রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে বহু বছর ধরে সমস্যাগ্রস্ত বাংলাদেশের পাশে দাঁড়াতে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যান রিচার্ডের অঙ্গীকারকে আমরা স্বাগত জানাই। গত নভেম্বরে মিয়ানমার সফরকালে প্রেসিডেন্ট বারাক ওবামা প্রথমবারের মতো নির্দিষ্টভাবে প্রেসিডেন্ট থেইন সেইনের সঙ্গে আলোচনায় রোহিঙ্গাদের দুঃখ-কষ্টের কথা উল্লেখ করেন। কিন্তু দুই মাস পেরিয়ে গেলেও রোহিঙ্গা-সংকটের বিষয়টি আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণে ব্যর্থ হয়েছে। ‘গণতন্ত্রের কন্যা’ অং সান সু চিও রোহিঙ্গা বিষয়ে আশ্চর্য রকম নীরবতা পালন করে চলেছেন।
মিয়ানমার সরকার গত বছর জাতিসংঘে দাঁড়িয়ে যখন বৈষম্যমূলক রোহিঙ্গানীতি ঘোষণা করে, তখন আমরা বেদনার সঙ্গে লক্ষ করেছি যে আন্তর্জাতিক সম্প্রদায় যথাযথ গুরুত্ব ও সংবেদনশীলতার সঙ্গে এর প্রতিবাদ করেনি। রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনের বিষয়টি বরাবরই বাংলাদেশ আলোচনার মাধ্যমে সুরাহা করতে সচেষ্ট ছিল ও আছে। যদিও রূঢ় বাস্তবতা হলো যে যতজন শরণার্থী মিয়ানমারে ফেরত গিয়েছেন, ওপার থেকে এসেছেন তার চেয়ে অনেক বেশি। অঘোষিতভাবে, আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগের প্রায় আড়ালে বাংলাদেশ দীর্ঘকাল ধরে মিয়ানমারের সরকারি বাহিনীর দ্বারা মানবাধিকার লঙ্ঘনের শিকার হওয়া লাখো রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে। এতে আমাদের অর্থনীতি ও পরিবেশের ওপরও চাপ বেড়েছে।
রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক চাপ দেওয়ার পক্ষে যুক্তরাষ্ট্রএর পরিপ্রেক্ষিতে মিয়ানমার ‘বাঙালি’ হিসেবে পরিচিত হতে অনাগ্রহী রোহিঙ্গা নাগরিকদের জন্য ডিটেনশন ক্যাম্প খোলার সিদ্ধান্ত ঘোষণা করে। কিন্তু আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ করি যে মানবাধিকারের এ রকম একটি পদ্ধতিগত ও গুরুতর লঙ্ঘনের বিরুদ্ধে উন্নত বিশ্বের নেতারা, যাঁরা বিশ্বের অনেক বিরোধপূর্ণ ইস্যুতে সোচ্চার হন এবং সক্রিয় ভূমিকা পালনে অগ্রণী থাকেন, তাঁরা প্রায় নীরবই থাকেন। বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএস) সেমিনারে মি. রিচার্ড বলেছেন, রাখাইন প্রদেশের পরিস্থিতি আর এড়িয়ে চলা সম্ভব নয়। আমরা আশা করব, যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায় মানবাধিকার সমুন্নত রাখার স্বার্থেই মিয়ানমারের ওপর চাপ বাড়াতে উপযুক্ত পদক্ষেপ নেবে।