রোগী ভাগিয়ে নেওয়া বন্ধ করা হোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল প্রথম আলোয় জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট থেকে রোগী ভাগিয়ে নেওয়ার যে খবর ছাপা হয়েছে, তা কেবল একটি প্রতিষ্ঠানের সমস্যা নয়, প্রায় সব সরকারি হাসপাতালে আসা রোগীরা কমবেশি একই বিড়ম্বনার শিকার হন। অনেক সময় দালালেরা সেখান থেকে রোগী ভাগিয়ে নিয়ে জোর করে বেসরকারি হাসপাতালে ভর্তি করান। ২৫০ শয্যার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে প্রতিদিন বহির্বিভাগে ৯০০ থেকে ১ হাজার ২০০ রোগী সেবা নিয়ে থাকেন। ফলে সেখানে দালালদের উৎপাত থাকা অস্বাভাবিক নয়। অস্বাভাবিক হলো এসব দেখেও না দেখার ভান করা।
নানাবিধ সমস্যা ও অব্যবস্থা সত্ত্বেও দরিদ্র ও স্বল্প আয়ের মানুষের চিকিৎসার জন্য সরকারি হাসপাতালই একমাত্র ভরসা। কিন্তু সেখানে নির্বিঘ্নে চিকিৎসা নেওয়ার উপায় নেই। বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ সরকারি হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে আনার জন্য একশ্রেণির দালাল নিয়োগ করে, যাঁদের সঙ্গে চিকিৎসক ও সরকারি হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশ থাকে। এমন অভিযোগও আছে যে রোগীরা যাতে বেসরকারি হাসপাতালে যেতে বাধ্য হন, সে জন্য সরকারি হাসপাতালেও রোগ পরীক্ষার যন্ত্রপাতিও অকেজো করে রাখা হয়। একেই বলে ‘চোরে চোরে মাসতুতো ভাই’।
অত্যন্ত পরিতাপের বিষয়, এই অনৈতিক ও বেআইনি কাজে যঁারা লিপ্ত আছেন, তঁাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেখা যায় না। গণমাধ্যমে কোনো হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে নেওয়ার খবর ছাপা হলে কিছুদিন কর্তৃপক্ষ লোক দেখানো তৎপরতা চালায়। তারপর ফের সবকিছু আগের মতোই চলতে থাকে। চিকিৎসাপ্রার্থীদের হয়রানি বন্ধ হয় না।
আমরা মনে করি, সমস্যার মূলে হাত দিতে হবে। কেবল দু–চারজন দালালকে গ্রেপ্তার করলে সমস্যার সমাধান হবে না, দালালদের নিয়োগদাতাদের পাকড়াও করে কঠিন শাস্তি দিতে হবে। চিকিৎসাসেবার নামে যেসব প্রতিষ্ঠান এ ধরনের বেআইনি কাজ করে থাকে, তাদের লাইসেন্স বাতিল করতে হবে।