রোহিঙ্গা সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিপক্ষীয় ভিত্তিতে চলমান সংকট মোচনের কোনো চেষ্টার দিকে তাকিয়ে থাকার কোনো অর্থ আছে বলে মনে হয় না। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর এই উপলব্ধি যথার্থ যে দেশটির ওপর চাপ কমালে তারা আসলে কিছুই করবে না। ইউরোপীয় ইউনিয়নসহ কিছু দেশ মিয়ানমারের ওপর যে সীমিত নিষেধাজ্ঞা আরোপ করেছে, তা যথার্থ হলেও পর্যাপ্ত নয়। এ ধরনের পদক্ষেপ বরং আরও আগে নেওয়ার দরকার ছিল। কিন্তু যখন তারা মানবতাবিরোধী চরম অপরাধ সংঘটন করে ফেলেছে, তখন তাকে সুনির্দিষ্ট সময়সীমা দিয়ে বাধ্য করা ছাড়া অন্য বিকল্প নেই।

সময় দ্রুত গড়িয়ে যাচ্ছে। বিশ্ব সম্প্রদায়কে এটা মনে রাখতে হবে যে রোহিঙ্গা শরণার্থীদের রক্ষা ও তাদের আশ্রয় দিতে বাংলাদেশ সাময়িকভাবে সক্ষম হলেও দীর্ঘ মেয়াদে বা চূড়ান্ত বিচারে তা মোকাবিলার সামর্থ্য রাখে না। বাংলাদেশের সর্বাত্মক ও আন্তরিক চেষ্টা সত্ত্বেও পরিস্থিতি শোচনীয়ভাবে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

এখন আন্তর্জাতিক সম্প্রদায়কে যা জরুরি ভিত্তিতে বিবেচনায় নিতে হবে, তা হলো মিয়ানমার বাংলাদেশের অন্যতম প্রতিবেশী, যার সঙ্গে অভিন্ন সীমান্ত রয়েছে। দেশটির সঙ্গে  দ্বিপক্ষীয় সংলাপের পথ বন্ধ করে দেওয়ার মতো চরম পদক্ষেপ এড়িয়ে চলার গুরুত্বও কম নয়। কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষে এটা মারাত্মক ভুল হবে, যদি তারা দ্বিপক্ষীয় আলোচনার কোনো ফলাফলের ওপর এই ভয়াবহ সংকটের একটা কিনারা হওয়ার বিষয়ে ভরসা করে বসে।

স্বরাষ্ট্রমন্ত্রীর মিয়ানমার সফর এটা নিশ্চিত করেছে যে বাংলাদেশ সব পর্যায়ে সমস্যাটির এক শান্তিপূর্ণ সমাধানে চেষ্টা করে যাচ্ছে। এই সফর থেকে কার্যকর কোনো ফল মিলবে, তা খুব প্রত্যাশিত ছিল না। মিয়ানমারের অভিবাসনমন্ত্রী থেইন সু বলেছেন, প্রত্যাবাসনে রাজি হওয়া মানে তাদের নাগরিক হিসেবে মানা নয়। সুতরাং, তারা তাদের গণহত্যামূলক নীতি থেকে একচুলও নড়েনি।

এমন পরিস্থিতি মোকাবিলার দায় তাই নিরাপত্তা পরিষদসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের। এই সমস্যার সমাধানে নিরাপত্তা পরিষদ উপযুক্ত সিদ্ধান্ত পাস ও তার বাস্তবায়নে উদ্যোগী  হবে, সেটাই প্রত্যাশিত। একই সঙ্গে বিশ্ব সম্প্রদায়ের উচিত এ ধরনের যেকোনো উদ্যোগের সমর্থনে এগিয়ে আসা।