চিকিৎসক কেবল অধীত জ্ঞান ও যন্ত্রপাতি দিয়ে রোগীর চিকিৎসা করেন না, তার সঙ্গে তাঁকে যুক্ত করতে হয় মনন, আবেগ ও সংবেদনশীলতা। তাঁকে রোগনির্ণয়ের পাশাপাশি রোগীর সামাজিক, আর্থিক অবস্থান ও মনমানসিকতাও বুঝতে হয়। যে চিকিৎসক সেটি অনুধাবন করে যথাযথ ব্যবস্থা নেন, তিনিই কুশলী চিকিৎসক। গত মঙ্গলবার দক্ষিণ এশিয়ায় বিকাশমান স্বাস্থ্য ও সামাজিক সমস্যাবিষয়ক সম্মেলনে দেশ-বিদেশের চিকিৎসকদের কণ্ঠে এসব কথাই উঠে এসেছে।
বাংলাদেশের চিকিৎসকদের সংখ্যা এবং চিকিৎসাসেবার ব্যাপ্তি বেড়েছে। আন্তর্জাতিক মানের বিশেষজ্ঞ চিকিৎসকও দেশে আছেন। কিন্তু আমাদের দেশে চিকিৎসকদের বিরুদ্ধে সাধারণ অভিযোগ, তাঁরা রোগীদের সময় দেন না, রোগীর কথা শোনেন না। যদি চিকিৎসক রোগীকে সময়ই না দেন, তাঁর কথা না শোনেন, তাহলে তাঁকে বুঝবেন কীভাবে? আর রোগীকে না বুঝলে রোগের চিকিৎসা করাও যে কঠিন, সে কথা বলার অপেক্ষা রাখে না।
এ ক্ষেত্রে চিকিৎসকেরা রোগীর আধিক্যকে দায়ী করেন। কোনো কোনো ক্ষেত্রে সেটি সত্য হতেও পারে। কিন্তু রোগীর প্রতি রূঢ় আচরণ এবং রোগীকে তুচ্ছতাচ্ছিল্য করার যেসব অভিযোগ আছে, তা–ও একেবারে অসত্য নয়। কোনো কোনো চিকিৎসকের আচরণ অমানবিকতার পর্যায়ে পড়ে।
স্বীকার করি, অন্যান্য সেবা খাতের মতো চিকিৎসায়ও বাণিজ্যিকীকরণ বেড়েছে। কিন্তু সেটি এমন পর্যায়ে যেতে পারে না, যেখানে মানবিকতা ও সংবেদনশীলতা উপেক্ষিত হয়। মনে রাখা প্রয়োজন, অনেক সময় চিকিৎসকের সংবেদনশীলতা, মানবিক আচরণও রোগীকে সুস্থ করে তোলে, মনের সাহস বাড়ায়। উন্নত চিকিৎসা–সরঞ্জাম মানবতার বিকল্প নয়, পরিপূরক মাত্র।
এই সম্মেলনে নেপালের সাবেক স্বাস্থ্যমন্ত্রী বংশীধর মিশ্র যে রোগীকে ‘কেস’ হিসেবে না দেখে মানুষ হিসেবে দেখার পরামর্শ দিয়েছেন, সেটি দশ কথার এক কথা। অন্য বক্তারা যে চিকিৎসক ও রোগীর মধ্যে সমবেদনা ও আস্থার সম্পর্ক গড়ে তোলার কথা বলেছেন, তা–ও গুরুত্বপূর্ণ। আমাদের চিকিৎসকেরা এই মানবিক মূল্যবোধ সমুন্নত রাখলে রোগীদের সঙ্গে হার্দিক সম্পর্ক গড়ে উঠবে, যা রোগের চিকিৎসার জন্য অপরিহার্য উপাদান হিসেবে বিবেচিত।