সড়ক দুটি চীন, ভারত উপমহাদেশ, পারস্য ও আরব অঞ্চল এবং ইউরোপের সভ্যতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এ পথ ধরে সাংস্কৃতিক ও ধর্মীয় আদান-প্রদান হয়েছিল ব্যাপক; বৌদ্ধ, খ্রিষ্ট, ইসলাম, ইহুদি ও জরথুস্ত্র ধর্ম বিস্তৃত হয়েছিল ইউরেশিয়াজুড়ে।অবশ্য এ সড়ক চালুর কাজ যে খুব দ্রুত এগোবে না, সে অনুমান এখনই করা যায়। কারণ, সংশ্লিষ্ট দেশগুলো এটার জন্য শুধু অর্থনৈতিক বিবেচনাটা করবে; রাজনৈতিক ভাবনা ভাববে না, এমনটি মনে করার কারণ নেই। এক দেশের সঙ্গে আরেক দেশের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হলে, তা তৃতীয় দেশের রাজনৈতিক স্বার্থকে কীভাবে প্রভাবিত করবে, সে প্রশ্নটি বড় হয়ে দেখা দেবে চূড়ান্তভাবে এটি চালু করার আগে, বিশেষ করে চীন ও ভারতের মতো দুটি প্রতিদ্বন্দ্বী দেশ যখন আছে এ প্রকল্পের কেন্দ্রে। এ দুটি দেশের মধ্যেই চলে এই অঞ্চলের দেশগুলোর ওপর প্রভাব বিস্তারের প্রতিযোগিতা।আশার কথা হলো, রাজনৈতিক উদ্বেগ সত্ত্বেও এ সড়কটির প্রয়োজনীয়তা কেউ অস্বীকার করতে পারবে না। বিশ্বজুড়ে উন্মুক্ততার এ যুগে কোনো দেশের সঙ্গে কানেকটিভিটিকে (সংযোগ) কোনো দেশই উপেক্ষা করতে পারবে না নিজের স্বার্থেই। যোগাযোগই এখন উন্নয়নের অন্যতম প্রধান নিয়ামক। বিশ্বের আনুষঙ্গিক কারিগরি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ডিএইচএল গত বছর এক প্রতিবেদনে বলেছিল, শুধু দেশে দেশে আরও ব্যাপকভিত্তিক সংযোগ স্থাপনের মাধ্যমে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি বর্তমানের তুলনায় দ্বিগুণ করা যেতে পারে। এই অনুমানকে শতভাগ যথার্থ বলে কবুল না করলেও দেশে দেশে সংযোগ যে অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক মাত্রায় সহায়ক হয়, তা অস্বীকার করার জো নেই। অর্থনীতিতে এমন সংযোগের ফল কী, তার বড় উদাহরণ ইউরোপ। তাই যত আগে সড়কটি হবে, এ অঞ্চলের মানুষের ততই মঙ্গল।শিহাবুর রহমান: সাংবাদিক, বর্তমানে বেইজিংয়ে চায়না ইন্টারন্যাশনাল রেডিওতে কর্মরত।